কোকোর ‘পাচার করা’ টাকা জব্দে বাংলাদেশ ব্যাংকের আবেদন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা ২০ কোটি ৮৫ লাখ টাকা ফিরিয়ে আনার আবেদন করেছে বাংলাদেশ ব্যাংক।ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী এ আবেদন করেন। গতকাল এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য থাকলেও আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ আগস্ট শুনানির নতুন দিন ধার্য করেন আদালত। আরাফাত রহমানের পক্ষে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করে আদালতকে বলেন, কোকো সরকারের অনুমতি নিয়ে বিদেশে চিকিৎসাধীন। সরকার তাঁর মুক্তির মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে। তা ছাড়া মামলার বিষয় নিয়ে আইনগত আলোচনা করা প্রয়োজন।আদালত সূত্রে জানা যায়, কোকোর পাচার করা টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে অনুরোধ করে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম গত ২৯ জুন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর চিঠি দেন। এরপর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ১২ জুলাই পাচার করা টাকা ফিরিয়ে আনার জন্য আরাফাত রহমানের নামে সিঙ্গাপুরে পাচার করা টাকা মানি লন্ডারিং আইনে জব্দ করার আবেদন করেন।মামলার অন্য আসামি বিগত চারদলীয় জোট সরকারের নৌপরিবহনমন্ত্রী প্রয়াত আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ওরফে সায়মনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। গত ১৫ ফেব্রুয়ারি সায়মনের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারি করা হয়। কিন্তু সায়মনকে গ্রেপ্তার করা সম্ভব না হওয়ায় আদালত তাঁকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। দুদক গত বছরের ১৭ মার্চ কোকোকে আসামি করে অর্থ পাচারের ওই মামলা করে। দুদক তদন্ত করে গত ১২ নভেম্বর কোকো ও সায়মনের বিরুদ্ধে ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগপত্র দেয়।