কোচিং সেন্টারে শিশুকে জবাই করে হত্যা, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের ভবাইনগরে কোচিং সেন্টারে ছয় বছরের শিশুকে জবাই করে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতা আজ মঙ্গলবার সকাল থেকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করে রেখেছে। এ ঘটনায় গতকাল এলাকাবাসী ওই কোচিং সেন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, কামিয়াব কোচিং সেন্টারের শিক্ষক শাহীনুর ইসলাম গতকাল রাতে নূর ইসলাম নামের এক শিশুকে হত্যা ও শিশুটির সহোদর নয়নকে (৮) মারাত্মক জখম করে। এ ঘটনায় গতকাল এলাকাবাসী ওই কোচিং সেন্টার ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ শাহীনুর ইসলামকে আটক করেন। আজ সকাল থেকে জনতা মহাসড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু বিক্ষুব্ধ জনতার থেকে আত্মরক্ষার্থে পুলিশ নিরাপদ দূরত্বে অবস্থান নিয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে কামিয়াব কোচিং সেন্টারের শিক্ষক শাহীনুর ইসলাম ছাত্র নয়ন, তার ভাই নূর ইসলাম ও সোহাগকে ইফতারের দাওয়াত দেন। ইফতার শেষে তাদেরকে একটি ঘরে আটক করে রাখেন। এরপর মধ্যরাতে নূর ইসলামকে জবাই করে লাশ পাশের একটি হাউসে ফেলে রাখে এবং নয়নকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এ সময় নয়ন ও সোহাগ কোচিং সেন্টারের প্রাচীর টপকে পালিয়ে গ্রামবাসীদের খবর দেয়। জনতা গুরুতর আহত অবস্থায় সেখান থেকে নয়নকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল রাত সাড়ে ১২টার দিকে কোচিং সেন্টারে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় জনতা শাহীনুরকে আটক করে কোতোয়ালি থানা-পুলিশের হাতে তুলে দেয়।কোতোয়ালি থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইকবাল শামীম জানান, কোচিং সেন্টারের ভবনটির মালিক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ কে এম আজাদ। তিনি শাহীনুর ইসলামকে বাড়িটি ভাড়া দিয়েছেন। শাহীনুর সেখানে ‘কামিয়াব কোচিং সেন্টার’ নাম দিয়ে কোচিং ব্যবসা চালাতেন।