কোচিংয়ে জড়িত শিক্ষকদের প্রয়োজনে চাকরিচ্যুত
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ভর্তির সময় নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হচ্ছে না বা সমন্বয় করা হচ্ছে না—এমন অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় পায়নি। এ ধরনের কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে চাইল্ড পার্লামেন্ট অধিবেশনে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সেভ দ্য চিলড্রেন এর আয়োজন করে।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় নানা ধরনের ত্রুটি আছে যা দীর্ঘদিন চলে আসছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে শিশুদের ওপর। এ থেকে শিক্ষার্থীদের বের করে আনার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, ‘কোচিং বাণিজ্য বন্ধ করে দিব। কারা কোচিং বাণিজ্যে জড়িত, কারা বাড়তি টাকা নিয়ে পড়ান—বিদ্যালয়গুলোর কাছে সেই তালিকা চাওয়া হয়েছে।’ শিক্ষামন্ত্রী বলেন, আমাদের বাস্তবতার নিরিখে কাজ করতে হবে। সে জন্য প্রথমে কোচিংয়ের সঙ্গে জড়িত শিক্ষকদের সতর্ক করা হবে, পরে বেতন বন্ধ করে দেওয়া হবে, প্রয়োজনে চাকরি থেকে বাদ দেওয়া হবে। শ্রেণীকক্ষের শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সব স্কুলে শিক্ষার মান যেন সমান পর্যায়ে থাকে সে উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সংসদ টিভিকে অধিবেশনের বাইরের সময়ে শিক্ষামূলক চ্যানেল হিসেব কাজে লাগানো যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান।