প্রথমবারের মতো সহকারী জজ নিয়োগ-প্রক্রিয়ায় যুক্ত হলো কোটা প্রথা। কিন্তু সম্প্রতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিতে কোটা প্রথায় রয়েছে অসংগতি। প্রার্থীরা এ নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন। কমিশন থেকেও এ বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। প্রথমত, ২৮ জুন ২০১০-এ জারি হওয়া বিজ্ঞপ্তির ৯ নম্বর প্যারায় কোটা সংরক্ষণের ক্ষেত্রে বলা হয়েছে, ‘সিভিল আপিল নম্বর ৭৯/১৯৯৯-তে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রদত্ত ২৪.৪.২০১০ ও ০৭.০৬.২০১০ ইং তারিখের সিদ্ধান্তের আলোকে বিদ্যমান কোটাসংক্রান্ত বিধান সংশোধনক্রমে মুক্তিযোদ্ধাদের সন্তান, মহিলা, জেলা এবং উপজাতীয় সম্প্রদায়ের জন্য কোটা নির্ধারণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’ এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলা হয়। এতে আরও বলা হয়, ২৮.৪.২০১০ তারিখে আপিল বিভাগ কমিশনকে কোটা সংরক্ষণ বিষয়ে অনুমতি দিয়েছেন। কিন্তু কোন অনুপাতে কোটা সংরক্ষিত আছে তা নিশ্চিত করার আগেই বিজ্ঞপ্তিটি দেওয়া হলো। ফলে জটিলতা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, সারা দেশে বিচারক-সংকটের কারণেই কোটা সংরক্ষণের অনুপাত নির্দিষ্ট না করেই তড়িঘড়ি করে বিজ্ঞপ্তিটি দেওয়া হলো।দ্বিতীয়ত, বয়সসীমার ক্ষেত্রে বলা হয়েছে, প্রার্থীদের বয়স অনধিক ৩০ হতে হবে। কিন্তু সুনির্দিষ্ট করে বলা হয়নি এ বয়সসীমা সাধারণ ও কোটা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কি না। বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরিতে কোটার ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর রাখা হয়েছে। এখন এ বিষয়ে সিদ্ধান্ত না থাকায় কোটা পদে প্রার্থীদের—যাঁদের বয়স ৩০ বছর পার হয়ে গেছে, তাঁদের আবেদনের ক্ষেত্রে অস্পষ্টতা তৈরি হয়েছে। জানা গেছে, বিজ্ঞপ্তি প্রকাশের আগে কমিশনের বৈঠকে এ বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে জটিলতা ও বিভ্রান্তি দূর করতে বিজ্ঞপ্তিটির আরেক দফা সংশোধনী আনা উচিত বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।