চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত জেটি এলাকা থেকে আমদানি পণ্যভর্তি একটি কনটেইনার চুরির চেষ্টার ঘটনায় সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গত মঙ্গলবার রাতে আটক করা হয়। বুধবার মামলা করে গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, বন্দরের সংরক্ষিত জেটি এলাকার মধ্যে কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তাকর্মী, সেনাবাহিনী ও আনসার সদস্যদের কঠোর নিরাপত্তা বেষ্টনী রয়েছে। এর মধ্যেও আমদানি পণ্যভর্তি একটি বিশাল কনটেইনার চুরির চেষ্টা করেন সংঘবদ্ধ চক্রের তিন সদস্য। তাঁরা সুযোগ বুঝে কনটেইনারটি পাচারের জন্য একটি লম্বা ট্রেইলার জেটির ভেতরে ঢোকান। বন্দরের নিরাপত্তাকর্মী, পরিবহন বিভাগের লোকজন ও শুল্ক কর্মকর্তাদের যোগসাজশে কনটেইনারটি সরানোর চেষ্টা করা হয় বলে ধারণা করা হচ্ছে।৪০ ফুট দীর্ঘ এই কনটেইনারে (এফএসসিইউ-৬৭৭১৭৯-২) অন্তত এক কোটি টাকা দামের আমদানি করা যন্ত্রপাতি রয়েছে বলে বন্দর ও শুল্ক কর্মকর্তারা মনে করছেন। জানা যায়, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বন্দরের নিরাপত্তা বিভাগের কর্মীরা গত মঙ্গলবার রাতে এই তিনজনকে আটক করেন। আটক করা হয় ট্রেইলারটিও। আটক ব্যক্তিরা হলেন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘লাইনার্স এজেন্সিস’-এর কর্মচারী (জেটি সরকার) কালিপদ মিঠু, ট্রেইলারের চালক নুরুল করিম ও সহকারী জয়নাল আবেদিন। রাতভর জিজ্ঞাসাবাদ শেষে বন্দর কর্মকর্তারা ওই তিনজনকে বুধবার রাতে পুলিশে সোপর্দ করে। এ নিয়ে বুধবার রাতেই নগরের বন্দর থানায় একটি নিয়মিত মামলা হয়।গতকাল ওই তিনজনকে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমানের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।আদালত সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের চুরির চেষ্টার অভিযোগে দণ্ডবিধির ৫১১ ধারায় আদালতে পাঠানো হয়। এ কারণে তাঁরা সহজেই জামিন পেয়ে যান। এ ছাড়া তিন আসামিকে রিমান্ডে নেওয়ার জন্য লিখিত কোনো আবেদনও করা হয়নি। এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. সানাউল্লাহ প্রথম আলাকে বলেন, ‘ম্যাজিস্ট্রেট জামিন দিলে আমাদের কী করার আছে। আমরা বলেছি, এরা সংঘবদ্ধ কনটেইনার পাচারচক্রের সদস্য। তাঁরা নিজেরাও স্বীকার করেছেন, কনটেইনার চুরির জন্য তাঁরা জেটির ভেতরে ঢুকেছিলেন। তাঁদের রিমান্ডে নেওয়া হলে আগের অনেক চুরির ঘটনা জানা যাবে।’ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বন্দর থেকে পণ্য ও কনটেইনার চুরির ব্যাপারে আমরা কঠোর অবস্থান নিয়েছি। এর সঙ্গে বন্দরের যাঁরা জড়িত বলে প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আটক তিনজনের সঙ্গে আর কারা জড়িত তা বের করতে বন্দর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।’ বন্দর সূত্রে জানা যায়, এই কনটেইনারটি বন্দরে আসে ২০০৯ সালের ডিসেম্বর মাসে। মিথ্যা ঘোষণা দিয়ে এটিতে পোশাক কারখানার যন্ত্রপাতি আনা হয় বলে ধারণা করা হয়েছিল। তাই এই কনটেইনারের প্রতি শুরু থেকে বন্দর এবং শুল্ক কর্তৃপক্ষের নজরদারি ছিল। এবং এটি নিতে কোনো আমদানিকারক আসেননি। তাই নির্দিষ্ট সময় পার হওয়ার পর কনটেইনারটি শুল্ক কর্তৃপক্ষের নিলামের হিসাবে চলে যায়।