কোটা বাতিলের আন্দোলন রূপ নিল সহিংসতায়
বিসিএসসহ সরকারি চাকরি এবং বিভিন্ন ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলন গতকাল বৃহস্পতিবার সহিংসতায় রূপ নিয়েছে। গতকাল দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কয়েক দফা সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। পুলিশ ১২ জনকে আটক করে।সংঘর্ষকালে আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবন, প্রক্টরের কার্যালয়, প্রশাসনিক ভবন এবং অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করেন। রোকেয়া হলের সামনে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এটিএন বাংলা ও একাত্তর টেলিভিশনের গাড়িও ভাঙচুর করা হয়।কোটা বাতিলের দাবিতে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে প্রতীকী অবরোধ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেন।৩৪তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার ফল ও কোটা বাতিলের দাবিতে গত বুধবার শাহবাগে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ ওই সড়ক বন্ধ থাকায় নগরে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। মানুষকে পোহাতে হয় চরম দুর্ভোগ। পরে বিকেলে সরকারি কর্মকমিশন (পিএসসি) ওই ফলাফল পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়। এর পরও রাত ১০টা পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগে অবরোধ অব্যাহত রাখেন। গতকাল বেলা ১১টার দিকে তাঁরা আবারও শাহবাগে অবস্থানের ঘোষণা দেন।বুধবারের ঘোষণা অনুযায়ী গতকাল বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ও শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে জড়ো হন তাঁরা। পরে ‘বঞ্চিত শিক্ষার্থী’ ব্যানারে শিক্ষার্থীদের একটি মিছিল ক্যাম্পাস থেকে শাহবাগের দিকে এগোতে থাকে। মিছিলটি চারুকলা অনুষদের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয় এবং পুলিশের সঙ্গে মিছিলকারীদের বাগিবতণ্ডা হয়। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের সরিয়ে দেয়। তাঁরা পরে চারুকলার সামনে অবস্থান নিয়ে পুলিশের দিকে ইট ছুড়তে থাকেন। জবাবে পুলিশ অসংখ্য কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। শিক্ষার্থীরা কাঠ ও কাগজ এবং পয়লা বৈশাখে বানানো চারুকলার মোটিফ সড়কে এনে আগুন ধরিয়ে দেন। তাঁরা সব কোটা বাতিলের দাবিতে স্লোগান দেন।একপর্যায়ে পুলিশ শাহবাগ থানার সামনে থেকে কাঁদানে গ্যাস ছুড়তে ছুড়তে এগোতে থাকে। শিক্ষার্থীরা টিএসসি থেকে কাজী নজরুলের সমাধি কমপ্লেক্সের সামনের সড়কে অবস্থান নিয়ে ঢিল ছুড়তে থাকেন। শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন হল ও একাডেমিক ভবন থেকে সহস্রাধিক শিক্ষার্থী টিএসসিতে জড়ো হন। দুপুর সোয়া ১২টার দিকে আন্দোলনকারীরা রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও পরে সাঁজোয়া যানে করে ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পালাতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। আন্দোলনকারীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন।এদিকে শাহবাগে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার সময় শিক্ষার্থীদের একটি মিছিল নীলক্ষেতের দিকে যায়। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ পাল্টা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। শিক্ষার্থীদের একাংশ স্যার এ এফ রহমান হলে ঢুকে পড়লে পুলিশ হলের মধ্যেও কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে।পুলিশের হামলার প্রতিবাদে আন্দোলনকারীদের একাংশ সংগঠিত হয়ে উপাচার্যের বাসভবন এবং আরেকটি অংশ উপাচার্যের কার্যালয়ে ভাঙচুর করে। প্রক্টরের কার্যালয়েও ঢিল ছোড়া হয়।এদিকে বেলা পৌনে একটার দিকে মধুর ক্যানটিন থেকে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া করেন। এ সময় কয়েকজন আন্দোলনকারীকে বেধড়ক পেটান তাঁরা। কলাভবনেও কয়েকজনকে তাড়া করে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।বেলা সোয়া একটার দিকে ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফ, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবিরসহ বিভিন্ন হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে যান। তখন সেখানে অবস্থানরত আন্দোলনকারীদের ধাওয়া করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রশিবিরের কর্মী আখ্যা দিয়েও কয়েকজনকে পেটানো হয়। ছাত্রলীগের কর্মীরা মল চত্বরেও আন্দোলনকারীদের ওপর চড়াও হন। ছাত্রলীগের অভিযোগ, আন্দোলনকারীরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছেন।উপাচার্যের বাসভবনের ফটকের সামনে প্রক্টর আমজাদ আলী সাংবাদিকদের বলেন, ‘এই আন্দোলন দাবি আদায়ের জন্য নয়, বিশ্ববিদ্যালয় তথা দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য।’ তিনি বুধবার শাহবাগে গিয়ে এই আন্দোলনে সমর্থন দিয়েছিলেন, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘গতকাল (বুধবার) যে দাবি ছিল তাতে আমি সমর্থন দিয়েছি এবং পিএসসি তা সংশোধনও করেছে। এখন আন্দোলনের সুযোগ নিয়ে জামায়াত-শিবির হামলা চালাচ্ছে। উপাচার্যের বাসভবন ভাঙচুর, প্রক্টর অফিস ভাঙচুর তারই প্রমাণ দেয়।’সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, ‘শুরুতে পুলিশ আমাদের অনুমতি ছাড়াই টিয়ার শেল নিক্ষেপ করেছে। পরে উপাচার্যের বাসভবনে হামলা চালালে আমি তাদের (পুলিশ) ডেকে আনি।’পরে কোটা বহাল রাখার পক্ষে কলাভবনের সামনে থেকে ছাত্রলীগ মিছিল বের করে। মিছিলটি টিএসসিতে গিয়ে শেষ হয়।ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার এস এম শিবলী নোমান সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করা হয়েছে। তাঁদের শাহবাগ থানায় রাখা হয়েছে।হামলা ও সংঘর্ষে জহির, এনামুল, সৃজন ও আনোয়ার নামের চারজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। জহির আরবি বিভাগের মাস্টার্সের ছাত্র। আহত বাকি শিক্ষার্থীরা হলেন বাংলা বিভাগের নুর নবী মণ্ডল, ইসলামের ইতিহাসের শাহরিয়ার মান্নান, ইতিহাসের মাজহারুল ইসলাম ও ফয়সাল আহমেদ, রাষ্ট্রবিজ্ঞানের সোহান, শান্তি ও সংঘর্ষ বিভাগের মোস্তাফিজুর রহমান, দর্শনের সজীব ও আবু সালেম, বিপণন বিভাগের আফতাব। এ ছাড়া এফ রহমান হলের মাহিন, সালেহ ও সজীব, জিয়া হলের শাহিন, জহুরুল হক হলের শরীফ, মুহসীন হলের কামরুল, আলামিন, মুস্তাফিজ, জগন্নাথ হলের প্রদীপ প্রমুখ আহত হয়েছেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে।রাতে ভারপ্রাপ্ত প্রক্টর জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা পাঁচ শতাধিক তরুণকে আসামি করে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।সংঘর্ষ শেষে বেলা সাড়ে তিনটায় মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে ছাত্র সংগ্রাম পরিষদ। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান বলেন, ‘জামায়াত-শিবিরের কতিপয় ক্যাডার সাধারণ ছাত্রদের জিম্মি রেখে মুক্তিযোদ্ধাদের কটূক্তি করেছে। এই ধৃষ্টতা যারা দেখিয়েছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।’ আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বক্তব্য দেওয়ায় বিশ্ববিদ্যালয়পড়ুয়া মুক্তিযোদ্ধার সন্তানদের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়।সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলনের পরপরই মধুর ক্যানটিনেই সংবাদ সম্মেলন করে প্রগতিশীল ছাত্রজোট। এতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এস এম শুভ বলেন, ‘পিএসসি ফল পুনর্মূল্যায়নের বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। কী পদ্ধতিতে এটা করা হবে, তা-ও জানায়নি। তাই শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। তবে আন্দোলনকারীরা আরও ইতিবাচকভাবে আন্দোলন করতে পারতেন। পুলিশ ও ছাত্রলীগ একসঙ্গে বাধা দিয়েছে। তিনি বলেন, বিদ্যমান কোটা পদ্ধতিতে বড় ধরনের বৈষম্য রয়েছে। এটি সংস্কার করে যৌক্তিক করা উচিত। একটি স্বার্থান্বেষী মহল আন্দোলনকারীদের সঙ্গে মিশে সহিংসতা ছড়াচ্ছে। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।এদিকে সকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কয়েকটি কপিতে অগ্নিসংযোগ করেন। তাঁদের অভিযোগ, এ দুটি পত্রিকার প্রতিবেদনে আন্দোলনের বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশ না করে আন্দোলনের কারণে জনদুর্ভোগকে প্রাধান্য দেওয়া হয়েছে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, কোটা বাতিলের দাবিতে বেলা ১১টার দিকে এক ঘণ্টার জন্য ঢাকা-আরিচা মহাসড়কে প্রতীকী অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে তিন শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়ে এ সময় কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, কোটা বাতিলের দাবিতে বেলা ১১টা থেকে এক ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।