বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মিথ্যা তুমি দশ পিঁপড়া। মেজবাউর রহমানের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন শিবু কুমার শীল, পরিচালনা করেছেন মেজবাউর রহমান। এতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। কথা হলো তাঁর সঙ্গে।খুব ব্যস্ত নাকি?২৩ দিন দেশে ছিলাম না। অনেকগুলো নাটকের কাজ জমে গেছে। কদিন আগেই ফিরলাম। এসেই চয়নিকা চৌধুরী, কায়সার আহমেদ ও সকাল আহমেদের নাটকগুলোর কাজ শুরু করেছি। ঈদের কাজের চাপও রয়েছে। কোথায় গিয়েছিলেন?যুক্তরাষ্ট্রে। এবারই প্রথম সেখানে গিয়েছি। ধারাবাহিক নাটক ছায়া আদৃতার শুটিংয়ে। কাজের ফাঁকে বিভিন্ন জায়গায় ঘুরেছি। কোন জায়গাটা খুব ভালো লেগেছে?অস্কার যেখানে আয়োজন করা হয়, সেই কোডাক থিয়েটার। এখানে বিশ্বের নামকরা সব পরিচালক আর অভিনয়শিল্পীদের হাতের ছাপ, পায়ের ছাপ এবং স্বাক্ষর দেখেছি। কোডাক থিয়েটারের কথা তো অনেক শুনেছি, এবার ওখানে গিয়ে মুগ্ধ হয়েছি। পাশাপাশি তারকাদের স্মৃতি সংরক্ষণের ধারণা দেখে অবাক হয়েছি। ‘মিথ্যা তুমি দশ পিঁপড়া’ নাটকের কথা বলুন।নাটকের নামটাই খুব মজার। এই পরিচালকের সঙ্গে ২০০৭ সালে কফি হাউজ নাটকটি করার সময়ই মিথ্যা তুমি দশ পিঁপড়ার ব্যাপারে আলোচনা হয়। সব মিলিয়ে নাটকটিতে দশটা চরিত্র দেখানো হয়েছে। যাদের সবার জীবন দাঁড়িয়ে আছে মিথ্যার ওপর। কিন্তু কেউ তা উপলব্ধি করে না। এ ধরনের গল্প সাধারণত পাই না। এখন আপনার কয়টি ধারাবাহিক প্রচারিত হচ্ছে?সব কটি চ্যানেল মিলিয়ে ডজন খানেক তো হবেই। এগুলোর মধ্যে পুতুল নাচের ইতিকথা নাটকটির কথা আলাদা করে বলতে চাই। এখানে শশীভূষণ চরিত্রে অভিনয় করে বেশ ভালো লেগেছে। এরপর অগ্নিরথ নাটকটির কথাও বলব। সম্প্রতি শেষ হলো রুমালী। এখানেও কাজ করে ভালো লেগেছে।‘শুয়াচান পাখি’ চলচ্চিত্রের কী খবর?তিনটি গান আর কিছু দৃশ্যের কাজ বাকি। শুনেছি, এ মাসের মধ্যেই পুরো চলচ্চিত্রের কাজ শেষ হবে।