কোটি টাকা হাতিয়ে এনজিও লাপাত্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে ঋণ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) বিরুদ্ধে।কমিউনিটি হেলথ ফাউন্ডেশন (সিএইচএফ) নামের কথিত ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সাইফুল ইসলাম ওরফে মারফুর রহমান ওরফে পটু খান। তিনি গত মাসে ময়মনসিংহে সিএইচএফের কার্যক্রম শুরু করেন। গত বৃহস্পতিবার তিনিসহ প্রতিষ্ঠানের সবাই গা-ঢাকা দেন। তাঁদের মুঠোফোনগুলোও বন্ধ পাওয়া যাচ্ছে।গত রোববার ৩০ থেকে ৩৫ জন নারী-পুরুষ প্রথম আলোর ময়মনসিংহ কার্যালয়ে এসে সিএইচএফের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন। শহরের আকুয়া গরুর খোঁয়াড় এলাকার রিকশার মিস্ত্রি বাবুল মিয়ার স্ত্রী মরিয়ম বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘টেম্পোর লাইসেন্স করতে ৫০ হাজার টাকা ঋণ পাওয়ার জন্য ছয় হাজার টাকা জমা দিয়েছি। এই টাকা সুদের বিনিময়ে এনেছি।’ একই এলাকার অটোরিকশার মিস্ত্রি সোহাগ মিয়া দুই লাখ টাকা ঋণ পেতে জমা দিয়েছেন সাড়ে ১৩ হাজার টাকা।চুকাইতলার আমেনা খাতুন বলেন, ‘২০ হাজার টাকা ঋণ পেতে তিন হাজার ৭০০ টাকা জমা দিয়েছি। ম্যানেজার (সাইফুল) লোকটা বলেছেন, “আমি ...মন্ত্রীর ছোট ভাই। আপনাদের সেবা করতে আইছি।”’মাসকান্দা এলাকার আবদুর রহিম সাড়ে ২০ হাজার টাকা, মজিবুর রহমান সাড়ে ৩২ হাজার টাকা ও আনোয়ার হোসেন সাড়ে ১৬ হাজার টাকা সিএইচএফে জমা দিয়েছেন। তাঁদের কাছে টাকা জমা দেওয়ার রসিদও আছে। প্রতারণার শিকার লোকজনের অভিযোগ, প্রতিষ্ঠানটি অন্তত দুই হাজার মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে।খোঁজ নিয়ে জানা যায়, সাইফুল গত ৬ সেপ্টেম্বর শহরের মাসকান্দা এলাকায় ‘সময়’ নামের একটি বাড়ি আট হাজার টাকায় ভাড়া নেন। নিজেকে মারফুর রহমান ওরফে পটু খান পরিচয় দিয়ে মাসিক ১২ হাজার টাকায় খাগডহর ঢোলাদিয়া তালতলা এলাকায় অপর একটি বাড়ি ভাড়া নেন তিনি। মাসকান্দা এলাকার বাড়িটি সিএইচএফের আঞ্চলিক কার্যালয় ও সদর শাখা কার্যালয় এবং অন্যটি প্রকল্প কার্যালয় হিসেবে ব্যবহার করতে থাকেন। দেশের বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫ জন কর্মচারী তাঁর অধীনে কাজ শুরু করেন। গ্রাহকদের আস্থা অর্জনের জন্য প্রথমে বিচ্ছিন্নভাবে দু-একজনকে ঋণও দেওয়া হয়।খোঁজ নিয়ে জানা যায়, সিএইচএফ প্রচারপত্র বিলি করে মোটা অঙ্কের ঋণ দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে আকৃষ্ট করে। ঋণ নিতে চাইলে জনপ্রতি ফরমের মূল্য বাবদ ৫০ টাকা, সদস্য ফি ১৪০ টাকা ও সাপ্তাহিক সঞ্চয় বাবদ ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হয়। পরে ঋণ নিতে আগ্রহী ১০ থেকে ১২ জনকে নিয়ে একেকটি দল গঠন করে তাঁদের কাছ থেকে বিমা বাবদ হাজার হাজার টাকা জামানত হিসেবে নেওয়া হয়। গ্রাহকদের সঞ্চয় ও পাস বই দেওয়া হয়। সঞ্চয় ও পাস বইতে প্রতিষ্ঠানের নিবন্ধিত (রেজিস্টার্ড) কার্যালয় হিসেবে হক সুপার মার্কেট, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ লেখা রয়েছে। পাস বইতে সহকারী ব্যবস্থাপক সোহাগ ও অফিস সহকারী মাসুমের সই রয়েছে। বেশির ভাগ গ্রাহককেই ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে ঋণ দেওয়া হবে বলে জানানো হয়েছিল।সিদ্ধিরগঞ্জের ওই মার্কেটে গিয়ে এই প্রতিষ্ঠানের কার্যালয়ের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।মাসকান্দা এলাকার যে বাড়িতে সিএইচএফের কার্যালয় করা হয়েছিল, সেই বাড়ির মালিক মাহমুদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘এ মাসে বাড়িভাড়ার চুক্তি হওয়ার কথা ছিল।’ অপর কার্যালয়ের বাড়ির মালিক রেহেনা আলী বলেন, ‘১৬ সেপ্টেম্বর মারফুর রহমান ওরফে পটু খান নিজেকে একজন মন্ত্রীর চাচাতো ভাই পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নেন। জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও প্রতিষ্ঠানের কাগজপত্র নিয়ে চুক্তি করতে গত বুধবার মারফুরকে চাপ দিই আমি। মারফুর এক সপ্তাহ সময় নেন। কিন্তু বৃহস্পতিবার রাতে তাঁরা গা-ঢাকা দেন।’ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, খাগডহর ঢোলাদিয়া তালতলা এলাকার বাড়ির মালিক শনিবার জিডি করেন। এরপর ওই কার্যালয়ের আসবাবপত্রের তালিকা তৈরি করে বাড়ির মালিকের জিম্মায় দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কয়েকজন রোববার রাতে জিডি করেছেন।