কোটি টাকার জমি ও নিঃস্ব দিনমজুরের গল্প
মো. আবুল কালাম ঢাকায় ট্রাকে মালপত্র ওঠানো-নামানোর কাজ করেন দিনমজুর হিসেবে। দিনে যা আয় হয়, তা দিয়েই দিনের খরচ জোটে। তাঁর স্ত্রী কাজ করেন একটি পোশাক কারখানায়। আবুল কালামের তিন সন্তান। দুই মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, ছেলেটা ছোট। খুব কষ্টে দিন কাটে দুজনের আয়-রোজগারে। তাঁরা দুই ভাই এক বোন। মা মৃত্যুশয্যায়। বোনের সঙ্গে থাকেন। বোনটিকে বিয়ে দিয়েছেন বেশ কয়েক বছর আগে। তাঁর ছোট ভাইটি ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। বাবা দীর্ঘদিন প্যারালাইসিসে আক্রান্ত হয়ে মারা যান। কালামের বয়স তখন ১১ বছর ছিল। প্রথম আলো কার্যালয়ে আইন অধিকার বিভাগের কাছে ছুটে এলেন দুই ভাই সপ্তাহ খানেক আগে। কার কাছ থেকে শুনেছেন, এখানে এলে তাঁর দুঃখের কাহিনিটা পত্রিকার লোকেরা লিখবেন। এতে যদি তাঁর প্রতিকার মেলে। তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়।কালামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে। অতিদরিদ্র কালাম কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘আমাদের বাপ-দাদার কোটি টাকার সম্পত্তি থেকেও আজ আমরা নিঃস্ব। পথে পথে ঘুরতেছি। ভাই, কিছু একটা করেন। নিজের জায়গা-জমিতে নিজেদেরই জায়গা হয় না। এ কোন দুনিয়া?’জিজ্ঞেস করি, কীভাবে, কোন সূত্রে তাঁরা বেদখল হলেন কিংবা তাঁর বাপ-দাদার সম্পত্তি কীভাবে প্রমাণিত হলো?‘আমার বাপ যখন মইরা যায়, তখন আমার চাচারা মিলে আমাদের সম্পত্তি বাটোয়ারা করার জন্য তৈরি হই। তখন সব দলিলপত্র দেখে প্রমাণ মেলে বর্তমান কুলিয়ারচরের উপজেলা পরিষদের প্রায় ১ একর ৩১ শতাংশ জায়গা আমার বাপ-দাদার নামে।’আগে কি একদম জানতেন না, এ সম্পত্তি সম্পর্কে?‘না। আমার বাবা কোনো দিন বলেন নাই।’যখন জানলেন, তারপর কী পদক্ষেপ নিলেন?‘আমরা অনেকবার কাগজপত্র, দলিল-দস্তাবেজ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেছি। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। অবশেষে কোনো উপায় না দেখে আমরা ১৯৯৭ সালে সহকারী জজ আদালত, কিশোরগঞ্জে মামলা করি (মামলা নম্বর-৪৬/৯৭)। দীর্ঘদিন মামলা চলার পর আদালতের সব রায় আমাদের পক্ষে আসে। আদালতের ডিক্রি আসে ২০০৮ সালে। আদালত থেকে আমাদের প্রাপ্য সম্পত্তি দখল নেওয়ার জন্য ডিক্রি দেওয়া হয়। আদালত থেকে লোক পাঠানো হয় জায়গা দখল নেওয়ার জন্য। ঢাকঢোল পিটিয়ে লাল নিশান উড়িয়ে আমরা জায়গা দখলে যাওয়ার প্রস্তুতি নিছি। কিন্তু পারি নাই।’কেন পারেননি। বাধা দিল কে?‘প্রশাসনের লোকজন। আমাদের মিথ্যা আশ্বাস দেওয়া হয়, পরে জায়গা বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত দ্বারে দ্বারে ঘুরছি। সরকারের লোকজন, স্থানীয় কর্মকর্তারা কেউ আমাদের কথা মানছেন না।’কিন্তু আদালতের ডিক্রি কার্যকর না করার কারণে কোনো প্রতিকার নেননি?‘আদালতের অবমাননা মামলা করার জন্য আবেদন করেছিলেন তৎকালীন সিনিয়র সহকারী জজ শাহরিয়ার কবীর। তিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে আবেদন করেছিলেন। তখনকার উপজেলা নির্বাহী কর্মকর্তা আর সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।’আদালতের সব রায় পাওয়ার পরও আপনারা বঞ্চিত হচ্ছেন। এর বিরুদ্ধে প্রশাসন কি আপিলে গেছে?‘সব আবেদনই খারিজ হয়ে গেছে। আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে চিঠি দিছিলাম, প্রতিমন্ত্রী তখন আদেশ দিয়েছিলেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়ার জন্য।’কথাগুলো বলতে বলতে কালাম বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন। বারবার বলতে লাগলেন, নিজের এত জায়গা-সম্পত্তি থেকেও তাঁরা পথের ভিখারি। তিনি জানান, এই সম্পত্তির মূল্য এখন চার-পাঁচ কোটি টাকা হবে। তারপর শোনালেন আরেকটি প্রতারণার অধ্যায়। স্থানীয় লোকজনের পরামর্শে তাঁরা নিজেদের সম্পত্তিটুকু ফিরে পেতে ঢাকায় একটি এনজিওর সহযোগিতা নিতে আসেন। তাঁদের বোঝানো হয়, এখানে এলে এনজিওর লোকজন তাঁদের সম্পত্তি ফিরে পেতে সহযোগিতা করবে। আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন নামের সংস্থাটি তাঁদের নিশ্চয়তা দেয়, এ সম্পত্তি যেভাবেই হোক ফিরিয়ে দেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে। বিনিময়ে তারা দাবি করে দেড় লাখ টাকা। কালাম আর তাঁর ভাই তাঁদের স্ত্রীর কিছু গয়না বন্ধক রেখে দেড় লাখ টাকা জোগাড় করে দেন তথাকথিত এনজিওটির কাছে। স্থানীয় কিছু লোক নিয়ে একটু মহড়া দেয় এনজিওটি। কিন্তু কাজের কাজ হয় না। অবশেষে কোনো সুরাহা না হলে কালাম এনজিওটির কর্ণধারের কাছে টাকা পাওয়ার জন্য আবেদন করতে থাকেন। অনেকবার ধরনা দেওয়ার পর গত ১৯ মার্চ জনতা ব্যাংকের নামে ৫০ হাজার টাকার একটি চেক দেয় কালামকে। কিন্তু কালাম ব্যাংকে টাকা তুলতে গিয়ে দেখেন, ওই হিসাব নম্বরে কোনো টাকা নেই। প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসেন কালাম।যোগাযোগ করি তথাকথিত এনজিওটির ভাইস চেয়ারম্যানের সঙ্গে। তিনি জানান, কালামের অভিযোগ সত্য নয়। কালামরাই নাকি উল্টো চাপ দিয়ে তাঁর কাছ থেকে স্ট্যাম্পে সই করে নিয়েছে।বর্তমান কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হয় ফোনে। তাঁকে কালামের দাবি সম্পর্কে বলতে তিনি জানান, বিষয়টি এখন আপিলে আছে। সরকার আপিল করেছে। তিনি জানান, সরকার প্রায় ৩৫ বছর আগে জমিটি অধিগ্রহণ করে। সরকারের অধিকার রয়েছে যেকোনো সম্পত্তি অধিগ্রহণ করার। তিনি বলেন, যেকোনো সম্পত্তি ১২ বছরের বেশি ভোগদখল করলে এমনিতেই মালিকানা প্রতিষ্ঠিত হয়ে যায়। আর সরকার যেহেতু অধিগ্রহণ করেছে, তাই কারও দাবি টিকতে পারে না। সবশেষ সরকারের নামে জমিটি রেকর্ড করা হয়েছে। আদালতের ডিক্রি ও রায় সম্পর্কে জানালে তিনি বলেন, ‘একতরফা কোনো ডিক্রি তো আইন মোতাবেক ধার্য করা যায় না। জায়গার ওপর স্থগিতাদেশও আছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তার এ মন্তব্য জানাই আবুল কালামকে। তিনি বলেন, ‘৩১ শতাংশ জায়গা নিয়ে সরকার আপিল করেনি। এ অংশের ওপর স্থগিতাদেশও নেই। বাকি ১ একর জায়গা নিয়ে আপিল করেছে। আমাকে বলা হয়, জায়গার বদলে ১৮ হাজার টাকা নিয়ে যেতে।’২৪ মে কালাম ফোনে জানান, এলাকার গণ্যমান্য ব্যক্তিও রাজনৈতিক নেতারা মিলে তাঁকে ৩১ শতাংশ জায়গার দখল বুঝিয়েদেওয়ার কথা বলা হলে তিনি দখলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁর লাগানো কাঁটাতারের বেড়া পরদিন প্রশাসনের লোকজন এসে উচ্ছেদ করেন। প্রশাসন বলছে, আদালতের স্থগিতাদেশ থাকায় দখল করা অন্যায় হয়েছে।কালাম জানান, এ সম্পত্তি তাঁর ন্যায্য অধিকার। এথেকে তিনি কিছুতেই বঞ্চিত হবেন না। তাঁর দাবি স্থগিতাদেশ থাকা জমিতে তিনি দখলে যাওয়ার চেষ্টা করেননি।কালাম প্রতীক্ষায় দিন কাটাচ্ছেন তাঁর পৈতৃকসূত্রে পাওয়া পুরো সম্পত্তি ফিরে পাওয়ার আশায়। তবুও শঙ্কা তাঁর পিছু ছাড়ে না—কবে সরকার সদয় হবে, কবে হবে তাঁর এ দীর্ঘ লড়াইয়ের সমাপ্তি অথবা আদৌ হবে কি না।[email protected]