কোথায় কী ঘটতে যাচ্ছে, বোঝা কঠিন: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন ‘রামুতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও বাড়িঘরে হামলা চালানো হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই যুদ্ধাপরাধীরাই ২০০১ সালে বিএনপির সঙ্গে থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে একই কায়দায় বিভিন্ন জায়গায় বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল। সেটা এখনো চলছে।’ হানিফ বলেন, ‘প্রশাসনের কোনো ব্যর্থতা নেই। পরিকল্পিতভাবে কোথাও কোনো কিছু হলে সে ক্ষেত্রে প্রশাসন ঘটনা ঘটার পর ব্যবস্থা নিতে পারে। ঘটনার আগে কোথায় কী ঘটতে যাচ্ছে, তা বোঝা কঠিন হয়ে পড়ে।’ আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজের নতুন প্রশাসনিক ভবন কাম পরীক্ষা নিয়ন্ত্রণ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে দুপুরের দিকে তিনি কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন।বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আ.লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশে সব ধর্মপ্রাণ মানুষের আস্থা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার ওপর। আওয়ামী লীগের ওপর সবার আস্থা আছে। আজকে বিরোধী দলে থেকে জঙ্গি বাহিনী দিয়ে তারা পরিকল্পিতভাবে এ ধরনের ধ্বংসাত্মক কাজ করে এই আস্থা নষ্ট করতে চায়।’ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের আধিপত্য ও অস্থিরতা সম্পর্কে হানিফ বলেন, ‘ইতিমধ্যে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান সৃষ্টি করে শিক্ষার মান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অসংগতি আছে, আমরা ইতিমধ্যে সরকারিভাবে তদন্ত শুরু করেছি। ছাত্র-শিক্ষকদের ত্রুটি-বিচ্যুতি দেখে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।’এ সময় আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা, কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।