কোথাও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে গান পাউডার ছিটিয়ে আগুন দিয়ে তাঁকে সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। একই ধরনের হামলা হয়েছে নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সভাপতির বাড়িতেও। শাজাহানপুরসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হামলা-ভাঙচুর হয়েছে সাবেক ও বর্তমান দুই সাংসদসহ নেতা-কর্মীদের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। এত তাণ্ডবের পরও বগুড়ার কোথাও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। স্থানীয় নেতা-কর্মীদের দাবি, নেতাদের অন্তঃকোন্দলের কারণে বগুড়া জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। প্রায় দুই দশক ধরে জেলা সভাপতির দায়িত্বে থাকা মমতাজ উদ্দিন বর্তমান সাধারণ সম্পাদক মজিবুর রহমানকে নিয়ে নিজের ইচ্ছামতো সংগঠন চালাচ্ছেন। সভাপতি একনায়কতন্ত্র চালাচ্ছেন—এমন অভিযোগ তুলে জেলা কমিটির সহসভাপতি টি এম মুসা, সাবেক পৌর মেয়র ও জেলার সহসভাপতি রেজাউল করিম এবং সাংগঠনিক সম্পাদক টি জামান আলাদা অবস্থান নিয়েছেন। ফলে বগুড়া সদর, শাজাহানপুর, নন্দীগ্রাম, গাবতলী ও শিবগঞ্জ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কমিটি হয়েছে। আর এই পাঁচ উপজেলার সব কটিতেই রোববার সহিংসতা চালিয়েছে জামায়াত-শিবির। সংগঠনে বড় কোনো কোন্দল নেই ধুনট, শেরপুর, সারিয়াকান্দি, সোনাতলা উপজেলায়। সেখানে বড় কোনো বিশৃঙ্খলা হয়নি এই সময়ে। নেতা-কর্মীরা বলছেন, এক দশকেও জেলার সম্মেলন না হওয়ায় কোন্দল চরম আকার নিচ্ছে। এ কারণে সংগঠন যেমন দুর্বল হচ্ছে, তেমনি সত্যিকারের কর্মীরা সংগঠন থেকে দূরে সরে যাচ্ছেন। ভিড়ছে সুযোগসন্ধানীরা। তারা সংগঠনের নাম ভাঙিয়ে সুবিধা নিচ্ছে। প্রয়োজনের সময় সটকে পড়ছে। আওয়ামী লীগের এই সাংগঠনিক দুর্বলতার সুযোগ নিয়ে মাথাচাড়া দিয়ে উঠছে জামায়াত-শিবির। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া-১ আসনের সাংসদ (সারিয়াকান্দি-সোনাতলা) আবদুল মান্নান গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘অন্তত পাঁচটি উপজেলায় কমিটি নিয়ে নানা সমস্যা আছে। বগুড়ায় জামায়াত-শিবিরের পরিকল্পিত হামলার পর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সঙ্গে আমি বিষয়টি নিয়ে কথা বলেছি। আশা করছি, সবাইকে নিয়ে শিগগিরই সমস্যার সমাধান করা যাবে।’ তিনি বলেন, ‘নেতা-কর্মীদের সবাইকে বুঝতে হবে, এখন কোন্দল ভুলে ঐক্যবদ্ধ হওয়ার সময়। সেটি করতে না পারলে সংগঠন আগাবে না।’ সদর: জেলার শীর্ষ দুই নেতা যে কমিটি অনুমোদন দিয়েছিলেন, তাতে আবু সুফিয়ানকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। কিন্তু এর বিরোধিতা করে শহিদুল ইসলামকে সভাপতি ও কাউসার আলীকে সাধারণ সম্পাদক করে পাল্টা আরেকটি কমিটি হয়েছে সেখানে। কাউসার আগের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। একবার শহরের একটি কর্মসূচিতে মমতাজ উদ্দিন তাঁকে মারতে উদ্যত হয়েছিলেন। শুধু সদর উপজেলায় নয়, এখানকার ১১টি ইউনিয়নেও পাল্টাপাল্টি কমিটি রয়েছে। কাউসার আলী প্রথম আলোকে বলেন, ‘বগুড়ার পাঁচটি উপজেলার দ্বন্দ্ব দূর করার বিষয়ে সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের সঙ্গে কথা হয়েছে। সংগঠনের স্বার্থে আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।’ আপনাদের বিভক্তির কারণেই নেতাদের বাড়িতে হামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়ির পাশাপাশি সেদিন আমার ক্লিনিকেও হামলা হয়েছে। এটা তো সত্য, দলে বিভক্তি থাকলে অন্যরা সুযোগ নেবে।’ আবু সুফিয়ানও একই রকম মন্তব্য করে বলেন, ‘নিজেদের মধ্যে বিভক্তি থাকলে সংগঠন দুর্বল হবে।’ জেলার বিভক্তিকে কেন্দ্র করে শহর আওয়ামী লীগের কমিটি নিয়েও দ্বন্দ্ব চলছে। সম্প্রতি সম্মেলনের পর মকবুল হোসেনকে সভাপতি ও বিপ্লব ঘোষকে সাধারণ সম্পাদক করে শহর আওয়ামী লীগের কমিটি করা হয়। কিন্তু জেলার দুই শীর্ষ নেতা এখনো এই কমিটির অনুমোদন দেননি। নন্দীগ্রাম: জাহিদুর রহমানকে সভাপতি ও আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের কমিটি করা হলেও দলের অন্য অংশ রেজাউল আশরাফকে সভাপতি ও স্বপনকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি করেছে। এর মধ্যে নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফের কার্যালয় ও বাড়িতে রোববার হামলা চালিয়ে আগুন দিয়েছে জামায়াত-শিবির। উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলার বিষয়ে জানতে চাইলে জাহিদুর রহমান বলেন, ‘সেদিন রাতের অন্ধকারে যে হামলা হয়েছে, তাতে আমাদের কিছুই করার ছিল না।’ তবে রেজাউল আশরাফ বলেন, নিজেদের মধ্যে ঐক্য থাকলে সেদিন জামায়াত-শিবির ওই তাণ্ডব চালানোর সাহস পেত না। গাবতলী: জেলার শীর্ষ নেতারা আজম খানকে সভাপতি ও আবদুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করে কমিটি করলেও সাবেক সাংসদ কামরুন নাহারকে সভাপতি ও আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি হয়েছে। আজম খান পাল্টা কমিটির দুই নেতাকে জনবিচ্ছিন্ন দাবি করে বলেন, ‘আমার উপজেলায় যে সম্মেলন হয়েছে, তাতে সব নেতা-কর্মী আমাদের সঙ্গেই ছিলেন। তাঁরা নানা ধান্ধা করে দলের ক্ষতি করছেন।’ অন্য পক্ষ উল্টো অভিযোগ করেছেন মূল কমিটির বিরুদ্ধে। শাজাহানপুর: দীলিপ কুমার চৌধুরীকে সভাপতি ও তালেবুর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠন করার পর মাহফুজুর রহমানকে সভাপতি ও এমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে শাজাহানপুরে পাল্টা কমিটি হয়েছে। শাজাহানপুরে রোববার জামায়াত-শিবির ভয়াবহ তাণ্ডব চালায়। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ এ সময় জনতার পাশে দাঁড়াতে পারেনি। শিবগঞ্জ: জেলার শীর্ষ নেতারা এখানে আজিজুল হককে সভাপতি ও মোস্তাফিজার রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি করলেও শাহজাদা চৌধুরীকে সভাপতি ও আবদুল করিমকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি হয়েছে। তবে পাল্টা কমিটির বিষয়টি মানতে নারাজ আজিজুল হক। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘পাল্টাপাল্টি কমিটি কই পেলেন? এখানে সবাই এক।’ শাহজাদা চৌধুরী ও আবদুল করিমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা আবার কে? তারা ঢাকায় থাকে। তাদের সব লোকজন আমাদের সঙ্গে।’ শাহজাদা চৌধুরী ও আবদুল করিম বলেছেন, তারা এখন ঐক্যবদ্ধ হতে চান। নেতারা যা বলছেন: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, জেলা আওয়ামী লীগের প্রায় সব নেতাই ঐক্যবদ্ধ। আর যাঁরা কোন্দল করছেন, তাঁরা জনবিচ্ছিন্ন এবং সংগঠনের জন্য কিছু করেন না। টি জামান বলেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই যে আমরা সংঘবদ্ধ থাকলে আমাদের জেলা সভাপতির বাড়িতে তারা হামলা করার সাহস পেত না। এখন যেকোনো মূল্যে আমাদের এক হতে হবে। সাবেক পৌর মেয়র রেজাউল করিম বলেন, ‘আমরা কেন্দ্রকে বলেছি আলোচনা করে সমস্যার সমাধান করতে।’ স্থানীয় নেতারা অভিযোগ করেন, সবকিছুতে মমতাজ উদ্দিনের স্বেচ্ছাচারিতার বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বগুড়াসহ রাজশাহীর আট জেলার দায়িত্বপ্রাপ্ত আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষেরই দোষ আছে। সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। জেলা আওয়ামী লীগে আমূল পরিবর্তন করা না গেলে এই সমস্যার সহসা সমাধান হবে না।’ তা করা হচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, ৯ মার্চ জেলার সম্মেলন করার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে। এখন সমস্যা সমাধানে সবাইকে নিয়ে আমরা বসব।’