কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমির সোলায়মান গাজীকে (৫০) আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।কোটালীপাড়া থানা পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় স্থানীয় লোকজন সন্দেহজনক আচরণের কারণে সোলায়মানকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখায়। আজ দুপুরে তাঁকে গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোলায়মান গাজী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিরুদ্ধে সম্প্রতি কিছু লিফলেট বিতরণ করেন। এ ছাড়া তাঁর কথাবার্তা ও আচরণ ছিল সন্দেহজনক।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস হোসেন জানান, এলাকাবাসীর অভিযোগ, সোলায়মান গাজীর সঙ্গে মুফতি হান্নানের যোগাযোগ রয়েছে। পুলিশ এসব অভিযোগ তদন্ত করে দেখছে।