কোথাও কোথাও পুলিশ ছিল নিষ্ক্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল মোকাবিলায় গতকালও পুলিশ অনেকটা নিষ্ক্রিয় ছিল। রাজধানীর ফার্মগেট, মহাখালী, কারওয়ান বাজার, পল্টন, কাকরাইল, বাংলামোটরসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, হরতালের সময় রাস্তায় বা রাস্তার পাশে পুলিশ জড়ো হয়ে চুপচাপ বসে আছে।ঢাকা মহানগর পুলিশের সূত্র জানিয়েছে, গতকাল হরতাল চলাকালে আট হাজারের বেশি পুলিশ-সদস্য দায়িত্ব পালন করেছেন। এ সময় পুলিশ ৬৯ জন হরতাল-সমর্থককে গ্রেপ্তার করে। হরতাল-সমর্থকেরা গতকাল ১৪টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, কারওয়ান বাজার বা বাংলামোটরে জামায়াত-শিবিরের কর্মীরা যখন গাড়িতে ভাঙচুর করেছেন, তখন পুলিশ প্রতিরোধ করার কোনো চেষ্টা করেনি। হামলা করে চলে যাওয়ার পর সাধারণ পথচারী থেকে পুলিশ কাউকে কাউকে ধরে নিয়ে গেছে।তবে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ নিষ্ক্রিয় ছিল এমন অভিযোগ সঠিক নয়। যদি কারও বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হয়, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।গতকাল দুপুর ১২টার দিকে সায়েদাবাদ এলাকায় গিয়ে হরতালে দায়িত্ব পালন করা কোনো পুলিশের দেখা মেলেনি। এই সুযোগে জামায়াত-শিবির বিভিন্ন এলাকায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলার পর যাত্রাবাড়ী থানার পাশে বেশ কয়েকজন দাঙ্গা পুলিশকে মোতায়েন করা হলেও তা ছিল নিতান্তই কম। তবে মিরপুর এলাকায় দেখা গেছে এর উল্টো চিত্র। সকাল থেকেই সেখানে পুলিশ তৎপর ছিল। দিনভর মিরপুর ও পল্লবী এলাকায় মিরপুর ১০ নম্বরসহ বিভিন্ন অলিগলির মুখে পুলিশকে সতর্ক অবস্থান নিতে দেখা যায়। তারা নিয়মিত বিরতিতে টহলও দিচ্ছিল। দুপুরের পর রোকেয়া সরণির একাধিক স্থানে নিরাপত্তা চৌকি বসিয়ে পুলিশ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালায়।পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, পুলিশের কাছে গোয়েন্দা তথ্য ছিল, হরতালে জামায়াত-শিবির নাশকতা চালাতে পারে। এর ভিত্তিতে পুলিশ চিহ্নিত স্থানগুলোতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের আটক করে। ফলে সহিংসতা ঘটাতে এসে তাঁরা আটক হন। উদাহরণ টেনে উপকমিশনার বলেন, মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টিতে জামায়াত-শিবির জড়ো হচ্ছিল। ঠিক এ সময় সেখানে অভিযান চালিয়ে মিরপুর অঞ্চলের শুরা সদস্য মইনউদ্দিনকে আটক করা হয়।