কোচ-কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইড লাইনে বসে একটানা সিগারেট টেনে চলেন, কেউ একজন উত্তেজনা দমন করতে না পেরে তেড়ে যেতে চান রেফারির দিকে, আবার কেউ রোজ মাঠে আসার সময় শোনেন একই গান।বুঝতে পারছেন, কাদের কথা হচ্ছে? হ্যাঁ, কোচ। বিশ্বকাপের ফুটবল কোচ। হতে পারেন মাঠে খেলোয়াড়েরাই নায়ক। কিন্তু ফুটবলে, বিশেষত বিশ্বকাপ ফুটবলে কোচরাও কম ‘নায়ক’ নন। প্রতিটা বিশ্বকাপেই কথা বলে, উল্টোপাল্টা আচরণ করে বা বিচিত্র কোনো রেকর্ড করে খেলোয়াড়দের চেয়ে বেশি আলো টেনে নেন কোনো কোনো কোচ। বোরা মিলুটিনোভিচ, ‘ক্রেজি’ লা ভোলপের মতো আলোচনা তৈরি করা কোচ এবার বিশ্বকাপে নেই। তাহলে এবার বিশ্বকাপে কোচরা কি আলোচনা তৈরি করতে পারবেন না?পারবেন না মানে! এক ডিয়েগো ম্যারাডোনা থাকাই তো একটা বিশ্বকাপের জন্য যথেষ্ট! খেলোয়াড়ি জীবনে এবং বছর দেড়েকের কোচিং জীবনে যেসব কাণ্ডকীর্তি করেছেন, তাতে নিশ্চিত থাকতে পারেন, ম্যারাডোনা বিশ্বকাপ ‘জমিয়ে’ দেবেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারুন আর না-ই পারুন; কথাবার্তা, কার্যকলাপে বিশ্বকাপ মাতিয়ে ফেলতে ম্যারাডোনার মোটেও ব্যর্থ হওয়ার কথা নয়।ম্যারাডোনার আলোচনা এলে ফুটবলীয় একটা রেকর্ডের কথাও মনে করিয়ে দিতে হয়। বিশ্বকাপ জেতা অধিনায়ক ও কোচ এই দুনিয়ায় এখন পর্যন্ত মাত্র একজনই আছেন—ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। এবার ম্যারাডোনা বিশ্বকাপ জিতে ফেললে রেকর্ডটার তিনিও ভাগিদার হবেন। শুধু ম্যারাডোনা নন, এই রেকর্ডের সম্ভাবনা নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন কার্লোস দুঙ্গাও। ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়কের সামনেও একই রেকর্ডের হাতছানি। আর এই দুজন মিলে একটা রেকর্ডে এরই মধ্যে তুলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। এর আগে কখনো এক আসরে দুজন বিশ্বকাপজয়ী অধিনায়ক কোচ হয়ে আসেননি। বেকেনবাওয়ার ছাড়া এর আগে বিশ্বকাপজয়ী অধিনায়কদের মধ্যে বিশ্বকাপে কোনো দলের দায়িত্ব নিয়ে এসেছিলেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক ড্যানিয়েল প্যাসারেলা। আর এবার একসঙ্গে দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক আসছেন কোচ হয়ে। দুঙ্গার চেয়ে ম্যারাডোনা একদিক থেকে একটু এগিয়ে থাকবেন। ম্যারাডোনা অধিনায়ক হিসেবে দুটো বিশ্বকাপের ফাইনালে খেলেছেন। ফলে এবার ফাইনাল খেলতে পারলেই কোচ ও অধিনায়ক হিসেবে তিন ফাইনাল ‘খেলা’র একমাত্র কৃতিত্ব হয়ে যাবে তাঁর। দুঙ্গা-ম্যারাডোনার এসব মিল দেখে দুজনকে আবার মিলিয়ে ফেলবেন না। খেলোয়াড়-অধিনায়ক দুঙ্গা নিজের দেশে কখনোই খুব বেশি জনপ্রিয় তারকাদের কাতারে ছিলেন না। অথচ কাজের বেলায় দেখা যাচ্ছে, শৃঙ্খল একটা দল তৈরি করে অন্তত বড় দুটো ট্রফি (কনফেডারেশনস কাপ ও কোপা আমেরিকা) এরই মধ্যে এনে দিয়েছেন তিনি ব্রাজিলকে। আর ম্যারাডোনার ব্যাপারটা উল্টো। কিংবদন্তি এই ফুটবলার নিজের দেশে প্রায় ঈশ্বরের সমান জনপ্রিয়। কিন্তু জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর দলকে মোটেও সফল একটা বাহিনীতে পরিণত করতে পারেননি। উল্টো আর্জেন্টিনার এবার বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই ছিটকে পড়ার আশঙ্কা তৈরি হয়ে গিয়েছিল। বছর দেড়েক সময়ে প্রায় সোয়া শ ফুটবলারকে দলে ডেকে এবং জনাকয়েক তারকা ফুটবলারকে বিশ্বকাপ দল থেকে বাদ দিয়ে আপাতত ‘ভিলেন’ হয়ে আছেন বেশ কিছু আর্জেন্টাইনের কাছে। সে যা-ই হোক। কোচদের নিয়ে আলোচনা শুধু ম্যারাডোনা আর দুঙ্গাতেই আটকে থাকবে তা তো হয় না। বোরা মিলুটিনোভিচ না থাকুন, কার্লোস আলবার্তো পাহেইরা তো আছেন। ভিন্ন পাঁচটি দল নিয়ে বিশ্বকাপে আসায় একটা রেকর্ডের মালিক হয়ে আছেন সার্বিয়ান মিলুটিনোভিচ। এবার বিশ্বকাপ শুরু হলেই রেকর্ডটার ভাগিদার হয়ে যাবেন বর্তমানে দক্ষিণ আফ্রিকার এই ব্রাজিলিয়ান কোচ। পাহেইরা অবশ্য এর আগেই কোচ হিসেবে পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে ফেলেছেন; দল ছিল চারটি—ব্রাজিল (১৯৯৪ ও ২০০৬), কুয়েত (১৯৮২), সংযুক্ত আরব আমিরাত (১৯৯০) ও সৌদি আরব (১৯৯৮)। পাহেইরার বাড়তি গোটা দুয়েক কৃতিত্ব আছে, যা আর কারোরই নেই। এই পাঁচ বিশ্বকাপের মধ্যে দুঙ্গার দলের কোচ হিসেবেই ১৯৯৪ সালে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। আসলে হিসাব করতে গেলে পাহেইরার এই বিশ্বকাপে সপ্তম উপস্থিতি হবে। এর আগে ১৯৭০ সালের বিশ্বকাপেও ব্রাজিল দলের অংশ ছিলেন পাহেইরা। সেবার ছিলেন বিশ্বকাপজয়ী দলের ফিটনেস কোচ। ফলে এবারের বিশ্বকাপে নিজেকে বিশ্বকাপের ব্যাপারে সবচেয়ে অভিজ্ঞ মানুষ বলে দাবি করতে পারেন ৬৭ বছর বয়স্ক পাহেইরা। বিশ্বকাপ অভিজ্ঞতায় পাহেইরার ধারেকাছেও নেই মার্সেলো লিপ্পি। জীবনে প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিয়ে বিশ্বকাপে এসেছিলেন ২০০৬ সালে। আর আগমনেই বাজিমাত। ইতালিকে বিশ্বকাপ জিতিয়ে ঘরে ফিরেছেন। অবশ্য লিপ্পি সম্পর্কে যাঁরা জানেন, তাঁদের কাছে এই সাফল্য খুব বিস্ময়কর মনে হবে না। জুভেন্টাসের হয়ে পাঁচবার সিরি ‘আ’ জিতেছেন। চারটি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলেছেন; যার একটি শিরোপা জুভেন্টাসকে নিয়ে দিয়েছেন। এ ছাড়া ক্লাবের হয়ে ছোট-বড় শিরোপা জিতেছেন অনেক। কিন্তু ক্লাবের সেই সাফল্যকে জাতীয় দলে অনুবাদ করাটা সোজা কথা না। লিপ্পি কাজটাকে সোজা বানিয়ে দিয়েছেন। এবং আরেকবার ‘সোজা’ কাজটা করতে আসছেন। লিপ্পি যদি এবার আবার বিশ্বকাপ জিতে ফেলেন, তাহলে তিনিও একটি রেকর্ডের ভাগিদার হয়ে যাবেন—টানা দুবার বিশ্বকাপ জেতা কোচ। এর আগে এই কাজ করতে পেরেছেন শুধু লিপ্পিরই স্বদেশি ভিত্তোরিও পোজ্জো (১৯৩৪ ও ১৯৩৮)। লিপ্পির মতোই জাতীয় দলের দায়িত্ব নিয়ে বিশ্বকাপে এসেই ২০০৬ সালের ফাইনালে উঠে গিয়েছিলেন রেমন্ড ডমেনেখ। কিন্তু শেষ লড়াইয়ে লিপ্পির পেছনে থেকেই বিশ্বকাপ শেষ করতে হয়েছে তাঁকে। এবার ডমেনেখের সামনে সেই দুঃখ ভোলার সুযোগ। আর সুযোগ বেকেনবাওয়ারের মতো টানা দুই বিশ্বকাপ ফাইনালে কোচ হিসেবে কাজ করার। অভিজ্ঞ কোচদের কথা এলে মার্সেলো বিয়েলসা আর সভেন গোরান এরিকসনের কথা বলতেই হয়। বিয়েলসা ২০০২ সালে ফেবারিট তকমা নিয়ে বিশ্বকাপে গিয়ে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া আর্জেন্টিনার কোচ ছিলেন। তাই বলে বর্তমান চিলির কোচ বিয়েলসাকে খুব অযোগ্য লোক ভাববেন না। আর্জেন্টিনাকে ২০০৪ সালে অলিম্পিক জিতিয়েছেন ও কোপা আমেরিকার রানার্সআপ হয়েছেন। এবার দুর্দান্ত একটি বাছাইপর্ব পার হয়ে এসেছেন চিলির কোচ হয়ে। আর এরিকসনের গল্পটা খুব মজার। ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে ইংল্যান্ডের দায়িত্বে থাকা এই কোচ এবার বাছাইপর্বে ছিলেন মেক্সিকোর দায়িত্বে। কিন্তু চরম ব্যর্থতার মুখে পদত্যাগ করা এরিকসনের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের স্বপ্নটা ভেস্তেই যাচ্ছিল। কিন্তু কদিন আগে হঠাৎ করেই তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে আইভরিকোস্টের দায়িত্ব। ফলে এবার বিশ্বকাপেও থাকছেন তিনি। আর এরিকসনের ইংল্যান্ডকে নিয়ে আসছেন রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও রোমার হয়ে অসামান্য সাফল্য পাওয়া ফ্যাবিও ক্যাপেলো। ক্যাপেলোর এটি প্রথম বিশ্বকাপ। মূল কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ জোয়াকিম লো’রও। গত বিশ্বকাপে ইয়ুর্গেন ক্লিন্সমানের সহকারী হিসেবে কাজ করা লো এবার জার্মানি দলের প্রধান কোচ হয়ে আসছেন। লো ও ক্যাপেলো দুজনই প্রথম বিশ্বকাপে এলেও, চাপ আছে দুজনের ওপরই। চাপ আছে যার যার দলকে ট্রফি এনে দেওয়ার। গ্রিসের কোচ অটো রেহাগেলের ও রকম ট্রফির কোনো চাপ-তাপ নেই। একবার এক ‘অলৌকিক ঘটনা’য় ইউরো জিতে ফেলা ছাড়া গ্রিসের এমন কোনো রেকর্ডও নেই যে, দলটি ফাইনালের ঘোড়া বলে মনে হবে। সে হোক আর না-ই হোক, রেহাগেলের রেকর্ড হচ্ছেই। যদি কোনো দুর্ঘটনা না ঘটে, তাহলে বিশ্বকাপের ইতিহাসে বয়স্কতম কোচ হয়ে যাচ্ছেন তিনি। এর আগ পর্যন্ত রেকর্ডটা ছিল ৭০ বছর ১৩১ দিন বয়সে প্যারাগুয়ের কোচ হিসেবে কাজ করা ইতালিয়ান গ্রেট সিজার মালদিনির। আর এবার বিশ্বকাপ শুরুর দিনই রেহাগেলের বয়স হয়ে যাবে ৭১ বছর ৩০২ দিন। রেকর্ডটা কারও ভাঙা খুব মুশকিল হবে!এসব তো জানা কথা হলো। এবার অপেক্ষায় থাকুন। অজানা কোন কোন চরিত্র উঠে আসে দলগুলোর ‘ডাগ আউট’ থেকে!