বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়ার পয়সারহাটে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসী আজ রোববার দুপুরে উপজেলার সামনের সড়ক অবরোধ করে বাস ধর্মঘটের ডাক দেয়।জানা গেছে, গত সোমবার বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে কোটালীপাড়ার পয়সারহাটে পুলিশের ওপর হামলার ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা সুমন ভক্ত গত শুক্রবার একটি মামলা করেন। এই মামলায় গতকাল রাতে আটজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর আজ সকালে উপজেলা সদরে ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে এবং স্থানীয় দুর্গামন্দিরের সামনের বটতলায় সমাবেশ করে বাস ধর্মঘটের ডাক দেয়।সমাবেশ থেকে গ্রেপ্তার হওয়া আট যুবকের মুক্তি এবং এ-সংক্রান্ত মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়। দাবি পূরণ না-হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকার ঘোষণা দেয় এলাকাবাসী।কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, গত সোমবার কোটালীপাড়ার পয়সারহাটে বাস দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাসের জানালা ভেঙে আহত ব্যক্তিদের উদ্ধারের সময় পুলিশের সঙ্গে স্থানীয় জনগণের সংঘর্ষ বাঁধে। এতে সুমন ভক্ত নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হন। এ ঘটনার পর এলাকাবাসীর দাবির মুখে কোটালীপাড়া উপজেলায় বাস চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। পাঁচ দিন পর সমঝোতা বৈঠকের শেষে গতকাল শনিবার থেকে বাস চলাচল শুরু হয়েছিল।