কোটা মেনে প্রতিবন্ধীদের চাকরি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষিত কোটা পদ্ধতি কঠোরভাবে অনুসরণ এবং তাঁদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সরকারি কর্মকমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার মিরপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত ১২তম জাতীয় প্রতিবন্ধী দিবস এবং তৃতীয় বিশ্ব অটিজম সচেতনতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশ দেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ‘তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যে ১০ শতাংশ এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা নিয়োগে যে ১ শতাংশ কোটা প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আছে, তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।’সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী ও মন্ত্রণালয়ের সচিব কামরুন্নেসা খানম।প্রধানমন্ত্রী বলেন, যেসব বেসরকারি কার্যালয় ও প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের চাকরি দেবে, তাদের কর মওকুফের সুবিধা দেওয়া হবে।প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুরা যাতে মেধাবিকাশের সুযোগ পায়, সে লক্ষ্যে তাদের প্রতি আরও যত্নশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী প্রত্যেক শিশুকে অবশ্যই তার নিকটবর্তী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ে ভর্তির সুযোগ দিতে হবে।প্রধানমন্ত্রী বলেন, বিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের ভর্তি নিশ্চিত করতে তাঁর সরকার ইতিমধ্যে নির্দেশ দিয়েছে। তিনি বলেন, ‘প্রতিবন্ধী শিশুরা যাতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায়, সে জন্য সরকারের তরফ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। আমাদের সংবিধানে সব ক্ষেত্রে বৈষম্যহীনতার কথা থাকলেও দেশের প্রতিবন্ধীরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে।’প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিক অগ্রগতির জন্য ঋণ দেওয়ার শর্তগুলো আরও সহজ এবং সরকারের সব খাসজমি, পুকুর, জলাশয় ইত্যাদি বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন। অটিজম প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে অটিজম রিসোর্স সেন্টার স্থাপন করা হয়েছে। এ ছাড়া অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য চলতি অর্থবছরে মাসিক ৩০০ টাকা হারে মোট দুই লাখ ৬০ হাজার প্রতিবন্ধীকে ৯৩ কোটি ৬০ লাখ টাকা বিতরণ করা হচ্ছে। একইভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষা উপখাতে আট কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, প্রতিবন্ধীদের জন্য ঢাকায় একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবন্ধী কমপেক্স স্থাপন করা হবে। প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য ঢাকায় পৃথক ক্রীড়া কমপেক্স স্থাপনেরও উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশকে একটি ডিজিটাল দেশে রপান্তরে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে তিনি এ পরিপ্রেক্ষিতে প্রতিবন্ধীদের উপযোগী করে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন প্রভৃতি উদ্ভাবনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।এর আগে প্রধানমন্ত্রী মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে কর্মজীবী প্রতিবন্ধী নারী ও পুরুষদের জন্য হোস্টেল, প্রতিবন্ধী সেবাকেন্দ্র ও অটিজম রিসোর্স সেন্টারের উদ্বোধন করেন। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার, সেলাই মেশিন, ব্রেইল গ্রামার বই, লেন্স এবং শিক্ষা সরঞ্জাম সরবরাহ করেন।প্রধানমন্ত্রী পরে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।