কোচ যায়, কোচ আসে
একটু হাসিই পাচ্ছে। কোচ যায়, কোচ আসে—কতবার যে বিষয়টি নিয়ে লিখলাম ঠিক মনে করতে পারছি না! বাংলাদেশের ফুটবলে আরেকজন কোচ এল, এসে চলেও গেল। আবারও তাই লিখতে হচ্ছে সেই একই বিষয় নিয়ে।যেতে না যেতেই রবার্ট রুবচিচের বিকল্পও পেয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শিগগিরই জর্জি জোভানভস্কি আসছেন। দায়িত্ব নেবেন বাংলাদেশ দলের। কী জানি, হয়তো অদূর ভবিষ্যতেই আবার তাঁর চলে যাওয়া নিয়ে লিখতে হবে! অবিশ্বাস্য দ্রুততায় বাফুফে রুবচিচের বিকল্প খুঁজে বের করেছে। তবে জোভানভস্কি সম্পর্কে যতটুকু জানি, তিনি ভালো কোচই। তা যে যতই ভালো হোন, বাফুফে কর্তাব্যক্তিদের চেয়ে তো আর ‘ভালো’ নন! জোভানভস্কি যতই ফুটবল বোঝেন, আমাদের কর্মকর্তাদের চেয়ে তো আর বেশি বোঝেন না! তাহলে এখানে টিকে থাকবেন কী করে? ‘ভালো কোচ’ আর আমাদের কর্মকর্তাদের ‘বেশি বোঝা’—এ দুটোই আসলে কাল হয়ে দাঁড়াচ্ছে আমাদের ফুটবলের জন্য। নাসির হেজাজি, সামির সাকির, জর্জ কোটান, অটো ফিস্টার, আন্দ্রেস ক্রুসিয়ানি, এডসন সিলভা ডিডো—এ পর্যন্ত আমাদের ফুটবলে আসা বিদেশি কোচদের বেশির ভাগই কিন্তু মানসম্মত। তবে একজনও সেভাবে টিকতে পারেননি।কোচ আসার কিছুদিন যেতে না যেতেই আমাদের ফুটবল-কর্তারা তাঁদের ভুলভ্রান্তি ধরতে শুরু করেন। তাঁরা এটা বোঝেন না, ওটা শোনেন না—অভিযোগের বোঝা ভারী হতে থাকে। তাহলে বলতে হবে আমাদের কর্মকর্তারাই বেশি বোঝেন। এটাই যদি হয়, তবে বিদেশি কোচ আনার দরকারটা কী!আসলে আমাদের ফুটবল ফেডারেশনে ক্লাবগুলোর নগ্ন হস্তক্ষেপ থাকে। কখনো কখনো কোচরা তাঁদের ইচ্ছেমতো দল গড়তে পারেন না। একে রাখলে ভালো হয়, ওকে নিতে হবে—বড় ক্লাবগুলোর কর্মকর্তারা বাফুফের কর্তাব্যক্তিদের এভাবে চাপ দেন। আর বাফুফে চাপ দেয় কোচের ওপর। কোচ তাঁদের এসব অসংলগ্ন দাবি না মানলেই হয়ে যান ‘খারাপ কোচ’। এসব জটিলতা ধীরে ধীরে কোচ আর কর্মকর্তাদের দূরত্ব বাড়াতে থাকে। এক সময় সইতে না পেরে চলেও যান তাঁরা। রুবচিচের চলে যাওয়ার ঘটনাটা একটু ভিন্ন। পত্রপত্রিকা আর টিভি চ্যানেলগুলোতে দেখেছি, পাকিস্তান যাওয়ার ভয়েই রুবচিচ পালিয়ে গেছেন। জীবনের ঝুঁকি নিয়ে অশান্ত পাকিস্তানে যেতে চাননি তিনি। পরে অবশ্য প্রথম আলোর একটি প্রতিবেদনেই জানতে পেরেছি, কোচের বেতনও নাকি মাসের পর মাস বাকি পড়েছে। আসলে কারণ কী, সেটা বাফুফেই বলতে পারবে। রুবচিচের ঘটনাটা বাদ দিলে, বাংলাদেশের বেশির ভাগ বিদেশি কোচের বিদায়ই হয়েছে ওই সময়কার বাফুফে কর্মকর্তাদের ‘বেশি বোঝার’ কারণে। এই ‘বেশি বোঝা’টা আমি ওপরের দিকে ব্যাখ্যা করেছি। কোচ কথা শুনতেন না, কারও কোনো পরামর্শ মানতেন না—প্রত্যেকটি কোচের বিদায়ের পর এ ধরনের অভিযোগের পাশাপাশি আরও একটা কথা বাফুফে থেকে বলা হয়—সাফল্য কই?ভাবখানা এমন যেন, সাফল্য ছেলের হাতের মোয়া! এলেন, দেখলেন আর জয় করলেন—এ রকম অন্তত ফুটবলে আমি কখনো কোথাও হতে দেখিনি। আমাদের বর্তমান খেলোয়াড়দের না আছে শারীরিক ফিটনেস, না আছে ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক। একজন কোচ এসে এদের রাতারাতি সবকিছু দিয়ে দেবেন? এটা তো আর জাদু নয়। সাফল্য পেতে হলে একজন কোচকে সময় দিতে হবে।আমি একটা উদাহরণ দেব। ১৯৬৯ সালে পাকিস্তান জাতীয় দলের হয়ে ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট খেলতে গিয়েছিলাম। ইরানও এসেছিল। ইরানের সেই দলটির সঙ্গে দেখলাম বেশ কয়েকজন যুগোস্লাভিয়ান কোচ। ওদের জিজ্ঞেস করেছিলাম তোমাদের এত জন কোচ কেন? রসুইঘরে আরও আছে—উত্তরটা পেলাম এ রকম। ওরা আমাকে বলেছিল, ১৯৭৪-এর বিশ্বকাপ খেলতে চায় ইরান। এ কারণে যুগোস্লাভিয়া থেকে একজন হেড কোচের অধীনে আরও প্রায় ১৫-১৬ জন কোচ নিয়ে এসেছিল ওরা। সবাই মিলে ইরানকে বিশ্বকাপে খেলার পর্যায়ে নিয়ে যাবে—এই ছিল পরিকল্পনা। ১৯৭৪-এ পারেনি, ইরান কিন্তু ১৯৭৮-এর বিশ্বকাপে ঠিকই জায়গা করে নিয়েছিল। সাফল্য পেতে হলে আমাদেরও এ পথে এগোতে হবে। কোচদের সময় দিতে হবে। যেকোনো কোচের কাছ থেকে সুফল পেতে হলে তাঁকে কমপক্ষে ৬-৭ বছর সময় দিতে হবে। আর বিদেশি কোচ ধরে রাখতে হলে কী করতে হবে? ১. কর্মকর্তাদের বেশি বোঝা বন্ধ করতে হবে, তাঁরা যত কম বুঝবেন ততই মঙ্গল, ২. কোচদের স্বাধীনতা দিতে হবে, ৩. দল গঠনে কিংবা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে হবে। আমাদের কর্মকর্তারা এগুলো কবে বুঝবেন কে জানে! এই তো জোভানভস্কি এসেই দল নিয়ে পাকিস্তান যাবেন। আমাদের যা শক্তি তাতে পাকিস্তানের সঙ্গে পেরে ওঠার কথা নয়। কী জানি, হয়তো পাকিস্তান-সফর শেষেই প্রশ্ন উঠবে—সাফল্য কই? হয়তো আমাকে আবার লিখতে হবে—কোচ যায়, কোচ আসে!আমি বিষয়টি নিয়ে আর লিখতে চাই না। এই বিষয় নিয়ে আমার লিখতে না হলেই বাংলাদেশের ফুটবলের মঙ্গল হবে। এই সহজ সত্যটা আমাদের কর্তাব্যক্তিরা যত দ্রুত বুঝতে পারবেন, ততই আমাদের ফুটবলের জন্য ভালো।