কাঠফাটা রোদে মহাসড়ক ধরে চলেছে একটা ভ্যানগাড়ি। সে গাড়িতে শুয়ে অমল চন্দ্র দাস। উদ্ধারের পর চিকিৎসকেরা তাঁর ভাঙা পায়ে ব্যান্ডেজ করে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি বাড়ি থাকতে পারছেন না। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রিনা দাসকে নিয়ে তাই যন্ত্রণায় কাতর অমল এক স্বাস্থ্যকেন্দ্র থেকে ছুটছেন অন্য স্বাস্থ্যকেন্দ্রে।হাসপাতাল থেকে বাড়ি ফিরে অনেকেই অমলের মতো নানা শারীরিক জটিলতায় ভুগতে শুরু করেছেন। তাঁরা জানেন না ঠিক কোথায়, কার কাছে যাবেন। কোথায় গেলে যন্ত্রণা থেকে মুক্তি মিলবে। তাঁদের কারও হাত ভেঙেছে, কারও পা, কারও বা মাথায় জখম।রিনা দাস প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী নিউওয়েভ স্টাইলের মাননিয়ন্ত্রণ শাখার কর্মচারী অমল অন্য দিনের মতোই ২৪ এপ্রিল কাজে বেরিয়েছিলেন। ভবনধসের তিন-চার ঘণ্টার মধ্যেই তাঁকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা পায়ে ব্যান্ডেজ করে দিয়ে ছয় সপ্তাহ পর দেখা করতে বলেছেন। মাথায় একটা জখম ছিল। সেলাই কাটা হয়েছে। কিন্তু স্বামী যন্ত্রণায় টিকতে পারেন না, ছটফট করেন। স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতেই ইশারায় অমল এই প্রতিবেদককে কাছে ডাকেন। তিনি বলেন, জোরে শব্দ হলে তাঁর মনে হয়, মাথা ছিঁড়ে যাবে।রানা প্লাজার অষ্টমতলায় অমল চন্দ্র দাসেরই আরেক সহকর্মী আবদুল হান্নান। হান্নানের মাথার ওপর বিম ধসে পড়েছিল। উদ্ধারের পর মাথায় সেলাই পড়েছে। হান্নানের স্ত্রী খাদিজা বেগম বলেন, স্বামী মাথায় হাত দিয়ে শুধু চিৎকার করেন। যন্ত্রণায় টিকতে না পেরে ভাঙচুর করেন। কখনো জিনিসপত্র ছুড়ে মারেন, কখনো কাঁদেন। মডার্ন মার্কেটের নিচতলায় ভ্রাম্যমাণ স্বাস্থকেন্দ্রে গিয়ে দেখা গেল, হান্নান মাথা চেপে ধরে বসে আছেন। সেলাইয়ের কাছে মাথার একটা অংশ তখনো বেশ ফোলা। খাদিজা বলেন, ‘সারা রাত হ্যায় ঘুমায় না। লাফ দিয়া দিয়া ওঠে। যারে যা কওন নাই, তা-ই কয়। ঘুমের মধ্যে চিৎকার দিয়া ওঠে। বলে, মাথার ওপর সব ধইসা পড়তেছে।’শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক কে এম হালিমুর রেজা বলেন, ‘বিভিন্ন রকম আঘাত নিয়ে শ্রমিকেরা স্বাস্থ্যকেন্দ্রে আসছেন। অনেককেই আমরা ঢাকার বিশেষায়িত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছি।’ঢাকার সিভিল সার্জন জসীমউদ্দীন খান প্রথম আলোকে বলেন, সবচেয়ে বেশি সংখ্যক রোগী ভর্তি আছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল)। ১০৫ জন রোগী এখন সেখানে রয়েছেন। এ ছাড়া এনাম মেডিকেলে আছেন ৭২ জন, সিআরপি সাভারে ৪৫ জন, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন ভর্তি আছেন। স্থানীয় কিছু ক্লিনিকেও কিছু শ্রমিক চিকিৎসা নিচ্ছেন।যাঁরা চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন, শুধু তাঁরাই নতুন করে যন্ত্রণা ভোগ করছেন তা নয়। চিকিৎসাধীন অবস্থায়ও নিত্যনতুন ঝুঁকির মুখে পড়ছেন আহত শ্রমিকেরা।গতকাল শুক্রবার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কথা হয় শাহিনূরের সঙ্গে। পা কেটে ফেলতে হয়েছে তাঁর। কাটা জায়গাটা থেকে নতুন করে ক্ষত সৃষ্টি হয়েছে। চোখে গতকালও জমেছিল রক্ত। চিকিৎসকেরা শঙ্কিত তাঁকে নিয়ে। শাহীনূরের শঙ্কা ভবিষ্যৎ নিয়ে। ভাঙা গলায় তাঁকে বলতে শোনা গেল, ‘একটাই মেয়ে আমার। শাহনাজ। স্বামী সেই কবে চইলে গিছে। শাহনাজক বড় কত্তেই তো ঢাকা শহরত আসিছি। এখন কি হবি...।’ পাশে দাঁড়িয়ে থাকা চাচি শাহীনূরকে সান্ত্বনা দেন, ‘আল্লাহ আল্লাহ কর, বেটি। আল্লাহ আল্লাহ কর।’