আদালত চত্বরে নারীর শ্লীলতাহানির চেষ্টা এবং সাংবাদিক-আইনজীবী নির্যাতনের ঘটনায় পুলিশের লালবাগ বিভাগের সহকারী কমিশনার রাজিব আল মাসুদ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খানসহ তিনজনকে প্রত্যাহার ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়। মহানগর পুলিশের উপকমিশনার (সদর দপ্তর) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র জানায়, চার কর্মকর্তার মধ্যে বংশাল থানার উপপরিদর্শক মো. জিয়ারত আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া লালবাগ বিভাগের সহকারী কমিশনার রাজিব আল মাসুদ, কোতোয়ালি থানার ওসি সালাহউদ্দিন খান ও বংশাল থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুককে প্রত্যাহার করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বকর সিদ্দিকী। গত মঙ্গলবার দুপুরে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে মুখ্য মহানগর হাকিম আদালতে আসা এক নারীকে টেনেহিঁচড়ে আদালতপাড়ায় পুলিশ ক্লাবে ঢোকায় পুলিশ। তারা তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। বিষয়টি আদালতে কর্মরত সাংবাদিক-আইনজীবীদের জানানোর সময় পুলিশ মেয়েটিকে টেনেহিঁচড়ে নিয়ে যায় এবং সাংবাদিক-আইনজীবীদের নির্যাতন করে। এ ঘটনায় গত বুধবার রাতে নির্যাতিত ওই মেয়েটির মা বাদী হয়ে মামলা করেন। মামলায় তিনি তাঁর মেয়েকে নির্যাতন, চেইন ছিনতাই ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ করেন। মামলায় সুনির্দিষ্ট করে জামান নামের এক পুলিশ সদস্য ও অজ্ঞাতনামা কয়েকজন পুলিশকে আসামি করা হয়। মামলা করতে মেয়েটির পরিবারকে আইনি সহায়তা দিচ্ছে আইন ও সালিশ কেন্দ্র। বুধবার বিভিন্ন জাতীয় দৈনিকে এ নিয়ে খবর প্রকাশের পর হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মহানগর পুলিশের উপকমিশনার (লালবাগ) হারুন-অর-রশীদ, সহকারী কমিশনার রাজিব আল মাসুদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন খান, দুই উপপরিদর্শক জাহাঙ্গীর ও জামান ও পুলিশ ক্লাবের প্রেসিডেন্টকে তলব করেন। ৬ জুন তাঁদের আদালতে হাজির হয়ে ওই ঘটনার ব্যাপারে ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হয়।