কোচবিহারে ধর্মঘট, অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিটমহল বিনিময় নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বিষয়বস্তু প্রকাশ ও ছিটমহল বিনিময়ের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে ভারতীয় ভূখণ্ডে থাকা কোচবিহারের বাংলাদেশের ৫১টি ছিটমহলের বাসিন্দারা আন্দোলনে নেমেছে। গতকাল সকাল নয়টায় কোচবিহারের দিনহাটা মহকুমার মধ্য মশালডাঙ্গা ছিটমহলে অবস্থান ধর্মঘট ও অনশন শুরু হয়েছে।অনশনে ছিটমহলের তিন শতাধিক মানুষ অংশ নিচ্ছে। মশালডাঙ্গা সড়কের ২৭০ মিটার পথ চলে গেছে ছিটমহলের ওপর দিয়ে। সেই সড়কের ওপর অবস্থান ধর্মঘটে অংশ নেয় ছিটমহলবাসী। তাই ওই সড়ক দিয়ে সীমান্তে চলাচলকারী সব যানবাহন বন্ধ হয়ে যায়।ছিটমহলবাসী অভিযোগ করছে, গত মঙ্গলবার স্বাক্ষরিত ছিটমহল বিনিময় চুক্তির কিছুই এখনো প্রচারের আলোয় আসেনি।ছিটমহলবাসীর ধর্মঘট-অনশনের খবর পেয়ে মহকুমা প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা চলে আসেন মশালডাঙ্গা ছিটমহলে। এ সময় ছিটমহলবাসী বৃহত্তর গণ-অনশন করার জন্য কোচবিহারের শহীদবাগ ময়দান বরাদ্দ চায়। একই সঙ্গে ছিটমহলে বিএসএফের খবরদারি বন্ধেরও দাবি জানায় তারা।কর্মকর্তারা আন্দোলনকারীদের আশ্বাস দেন, অবিলম্বে দিল্লি থেকে ছিটমহল বিনিময় চুক্তির অনুলিপি তাঁদের কাছে পৌঁছানো হবে। অন্যান্য দাবিও মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা বেলা দুইটায় অনশন প্রত্যাহার করার ঘোষণা দেয়, ছিটমহল বিনিময় না হলে শিগিগরই তারা কোচবিহারের শহীদবাগ ময়দানে গণ-অনশন শুরু করবে। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ব্যানারে এই আন্দোলন চলছে। কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত প্রথম আলোকে জানান, ‘ছিটমহল বিনিময়ের দাবিতে আমাদের আন্দোলন শুরু হয়েছে। সরকার ছিটমহল বিনিময়ের দিন ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ছিটমহল বিনিময় চুক্তির অনুলিপি পাওয়ার পর দাবি আদায়ের লক্ষ্যে আমরা কোচবিহার ও জলপাইগুড়ির বিভিন্ন ছিটমহলে বৃহত্তর আন্দোলন শুরু করব।’ভারতের কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারতীয় ভূখণ্ডে রয়েছে বাংলাদেশের ৫১টি ছিটমহল। এর মধ্যে চারটি ছিটমহল জলপাইগুড়ি জেলায়। অন্যদিকে বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে ভারতের ১১১টি ছিটমহল।এদিকে ছিটমহল বিনিময় এবং তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খোলা রাখার চুক্তি নিয়ে তৃণমূল কংগ্রেসের পর কোচবিহারের আরও কয়েকটি রাজনৈতিক দল আপত্তি তুলেছে। এসব রাজনৈতিক দলের মধ্যে রয়েছে কোচবিহার জেলা ফরোয়ার্ড ব্লক, সিপিএম ও বিজেপি।রাজনৈতিক নেতারা দাবি করছেন, তিনবিঘা ২৪ ঘণ্টা খোলা রাখা হলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। রাতে তিনবিঘা করিডর দিয়ে জঙ্গি, সন্ত্রাসী, চোরাকারবারিদের অবাধ যাতায়াত বাড়বে।তিনবিঘা করিডর ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্তে দহগ্রাম ও আঙ্গরপোতায় যেমন আনন্দ-উৎসব হয়েছে, তেমনি মেখলিগঞ্জ মহকুমার কুচলিবাড়িতে ভারতীয়দের মধ্যে হতাশা নেমে এসেছে। কুচলিবাড়িতে পড়েছে তিনবিঘা করিডর।স্থানীয় মেখলিগঞ্জের ফরোয়ার্ড ব্লকের বিধায়ক পরেশ অধিকারী বলেন, ভারত সরকার কুচলিবাড়ি ও মেখলিগঞ্জের সাধারণ মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এই চুক্তি করেছে। এটা স্থানীয় মানুষ চায় না। সিপিএমের নেতা অনন্ত রায় বলেন, কুচলিবাড়ির মানুষের সমস্যা না বুঝে দিল্লিতে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, স্থানীয় মানুষের মতামত নিয়ে চুক্তি করা উচিত ছিল।