কোচের উৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিবা ও নৈশকোচের উৎপাতে নাকাল হয়ে পড়েছে সৈয়দপুরবাসী। শহরের ব্যস্ততম এলাকা শহীদ ডা. কিজরুল হক সড়কজুড়ে কোচ কাউন্টারের সংখ্যা বেড়েই চলেছে। একই সঙ্গে বাড়ছে শহরবাসীর সড়ক দুর্ঘটনার আশঙ্কাও। এলাকাবাসী দূরপাল্লার কোচের জন্য দীর্ঘদিন ধরে পৃথক টার্মিনালের দাবি জানালেও তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই পৌরসভার। শহরবাসি জানায়, সৈয়দপুর শহর থেকে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটমুখী দূরপাল্লার যেসব কোচ চলাচল করে এর প্রায় সবগুলোরই কাউন্টার গড়ে উঠেছে শহীদ জিকরুল হক সড়কে। ওই কাউন্টারগুলো থেকে প্রতিদিন কমপক্ষে ৫০টি বাস ছাড়ে ও ফিরে আসে। এ ধরনের একটি দূরপাল্লার বাসের চাপায় পাঁচ বছর আগে নীলফামারীর কমিউনিস্ট পার্টির সহসভাপতি কমরেড একরামুল হক নিহত হন। তবুও সৈয়দপুর শহরের কোচ কাউন্টারগুলো সরিয়ে নেওয়া হয়নি। সৈয়দপুর শহরে রিকশা চালান জিয়াউর রহমান (৩৫)। তিনি বলেন, ‘কোচগুলো যখন টাউনোত সেন্দায় মনকয় ঘাটাকোনা (রাস্তাটা) বুঝিক ওমার বাপের। হুড়মুড় করি ঢুকি পড়ে।’ এরই মধ্যে অসংখ্য রিকশা কোচের চাকার নিচে পড়ে দুমড়েমোচড়ে গেছে বলে ওই রিকশাচালক জানান। ঢাকাগামী একটি কোচের কাউন্টারের ম্যানেজার আব্দুল কুদ্দুস স্বীকার করেন, দিনের বেলায় শহরে কোচ চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় আমরা কিছু করতে পারছি না। কোচগুলোর কাউন্টার সূত্রে জানা গেছে, সৈয়দপুরে রয়েছে আন্তজেলা বাস-মিনিবাসের কেন্দ্রীয় টার্মিনাল। কিন্তু পরিবহন সেক্টরে নানা জটিলতায় ওই টার্মিনালের সঙ্গে দূরপাল্লার কোচের একীভূত হওয়ার সুযোগ নেই। আন্তজেলা ও দূরপাল্লার বাস পৃথক ব্যবস্থাপনায় পরিচালিত হয়। পরিবহন শ্রমিক মোস্তাক আহমেদ (৪৫) বললেন, কোচের জন্য শহরে পৃথক টার্মিনাল গড়ে তোলা দরকার। নয়তো সমস্যার সমাধান কোনো ভাবেই হবে না। সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. বখতিয়ার কবির জানান, সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ (জিআরপি) সুপারের কার্যালয়ের সামনে ‘স্মৃতি অম্লান’ চত্বরটিকে গাড়ি ঘোরানোর জন্য ব্যবহার করে কোচ ড্রাইভারেরা। অথচ ওই মোড়টি ব্যবহার করে দিনের বেলায় অসংখ্য মানুষকে যাতায়াত করতে হয় প্রতিদিন। এতে করে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে প্রতিদিন। দূরপাল্লার কোচ কাউন্টার মূল সড়ক থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য দাবি জানান তিনি।পৌর মেয়র আখতার হোসেন জানান, পাঁচ লাখ লোক বসবাস করে এ শহরে। সে অনুযায়ী অবকাঠামোগত সুবিধাদি সেভাবে বাড়েনি। তিনি স্বীকার করেন, কোচটার্মিনাল অন্য স্থানে হওয়া উচিত। এ নিয়ে তিনি উদ্যোগও নিয়েছেন। তবে সরকারি অনুদান না থাকায় তা করা যাচ্ছে না। এ ব্যাপারে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।