কোটায় জ্যেষ্ঠ নার্স হিসেবে মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরাও নিয়োগ পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা কোটায় জ্যেষ্ঠ (সিনিয়র) নার্স নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তান ছাড়াও পরিবারের অন্য সদস্যদের মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি বা পরিবারের অন্য সদস্যদের প্রশিক্ষণ দিয়ে এ পদে নিয়োগ দেওয়া হবে। কিন্তু এ কোটা কোনোভাবেই অন্য কোটার প্রার্থীদের দিয়ে পূরণ করা যাবে না।গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে সিদ্ধান্ত হয়েছিল, মুক্তিযোদ্ধা কোটায় জ্যেষ্ঠ নার্স নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তান পাওয়া না গেলে ওই আসনগুলো খালি থাকবে। কিন্তু এই কোটায় ৭৩৬টি আসনের বিপরীতে মাত্র ২৬ জন মুক্তিযোদ্ধার সন্তান পাওয়া যাওয়ায় নতুন করে এ সিদ্ধান্ত নেওয়া হলো।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রেস ব্রিফিংয়ে বলেন, মুক্তিযোদ্ধা কোটায় সিনিয়র নার্সের ৭৩৬টি আসনের বিপরীতে মাত্র ২৬টি পূরণ হয়েছে। এখনো ৭১০টি আসন শূন্য পড়ে আছে। এ আসনগুলো পূরণের জন্য মুক্তিযোদ্ধাদের সন্তান ছাড়াও অন্য আত্মীয়স্বজনের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে।প্রসঙ্গত, সরকার সারা দেশে দুই হাজার ১৪৮ জন জ্যেষ্ঠ নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ছিল ৭৩৬ জনের।মুক্তিযোদ্ধা সনদ: বৈঠকে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা দুই বছর বাড়ানোর পর সবাই নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করছেন। কোনো খোঁজখবর না নিয়ে ব্যাপক হারে মুক্তিযোদ্ধা সনদও দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী সনদ দেওয়ার আগে আসলেই মুক্তিযোদ্ধা কি না, তা যাচাই-বাছাই করার নির্দেশ দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে।প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে আধা সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়ে মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার ব্যাপারে সুপারিশ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী ডিও দিলেই কাউকে সনদ দেওয়া যাবে না। মুক্তিবার্তা বা গেজেটে নাম আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পরই সনদ দিতে হবে।রোহিঙ্গা প্রসঙ্গ: বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইউরোপীয় কমিশনের একটি প্রতিবেদনে রোহিঙ্গাদের জন্য করা সুপারিশ তুলে ধরেন। প্রতিবেদনে বাংলাদেশে বসবাসরত যেসব রোহিঙ্গার নিবন্ধন নেই, তাদের নিবন্ধন করার সুপারিশ করা হয়েছে। এ সুপারিশের বিষয়ে মন্ত্রিসভার বেশির ভাগ সদস্য দ্বিমত পোষণ করেন।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাকসহ কয়েকজন মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিবন্ধন করা ঠিক হবে না। এদের সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতার বিষয় আছে। আরেক মন্ত্রী বলেন, বাংলাদেশে একবার আসতে পারলে বিদেশে যাওয়া সহজ বলে রোহিঙ্গাদের সংখ্যা দিন দিন বাড়ছে।প্রধানমন্ত্রী কূটনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনার জন্য অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন। বৈঠকে বলা হয়, ইউরোপীয় কমিশন বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে শুধু সামাজিক খাতে সহায়তা করে থাকে। কিন্তু বাংলাদেশে অবকাঠামো খাতেই বেশি সহায়তা প্রয়োজন।জাকাত ফান্ড: জাকাত ফান্ডের চেয়ারম্যান ধর্ম প্রতিমন্ত্রী ও ভাইস চেয়ারম্যান সচিব হওয়ার বিষয়ে একটি প্রস্তাব বৈঠকে উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী তা নাকচ করে দেন। প্রধানমন্ত্রী বলেন, মুসলিম পণ্ডিতদেরই এ ফান্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হবে।