কোথাও কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপকর্ম করে পার পাওয়ার আশায় কিছু সুবিধাবাদী লোক দলে ঢুকে পড়ে। তারা কিছু ঘটনা ঘটিয়ে মনে করে যে পার পেয়ে যাবে। এ বিষয়গুলো সবাইকে নজর রাখতে হবে। কেউ কোনো অন্যায় করলে তাকে ছেড়ে দেওয়া হবে না, তা সে যে দলেরই সদস্য হোক না কেন। যদি কোথাও কোনো বিশৃঙ্খলা বা অসংগতি দেখা যায়, যাতে দলের বদনাম হবে, সমাজের ও মানুষের জন্য ক্ষতিকর হবে সেটা কখনই সহ্য করা হবে না। আজ মঙ্গলবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।শেখ হাসিনা সংগঠনকে শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়ে বলেন, সংগঠন শক্তিশালী হলে অনেক কাজ সহজ হয়। বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অর্থকড়ি নয়, জনগণের ভালোবাসা অর্জনের মধ্যেই রাজনীতিক সফল হন।’সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলের বিরুদ্ধে হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিলেন। এরপর নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা এবং অবৈধ ক্ষমতা বৈধ করার জন্য দল গঠন করে নির্বাচনের নামে জিয়াউর রহমানের প্রহসনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, যে দলের জন্ম অবৈধ পথে তাদের দ্বারা জনগণের কল্যাণে কোনো কাজ হতে পারে না।প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে কেবল তারাই শান্তিপূর্ণভাবে এবং সাংবিধানিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করেছিলেন।—বাসস