কোটি টাকার লোকসানের বোঝা যে চিনিকলের কাঁধে
জয়পুরহাট চিনিকলে সাড়ে সাত হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আখ মাড়াই শুরু হয়েছে গত ২৬ নভেম্বর থেকে। চলতি আখ মাড়াই মৌসুমে (২০১০-১১ সালে) ১১ হাজার একর জমিতে এক লাখ মেট্রিক টন আখ উৎপাদন হয়েছে। এবার আখ মাড়াই মৌসুমে চিনিকল ৬০ থেকে ৬৫ দিন চালু থাকবে বলে জানা গেছে। তবে মিল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রায় ১০০ কোটি টাকার লোকসানের বোঝা নিয়ে চলছে এই চিনিকল। চিনিকল সূত্র জানায়, গত আখ মাড়াই মৌসুমে ৫৩ হাজার ৭৪২ মেট্রিক টন আখ মাড়াই করে তিন হাজার ৮৯০ মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছিল। গত মৌসুমে চিনিকলটি চালু ছিল মাত্র এক মাস তিন দিন। এতে লোকসান হয় প্রায় ১৪ কোটি টাকা। ১৯৬২ সালে জয়পুরহাট চিনিকল স্থাপিত হওয়ার পর এই পর্যন্ত ৪৮টি আখ মাড়াই মৌসুম পার করেছে। এর মধ্যে ৩২টি আখ মাড়াই মৌসুমে চিনিকল ৬৪ কোটি টাকা লোকসান গুনেছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ৫৫ কোটি টাকা ব্যাংক ঋণসহ পুঞ্জীভূত লোকসানের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। আখচাষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক খাজা নাজিমুদ্দিন অভিযোগ করেন, এই চিনিকলের লোকসানের দুটি কারণ রয়েছে। প্রথমত, এখানে চিনি উৎপাদনের পরিমাণ কম; দ্বিতীয় কারণ হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি। চিনিকল কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, আখ ও চিনির দামের মধ্যে সমন্বয় নেই। প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ পড়ে ৮০ টাকা। আর চিনি বিক্রি হয় ৪৫ টাকা কেজি দরে। আখ কেনা ও চিনি বিক্রির পলিসি সরকার নির্ধারণ করে। এই পলিসিতে গরমিল আছে। দুর্নীতি বিষয়ে তিনি বলেন, যে প্রতিষ্ঠানের এমনিতেই লোকসানে আছে, সেখানে আর কী দুর্নীতি হবে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোফাখ্খারুল ইসলাম বলেন, দেশের চিনিকলগুলোকে লাভজনক পর্যায়ে নিতে হলে আখের মূল্য পুনর্নির্ধারণ করতে হবে। প্রতি মাসে বিপুল অঙ্কের ব্যাংক সুদ মাফ করে মূল টাকা পরিশোধের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। যত্রতত্র আবাদি জমি নষ্টের প্রবণতা রোধ করতে হবে এবং উন্নত জাতের আখবীজের জন্য গবেষণা করতে হবে। এসব উদ্যোগ নেওয়া সম্ভব হলেই একমাত্র দেশের ১৫টি চিনিকলকে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। তিনি দাবি করেন, স্বাধীনতার পর থেকে গত বছর পর্যন্ত করপোরেশন লোকসান দিয়েছে এক হাজার ৭০০ কোটি টাকা। পক্ষান্তরে সরকারকে কর দিয়েছে তিন হাজার কোটি টাকার বেশি। এখানে দেখা যায়, লোকসান অপেক্ষা সরকারকে আয় করে দিয়েছে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা। সে হিসাবে ব্যবস্থাপনা পরিচালক চিনিকলটি লোকসানে আছে তা মানতে নারাজ।