কোটি মানুষের স্বাক্ষর স্পিকারের কাছে (ভিডিও)
যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে সংগৃহীত গণস্বাক্ষর জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের কাছে হস্তান্তর করেছে গণজাগরণ মঞ্চ।আজ রোববার বেলা দুইটার দিকে গণজাগরণ মঞ্চের একটি প্রতিনিধিদল এক কোটি সাত হাজার ৭৬১ জনের গণস্বাক্ষরের প্রতীকী নমুনা ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলীর কাছে হস্তান্তর করে।গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার, কানিজ ফাতেমা ও মেহেদি হাসান তাঁদের দাবির বিষয়ে শওকত আলীর সঙ্গে আলোচনা করেন।ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী গণজাগরণ মঞ্চের প্রতিনিধিদলকে বলেছেন, দাবির বিষয়টি সরকারকে জানাবেন তিনি। সরকারই ব্যবস্থা নেবে।জাতীয় সংসদের স্পিকারের কাছে গণস্বাক্ষর হস্তান্তরের পর ইমরান এইচ সরকার বলেছেন, ৪ এপ্রিল তাঁরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন। তার পরও যদি সরকার ব্যবস্থা না নেয়, তবে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়া হবে।যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে সংগৃহীত গণস্বাক্ষর নিয়ে আজ সকালে শাহবাগের গণজাগরণ মঞ্চের একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের স্পিকারের কাছে যায়।দুপুর পৌনে ১২টায় শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে সংসদ অভিমুখে গণমিছিল বের হয়ে পরিবাগ দিয়ে রওনা হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। মিছিল বাংলামোটর অতিক্রম করার সময় দ্বিতীয় দফায় পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশের বাধা ডিঙিয়ে মিছিল জাতীয় সংসদ অভিমুখে রওনা হলে আবারও ফার্মগেট এলাকায় বাধাপ্রাপ্ত হয়। পুলিশ সেখানে একটি বাস আড়াআড়িভাবে রাস্তার ওপর রেখে গণমিছিলকে আটকে দেয়। একপর্যায়ে মিছিলকারীরা সেখানে অবস্থান নেন। পরে পুলিশি প্রহরায় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ একটি প্রতিনিধিদল জাতীয় সংসদ ভবন যান। আর মিছিলটি শাহবাগে ফিরে আসে।রমনা জোনের ডিসি মারুফ হাসান গণমিছিলে বাধা দেওয়া প্রসঙ্গে জানান, নাশকতার আশঙ্কা থাকায় মিছিলটিকে বাধা দেওয়া হয়েছে।যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে গত ২২ ফেব্রুয়ারি থেকে এক কোটি সাত হাজার ৭৬১ জনের গণস্বাক্ষর সংগৃহীত হয়েছে। স্পিকারের সঙ্গে আলোচনার বিষয়টি আজ সন্ধ্যা ছয়টায় আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানা গেছে।