কোটি টাকার যন্ত্রপাতি অচল
দীর্ঘ ছয় বছরেও মেহেরপুর জেনারেল হাসপাতালের আধুনিক চিকিৎসার যন্ত্রপাতি চালু হয়নি। এখনো অনেক যন্ত্রপাতি হাসপাতালের যত্রতত্র অব্যবহূত অবস্থায় পড়ে আছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে এ হাসপাতাল চালুর পর এডিবির অর্থায়নে এসব আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়। পরে ২০০২ সালে সরকারের সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপার্টমেন্ট (সিএমএসডি) আরও কিছু আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করে। কিন্তু প্রয়োজনীয় কক্ষ, বিশেষজ্ঞ চিকিৎসক, জ্বালানি ও দক্ষ অপারেটর না থাকায় এসব যন্ত্রপাতির অধিকাংশই এখন পড়ে রয়েছে।মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, হাসপাতালে ২০০২ সালে সরবরাহ করা দুটি অত্যাধুনিক ইকো-কার্ডিও আল্ট্রাসনোগ্রাফি মেশিন আছে। সরবরাহকালে এই মেশিনের তিনটি অ্যাবডোমিনাল প্রোব (রোগ নির্ণয় যন্ত্র) খুলে রেখে সংশ্লিষ্ট কোম্পানি সরবরাহ করে। এগুলোর প্রতিটির মূল্য দুই লাখ টাকা। হাসপাতালের কার্ডিওলজিস্ট রজব আলী বলেন, ‘এ কারণে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের এই মেশিন দুটি কোনো কাজে লাগছে না। এই মেশিনে ইন্টারনেটের মাধ্যমে রোগীর রোগ-সম্পর্কে বিশ্বের যেকোনো বিশেষজ্ঞর সঙ্গে যোগাযোগ অর্থাৎ পরামর্শ করার পদ্ধতিও আছে। এ ছাড়া প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের একটি সেন্ট্রাল ভ্যাকুয়াম প্লান্ট মেশিন আছে। রোগীদের নির্গত রক্ত-মলমূত্রসহ তরল সব নোংরা টেনে শোষণ করে তা নির্দিষ্ট স্থানে নিয়ে ধ্বংস করাই এই মেশিনের কাজ। সরবরাহকালে এ মেশিনের পেরিফেরাল সাকসেশন্স ইউনিট যন্ত্রটি না দেওয়ায় তা আজ পর্যন্ত চালু হয়নি। ৪২ লাখ টাকা মূল্যের তিনটি স্ট্রিম স্টেরিলাইজার অটোক্লেভ মেশিন আছে। যা দিয়ে সার্জারিকাজে ব্যবহূত সব যন্ত্রপাতি, আসবাবপত্র, কাপড়চোপড়সহ হাসপাতালকে জীবাণুমুক্ত রাখা যায়। গত বছর একটি মেশিন স্থাপন করা হলেও বাকি দুটি এখনো স্থাপন করা হয়নি। বিশেষজ্ঞ অপারেটর ও উপযুক্ত কক্ষ না থাকায় এগুলো পড়ে থেকে অব্যবহূত অবস্থায় নষ্ট হচ্ছে। চোখের উন্নত পরীক্ষা ও অপারেশনের জন্য দুটি চক্ষু অপারেটিং মাইক্রোস্কোপ ও দুটি স্লিট ল্যাম্প মেশিন আছে। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ১০ লাখ টাকা মূল্যের এই মেশিনটিও দীর্ঘদিন ধরে বাক্সবন্দী। এখানে হূদযন্ত্রে আক্রান্ত মুমূর্ষ রোগীকে কৃত্রিমভাবে সচল রাখতে দুটি প্যাথলজি মাইক্রোস্কোপ ও দুটি ডি-ফ্রেবিলেটর মেশিন থাকলেও তা অচল পড়ে আছে। হাসপাতালে আধুনিক পাঁচটি অপারেশন কক্ষ আছে। কিন্তু যন্ত্রপাতির অভাবে চালু আছে মাত্র দুটি। স্বয়ংক্রিয় বিদ্যুৎ সরবরাহের জন্য অর্ধকোটি টাকা মূল্যের উচ্চক্ষমতাসম্পন্ন একটা জেনারেটর দেওয়া হলেও সামান্য জ্বালানি ও অপারেটর বরাদ্দ না থাকায় তা আজও চালু হয়নি। ১৯৯৮ থেকে ২০০২ সালের মধ্যে নাতাশা করপোরেশন ও সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপার্টমেন্ট (সিএমএসডি) এসব যন্ত্রপাতি সরবরাহ করে।’ অভিযোগ রয়েছে, সরবরাহকালে নাতাশা করপোরেশন যন্ত্রপাতির অনেক মূল্যবান অংশ খুলে রেখেছে।এ ব্যাপারে জেনারেল হাসপাতালের যন্ত্রপাতি বিভাগের প্রধান তাপসকুমার পাল বলেন, ‘অনেক পত্র চালাচালির পর সরবরাহকারী প্রতিষ্ঠান কিছু যন্ত্রপাতি চালু করে দিয়েছে। অন্যান্য যন্ত্রপাতি চালু করা গেলে রোগীদের আধুনিক অনেক চিকিৎসা এখানেই করা সম্ভব হবে।’ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসক, অপারেটর, জ্বালানি ও অবকাঠামো সমস্যার কারণে আধুনিক অনেক যন্ত্রপাতি চালু করা যাচ্ছে না। এ কারণে অনেক মূল্যবান যন্ত্রপাতি পড়ে থেকে নষ্ট হচ্ছে।’মেহেরপুর জেলার সিভিল সার্জন আব্দুস শহীদ বলেন, ‘দীর্ঘদিন পড়ে থাকলেও ইদানীং অনেক যন্ত্রপাতি চালু করাসহ তা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক পদে লোক নিয়োগ হলে অন্যান্য যন্ত্রপাতিও চালু করা সম্ভব হবে। তখন এলাকার কোনো রোগীকে চিকিৎসার জন্য আর বাইরে যেতে হবে না। যন্ত্রপাতি চালু করার ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিক পত্র দেওয়াসহ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’এক নজরে জেনারেল হাসপাতাল ১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২টি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র ১টি পরিবার কল্যাণ কেন্দ্র ৭টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ১৩টি কমিউনিটি ক্লিনিক ৭২টি মোট চিকিৎসকের পদ ৮৬টিআছে ২৫ জনশূন্য পদ ৬১টি।