কোথায় আছেন লাকি
মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় বসবাসরত লাকি আক্তার (২০) নামের এক তরুণী গত শবে বরাতের ঠিক তিন দিন পর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশে রওনা হওয়ার পর থেকে নিখোঁজ আছেন। ‘একটি প্রাইভেট কারে রাত সাড়ে ১১টার দিকে আমার বোনকে নিয়ে যান দুলাভাই বিপুল (ওরফে সজল)। এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি তাঁর। এখন আমার বোন বেঁচে আছেন, না কী অবস্থায় আছেন, সেটা নিয়ে আমরা দুশ্চিন্তার মধ্যে আছি।’—বলছিল লাকি আক্তারের ছোট বোন সাকি (১৬)।চার ভাইবোনের মধ্যে সবার বড় লাকি। হতদরিদ্র পরিবারের লাকির বাবা মো. ছাকাত আলী মন্ডল (৬০) রিকশা চালান আর মা মারা গেছেন অনেক আগেই। মুঠোফোনে বিপুলের সঙ্গে লাকির পরিচয়ের সূত্র ধরে প্রণয়। ২০১০ সালের ১৪ অক্টোবর তাঁরা দুজন বিয়ের হলফনামা করেন, যাতে বিপুলের নাম মো. সজল ব্যবহার করা হয়। বিয়ের পর বিপুল কখনো লাকিকে তাঁর শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে যোগাযোগ করার কথা বলতেন না, কিংবা শ্বশুরবাড়ি টাঙ্গাইলে নিয়ে যাওয়ার কথাও কখনো বলেননি। মাঝেমধ্যে বিপুল এসে দেখা করে যেতেন। এরই মধ্যে লাকি উপলব্ধি করেন তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। বিপুল প্রথমে বাচ্চাটা নষ্ট করার জন্য লাকিকে জোর করলেও লাকি তাঁর কথা শোনেননি। একদিন বিপুল লাকিকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেন। যেদিন নিয়ে যাওয়ার দিন নির্ধারিত হয়, সেদিন অনেক কষ্ট আর টানাপোড়েনের মধ্যেও ভাইবোনেরা মিলে বোনকে শ্বশুরবাড়িতে পাঠানোর আয়োজন করেন। কিন্তু সকাল নয়টা পার হয়ে গেলেও বিপুলের কোনো দেখা নেই। অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ করে রাত সাড়ে ১১টার দিকে বিপুল আসেন লাকিকে নিয়ে যাবেন বলে। তিনি লাকিকে তাড়াতাড়ি তৈরি হতে বলেন। কারণ, বাইরে তাঁদের বাসা থেকে অনেক দূরে একটি প্রাইভেট কার নিয়ে এসেছেন তাঁকে নিয়ে যাবেন বলে। এদিকে এত রাতে ভাইবোন, বাবা কেউ লাকিকে যেতে দিতে রাজি হননি। তার পরও লাকি যাবেন, বিপুলও তাঁকে একা নিয়ে যাবেন। অনেকবার লাকির ছোটবোন তাঁর সঙ্গে যেতে চাইলেও কাউকে লাকির সঙ্গে নেবেন না বলে জানিয়ে দেন বিপুল। এরই মধ্যে তাঁকে এগিয়ে দিতে গিয়ে তাঁর বান্ধবী দেখতে পান প্রাইভেট কারে চালক ছাড়াও একজন লোক বসে আছেন পেছনের আসনে। কথা বলার সুযোগ না দিয়ে গাড়িতে করে চলে যান তাঁরা। এর পর থেকে ফোন করলে বিপুল বিভিন্ন ধরনের বাহানা তৈরি করে তাঁদের লাকির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে দেন না। লাকির কোনো খোঁজ না পেলে অনেক অনুরোধের পর বিপুল জানান, চলতি বছরের ২৮ আগস্ট দেশের বাইরে চলে যাবেন যেদিন, সেদিন রাতে ফোন দিলে লাকির সঙ্গে কথা বলা যাবে। কিন্তু সেদিন রাতে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এর পর থেকে বিপুলেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। মিরপুরের পূরবী থানায় ডায়েরি করতে গেলে স্থানীয় পুলিশ তাঁদের টাঙ্গাইলে গিয়ে মামলা করতে বলে। মেয়েকে খুঁজবেন, না মামলা করবেন, এসব ভেবে তাঁর বাবা আর ছোট বোনের জামাই টাঙ্গাইলে গিয়ে বিপুলের এক ঘনিষ্ঠ বন্ু্লর দেখা পান।লাকি আর বিপুলের অবস্থা সম্পর্কে জানতে টাঙ্গাইলের মির্জাপুরে কর্মরত বিপুলের বন্ু্লর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বিপুল বিদেশে চলে গেছেন। তবে কোন দেশে গেছেন, এটা তিনি জানেন না। বিপুলের বাবা-মায়ের ঠিকানাও দিতে চাননি তিনি। আর লাকি কোথায়, তা-ও তাঁর জানা নেই।