কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে বিলাসবহুল গাড়ি খালাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া কাগজপত্র তৈরি করে এক কোটি ৩৭ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়ে বিএমডব্লিউ ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি খালাস করে নিয়েছে একটি প্রতারক চক্র। ওই গাড়ির নিবন্ধন করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকার মিরপুরের কার্যালয়ে আসার পর জালিয়াতির ঘটনা ধরা পড়ে। ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সিঅ্যান্ডএফ এজেন্ট খুলনার সুপ্রিম অ্যাসোসিয়েটসের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছে। প্রতারকদের বিরুদ্ধে ২ মে ঢাকার কাফরুল থানায় মামলা করেছেন মংলা শুল্ক কার্যালয়ের যুগ্ম কমিশনার হোসাইন আহমেদ। জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে মামলার চার দিন পর ৬ মে দুজনকে গ্রেপ্তার করে ঢাকার গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার পর্যন্ত পুলিশ ওই গাড়ি এবং মূল হোতাদের আটক করতে পারেনি। মংলা শুল্ক কার্যালয় সূত্রে জানা গেছে, বিলাসবহুল নতুন বিএমডব্লিউ গাড়ি আমদানির পর নিবন্ধন করতে মিরপুরে বিআরটিএর উত্তর সার্কেলে কাগজপত্র দাখিল করা হয়। কাগজপত্রে বলা হয়, গাড়িটি মংলা বন্দর দিয়ে আমদানি করা হয়েছে এবং সোনালী ব্যাংকের মংলা শুল্ক কার্যালয় শাখায় এক কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৪৭৩ টাকার ট্রেজারি চালান জমা দেখানো হয়। নিবন্ধন করতে প্রতিষ্ঠানের নাম দেওয়া হয় প্যানকম ইন্টারন্যাশনাল লিমিটেড। ছবি দেওয়া হয় প্রতিষ্ঠানের কর্মকর্তা মুস্তাকিম আহমেদের। ঠিকানা: ১৪৬ হাফিজ বিল্ডিং, ডিটি রোড, পশ্চিম মাদারবাড়ী, ডবলমুরিং, চট্টগ্রাম। নিবন্ধনপত্রের এক স্থানে গাড়িটিকে ‘জিপ’ আবার কোথাও ‘কার’ লেখা হয়েছে। ত্রুটিপূর্ণ কাগজপত্র থাকায় বিআরটিএর সহকারী পরিচালক মাসুদ আলম গাড়ির শুল্ক এক কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৪৭৩ টাকা ব্যাংকে জমা হয়েছে কি না, জানতে চেয়ে চিঠি পাঠান মংলা শুল্ক কার্যালয়ের কমিশনারকে। সূত্র জানায়, মংলা শুল্ক কর্তৃপক্ষ প্রাথমিকভাবে পুরো বিষয়টি জালিয়াতি বলে শনাক্ত করে যুগ্ম কমিশনার হোসাইন আহমেদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে। হোসাইন আহমেদ ঘটনাটি তদন্ত করে প্যানকম ইন্টারন্যাশনালের কর্মকর্তা মুস্তাকিম আহমেদ, প্যানকম ইন্টারন্যাশনাল ও খুলনার সিঅ্যান্ডএফ এজেন্ট সুপ্রিম অ্যাসোসিয়েটসের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে বলা হয়েছে, মো. মাসুদ, লিবার্টি এন্টারপ্রাইজ, আইয়ুব ট্রেড সেন্টার, চট্টগ্রাম গত বছরের ২০ এপ্রিল বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ি আমদানির জন্য চট্টগ্রামের স্টেশন রোড শাখার এবি ব্যাংকে একটি ঋণপত্র খোলেন। ওই হিসাবে মংলা বন্দরে কনটেইনার নম্বর বিএফআইও/২৩১৫৬২৮ গাড়ি আসে, যা এক কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৪৭৩ টাকা শুল্ক পরিশোধের পর খালাস করা হয়েছে। কিন্তু বাস্তবে ওই কনটেইনারটি এখনো মংলা বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। শুল্ক বিভাগে যে বিল অব এন্ট্রি (আমদানীকৃত সামগ্রী চূড়ান্তভাবে সরবরাহের জন্য শুল্ক বিভাগ প্রদত্ত সার্টিফিকেট) দাখিল করা হয়েছে, তার নম্বরটি সঠিক বলে শনাক্ত করেছেন যুগ্ম কমিশনার হোসাইন আহমেদ। তবে তারপর বিভিন্ন শুল্ক কর্মকর্তার যেসব সিল ও সই দেখানো হয়েছে, তা জাল বলে এজাহারে বলা হয়েছে। সোনালী ব্যাংক মংলা শুল্ক কার্যালয় শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে যে এক কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৪৭৩ টাকা জমা দেখানো হয়েছে তা ঠিক নয়। ব্যাংকের সিলগুলো হুবহু থাকলেও সিরিয়াল নম্বর ও স্বাক্ষরগুলো ছিল জাল।যোগাযোগ করা হলে যুগ্ম কমিশনার হোসাইন আহমেদ প্রথম আলোকে বলেন, মিরপুরে বিআরটিএর কার্যালয়ে গিয়ে তিনি জানার চেষ্টা করেন, ওই গাড়ির কাগজপত্র কে জমা দিয়েছেন এবং গাড়িটি কোথায়। রহস্যজনক কারণে বিআরটিএ কর্তৃপক্ষ এখন আর কিছু বলতে চাইছে না। বিআরটিএ বলেছে, ওই গাড়ির নিবন্ধনের কাগজপত্র দালালদের মাধ্যমে জমা দেওয়া হয়েছে। এতে কোটি টাকার রাজস্ব ফাঁকির সঙ্গে দোষী ব্যক্তিদের শনাক্ত করতে মংলা শুল্ক কর্তৃপক্ষকে বেগ পেতে হচ্ছে। গাড়ি আটকের জন্য তাঁরা ঢাকা মহানগর পুলিশ কমিশনারের শরণাপন্ন হয়েছেন বলে জানিয়েছেন হোসাইন আহমেদ।মংলা শুল্ক কার্যালয়ের কমিশনার এস এম হুমায়ুন কবীর বলেন, একটি বিশাল চক্র বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির ঘটনার সঙ্গে জড়িত। এ ব্যাপারে পুলিশের জোর তদন্ত হওয়া প্রয়োজন।শুল্ক কমিশনার অভিযোগ করেন, ঘটনার মূল নায়ক প্যানকমের মালিক চট্টগ্রামের সীতাকুণ্ডের ইয়াসিন। গাড়িটি উদ্ধার করা গেলেই এই জাল সিন্ডিকেটের সবাইকে শনাক্ত করা যাবে।সিঅ্যান্ডএফ এজেন্ট সুপ্রিম অ্যাসোসিয়েটের লাইসেন্স বাতিল করার পর থেকে তাদের খুলনার কার্যালয় বন্ধ। সুপ্রিম অ্যাসোসিয়েটস, প্যানকম ইন্টারন্যাশনালের মালিক ইয়াসিন ও কর্মকর্তা মুস্তাকিম আহমেদের টেলিফোন ও মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি।