কোকড়াঝাড়ে নতুন করে সহিংসতায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের কোকড়াঝাড় জেলায় গতকাল সোমবার রাতে নতুন করে সহিংসতার খবর পাওয়া গেছে। এতে অন্তত তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে সাম্প্রতিক এ জাতিগত সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার পিটিআইয়ে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।আসামের পুলিশের মহাপরিদর্শক এল আর বিষ্ণু বলেন, কোকড়াঝাড় থানার অধীনে রানীবুলি গ্রামে বোড়ো আদিবাসী দুর্বৃত্তরা নির্বিচারে আগুন দেয়। এতে তিনজন নিহত ও দুজন গুরুতর আহত হয়।আহত ব্যক্তিদের গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কোকড়াঝাড় জেলায় নতুন করে কারফিউ জারি করা হয়েছে। অন্যদিকে পার্শ্ববর্তী জেলা চিরাংয়ে এখনো অনির্দিষ্টকালের জন্য কারফিউ বহাল রয়েছে। সেখানেও নতুন করে সহিংসতা ঘটার খবর পাওয়া গেছে। আইজিপি বিষ্ণু বলেন, কিছু বাড়িঘর পুড়ে গেছে। তবে পুলিশ সময়মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ায় বড় ধরনের কোনো সহিংসতা ঘটেনি। চিরাংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।১৯ জুলাই কোকড়াঝাড় জেলায় অজ্ঞাত ব্যক্তিদের হাতে খুন হয় চার বোড়ো আদিবাসী যুবক। এর প্রতিশোধ নিতে সশস্ত্র বোড়ো আদিবাসী লোকজন মুসলিমদের ওপর হামলা চালায়। এরপর শুরু হয় জাতিগত সহিংসতা।