কোথাও ১০০, কোথাও ৩০০ টাকা!
‘সর্বাধুনিক কম্পিউটারাইজড ডায়াগনস্টিক কমপ্লেক্স...’—এ ধরনের বাহারি স্লোগান দিয়ে নিজেদের কার্যক্রম চালাচ্ছে মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড। নগরের কাজলশাহ এলাকায় অবস্থিত এই ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের বিভিন্ন ধরনের রোগনির্ণয় পরীক্ষা করা যায়। ১১ এপ্রিল বিকেল চারটায় সেখানে গিয়ে অনুসন্ধান ডেস্কে এক মহিলাকে বসা অবস্থায় পাওয়া যায়। ‘অনান্য ডায়াগনস্টিক সেন্টারের তুলনায় আপনাদের এখানে ফিয়ের পরিমাণ একটু বেশি কেন’—এ ধরনের প্রশ্ন করতেই তিনি বলেন, ‘ভাই, এটা নিয়ে আমি কিছু বলতে পারব না।’শুধু মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড নয়, নগরের প্রায় সবগুলো ডায়াগনস্টিক সেন্টারের একই রোগনির্ণয় পরীক্ষার জন্য ভিন্ন ভিন্ন ফি নেওয়া হয়। নগরের প্রায় ৩০টি ডায়াগনস্টিক সেন্টার ঘুরে দেখা গেছে, রোগীরা একই ধরনের টেস্ট বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে করাচ্ছে, তবে তাদের একেক জায়গায় একেক ধরনের ফি গুনতে হচ্ছে।খোঁজ নিয়ে জানা যায়, নগরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে, সিটি স্ক্যান, বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা, আলট্রাসনোগ্রাম, মূত্র-পায়খানা পরীক্ষা, ইসিজি, এনডোস্কপি, ইটিটি, ডোপলার ইকো, সিবিসি, এফবিএস, জিটিটি, পিবিএফ, সিসিআরসহ বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়। তবে প্রতিষ্ঠানগুলো এসব পরীক্ষায় নিজেদের ইচ্ছামতো টাকা আদায় করছে।সোনারপাড়া এলাকার ব্যবসায়ী মুজিবুর রহমান বলেন, ‘একই ধরনের পরীক্ষা, অথচ দামের ভিন্নতা আকাশ-পাতাল। কোথাও যে পরীক্ষা করতে ১০০ টাকা লাগে, সেই একই পরীক্ষা আবার আরেক জায়গায় লাগে ৩০০ টাকা। সবকিছু দেখে মনে হচ্ছে, যেন আজব এক জায়গা। এটার দেখার কী কেউ নেই?’তবে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনাকারীরা বলছেন ভিন্ন কথা। নিউ মেডিকেল রোড এলাকার পদ্মা কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক শিখা মোদক বলেন, ‘ডায়াগনস্টিক সেন্টারগুলোর মান, প্রযুক্তি ও আধুনিকতার ওপর ভিত্তি করে টাকার পরিমাণ নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে প্রযুক্তিগত সুবিধা যেসব ডায়াগনস্টিক সেন্টারের বেশি রয়েছে, এদের দামের সঙ্গে সাধারণ সেন্টারগুলোর ফিয়ের আকাশ-পাতাল ব্যবধান থাকে।’