কোটি টাকা মূল্যমানের জালনোট উদ্ধার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত মঙ্গলবার রাতে ঢাকা ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যমানের জালনোট এবং জালনোট তৈরি উপকরণসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন পলাশ (২৭), সাইফুল ইসলাম (৩০), সুমন (২৮), আলাউদ্দীন (৪২) ও শাহীন আকতার (৩৭)। উদ্ধারকৃত উপকরণের মধ্যে রয়েছে দুটি ল্যাপটপ, ছয়টি কালার প্রিন্টার, একটি স্ক্যানার, নোটের সুতা কাটার যন্ত্র, বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য ও প্রিন্টিং কালি।ডিবি পুলিশের অবৈধ মাদক উদ্ধার ও প্রতিরোধ দলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমানের নেতৃত্বে একটি দল এর আগে গ্রেপ্তারকৃত হওয়া হুমায়ুন কবির ও আবুল খায়েরের তথ্যের ভিত্তিতে তাঁদের আরেক সহযোগী পলাশকে মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ২০ লাখ ২১ হাজার টাকার জালনোট এবং জালনোট তৈরির উপকরণ উদ্ধার করা হয়। পলাশের দেওয়া তথ্যের ভিত্তিতে জাল টাকা তৈরির বিশেষজ্ঞ সাইফুল ইসলামকে রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়। এরপর দক্ষিণখান থানার প্রেমবাগান এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় সুমনকে। গ্রেপ্তারকৃতদের বাসা থেকে একটি ডেস্কটপ, জালছাপ দেওয়ার যন্ত্রপাতি, প্রিন্টিং কালি ও লাখ লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়। এরপর ডিবি পুলিশের ওই দল জাল টাকা ব্যবসায়ী আলাউদ্দীন ও তাঁর স্ত্রী শাহীন আকতারকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে সাড়ে তিন লাখ ভারতীয় জাল রুপি এবং ৩০ হাজার জাল মার্কিন ডলার উদ্ধার করে। এ নিয়ে আজ বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম এবং গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান। এ ছাড়া বিভিন্ন সময়ে গ্রেপ্তারকৃতদের সাংবাদিকদের সামনে আনা হয়। তাঁরা জালনোট তৈরি এবং বাজারজাত করার কথা স্বীকার করেন। অভিযান পরিচালনাকারী ডিবি কর্মকর্তা মশিউর রহমান জানান, গ্রেপ্তার হওয়া পাঁজজনের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হওয়া জালনোট তৈরির হোতা হুমায়ুন কবির ও আবুল খায়েরের দুই দিনের রিমান্ড আবেদন আজ বুধবার শেষ হয়েছে। দুই দিনের রিমান্ড শেষে তাঁদের দুজনকে আজ আবার সাত দিনের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।