কোটি টাকা ব্যয়ে নির্মিত ইউপি কমপ্লেক্স কাজে আসছে না
স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং এর কাজে জনগণের ব্যাপক সম্পৃক্ততার লক্ষ্যে কোটি টাকা ব্যয়ে নির্মিত ঝালকাঠির রাজাপুর উপজেলার ইউনিয়ন কমপ্লেক্সগুলো জনগণের কোনো উপকারেই আসছে না। তৃণমূল পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ বিভাগের সেবা পৌঁছে দেওয়া এবং দুর্ভোগ লাঘবের জন্য কমপ্লেক্স ভবনগুলোকে অবকাঠামোগতভাবে পরিপূর্ণ করা হয়েছে। কিন্তু কক্ষ বরাদ্দ থাকলেও সরকারি কোনো বিভাগের কার্যক্রম কমপ্লেক্সগুলোতে চলে না। যে কারণে জনসাধারণের উপজেলা সদরে দৌড়ঝাঁপের ভোগান্তি রয়েই গেছে। এমনকি সংশ্লিষ্ট চেয়ারম্যানেরাও তাঁদের এ কমপ্লেক্স ভবন ব্যবহার করেন না বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রত্যেকটি ইউনিয়ন কমপ্লেক্স ভবনে চেয়ারম্যান, সদস্য, সচিবদের কক্ষ এবং কৃষি সম্প্রসারণ, পশুসম্পদ, আনসার-ভিডিপি, এলজিইডি, বিআরডিবি, জনস্বাস্থ্য ও শিক্ষা বিভাগসহ সরকারের তৃণমূল পরিষেবার অফিসগুলো রয়েছে। ইউনিয়ন পর্যায়ের অনুষ্ঠানের জন্য সম্মেলনকক্ষও রয়েছে। সরকারি দপ্তরগুলোর কক্ষে সংশ্লিষ্ট বিভাগের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বসার কথা। রাজাপুর উপজেলার ছয়টি ইউনিয়নের পাঁচটির কমপ্লেক্স ভবন বছর চারেক আগেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে এবং সরকারি নির্দেশ অনুযায়ী বিভিন্ন দপ্তরের অফিসও বরাদ্দ হয়েছে। সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, বিশাল এসব কমপ্লেক্স ভবন প্রায়ই বন্ধ থাকে। ইউপি সচিবরা এলেও অল্প সময় বসে আবার চলে যান। চেয়ারম্যানেরা বিশেষ কোন কাজ না থাকলে এখানে আসেন না। নাগরিক সনদপত্র, ট্রেড লাইসেন্স নিতে জনগণ পুরনো প্রথা অনুসরণ করে চেয়ারম্যান বা মেম্বরদের বাড়ি বাড়ি দৌড়ঝাঁপ করেন। আর সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দিতে যে আয়োজন, সেই অফিসগুলো আজ পর্যন্ত কোনো কাজই শুরু করেনি। ফলে স্থানীয় সরকারে জনগণের ব্যাপক অংশগ্রহণতো দূরে থাক, জনগণের চিরাচরিত ব্যাপক দুর্ভোগ লেগেই রয়েছে।উপজেলার শুক্তাগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সরকারি দপ্তরগুলোতে প্রথম প্রথম দুই-একদিন এলেও এরপর আর কেউই কমপ্লেক্সগুলোতে পা রাখেননি। এ ব্যাপারে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এম এ তাহের বলেন, জনবল সংকটের কারণে ইউনিয়ন পর্যায়ের কমপ্লেক্সগুলোতে নিয়মিত সরকারি দপ্তরগুলোর কার্যক্রম হচ্ছে না।এ ব্যাপারে ঝালকাঠি জেলা প্রশাসক মো. ইলিয়াছ লস্কর বলেন, উপজেলা পরিষদ সমন্বয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। তবুও কমপ্লেক্স ভবনগুলোকে জনগণের জন্য আরও গতিশীল করতে জেলা প্রশাসন থেকে চিঠি দেওয়া হবে।