কোটা ব্যবস্থার সংস্কারের পক্ষে সেক্টর কমান্ডারস ফোরাম
দেশে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার চায় ‘সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ৭১’। তবে কোটাবিরোধী আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় করার অপচেষ্টা চালাচ্ছে বলে মনে করে তারা। আজ শনিবার এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন সংগঠনের নেতারা। সেক্টর কমান্ডারস ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ বীর উত্তম, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল আবু ওসমান চৌধুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব এ বিবৃতি দেন। বিবৃতিতে তাঁরা বলেন, ফোরাম দেশে বিদ্যমান কোটার সুচিন্তিত সংস্কার চায় যাতে প্রকৃত মেধার মূল্যায়ন হয়। একইসঙ্গে মানবসম্পদের সমন্বিত উন্নয়ন ঘটে। কিন্তু মুক্তিযোদ্ধা, নারী ও আদিবাসীসহ বিভিন্ন কোটা বাতিলের দাবি নিয়ে যেভাবে প্রকাশ্যে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিষোদগার করা হচ্ছে, যেভাবে চারুকলা বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে সহিংস তত্পরতা চালানো হচ্ছে তাতে এই আন্দোলনের আসল উদ্দেশ্য নিয়ে ফোরাম সন্দিহান। বিবৃতিতে মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততি, নারী ও পিছিয়ে থাকা আদিবাসীদের সংরক্ষিত কোটা চালু রাখার ওপর জোর দিয়ে কোটা পদ্ধতি নিয়ে জটিলতা নিরসনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে কোটা বাতিল বা হ্রাসের সিদ্ধান্ত নিলে কঠোর কর্মসূচি গ্রহণের হুমকি দিয়েছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান।’ একই সঙ্গে আগামীকাল শিক্ষাপ্রতিষ্ঠানে কোটাবিরোধীদের ডাকা ধর্মঘট প্রতিহত করার আহ্বান জানিয়েছে তারা। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভা থেকে এ আহ্বান জানানো হয়েছে।