কোথায় যেন আটকে গেছি আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদি প্রশ্ন করা হয়, বাংলাদেশের জনসংখ্যার সঠিক পরিমাণ কত? এটি এ মুহূর্তে ঢাকা শহরে কতটি কাক আছে—এ ধরনের প্রশ্ন করার মতো। কারণ, যতক্ষণ পর্যন্ত না পূর্ণ গণনা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ২০১০ সালে বাংলাদেশের সঠিক জনসংখ্যার পরিমাণ কত তা বলা মুশকিল। আমাদের দেশে পূর্ণ গণনা (যা আদমশুমারি নামে পরিচিত) করা হয়েছিল ২০০১ সালে। সেই গণনা অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যা ছিল ১৩ কোটি। এর পর থেকে যে সংখ্যাগুলো প্রতিবছর প্রকাশিত হয়েছে, সেগুলো সবই প্রাক্কলিত সংখ্যা। প্রাক্কলনটি কী পদ্ধতিতে করা হচ্ছে, কী পূর্বানুমান ধরা হচ্ছে, কী উপাত্ত ভিত্তির ওপর করা হচ্ছে, তার ওপর নির্ভর করবে সংখ্যাটি কী হবে। সে কারণে আমরা বিভিন্ন উৎসে বিভিন্ন রকম সংখ্যা মান পাই। তবে লক্ষ রাখা প্রয়োজন যে সংখ্যাটি একটি অবাস্তব চিত্র প্রদর্শন করছে কি না। অথবা এর পেছনে কোনো জনবৈজ্ঞানিক রাজনীতি কাজ করছে কি না।গত ২০ অক্টোবর ২০১০ তারিখে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ‘স্টেট অব দ্য ওয়ার্ল্ড পপুলেশন ২০১০’ রিপোর্টটি প্রকাশিত হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের মোট জনসংখ্যার পরিমাণ বলা হয়েছে ১৬ কোটি ৪৪ লাখ। গত এক বছরে জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ দেখানো হয়েছে ২২ লাখ। এর সঙ্গে জনসংখ্যা-সম্পর্কিত আরও অন্যান্য সূচকের মাত্রাও উল্লেখ করা হয়েছে। জনসংখ্যার এই আকারটি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। কেউ বলছেন, সংখ্যাটি প্রকৃত অবস্থার তুলনায় বেশি। কেউ বা বলছেন, বিদেশি দাতাগোষ্ঠী ও সাহায্য সংস্থাগুলো আমাদের ওপর এ ধরনের সংখ্যা চাপিয়ে দিয়ে বাংলাদেশের প্রকৃত উন্নয়নের মাত্রাকে ঝাপসা করে দেওয়ার চেষ্টা করছে। আবার কেউ বলছেন, তা প্রকৃত সংখ্যার চেয়ে কম। আবার কেউ কেউ মত প্রকাশ করছেন যে সংখ্যাটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।এই চার ধরনের মতামতের মধ্যে নিঃসন্দেহে যেকোনো একটি সত্য হবে। কিন্তু কোনটি সঠিক তা এ মুহূর্তে প্রমাণ করা সম্ভব নয়। এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে বাংলাদেশের নতুন আদমশুমারির ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত। সুখবরটি হলো, ২০১১ সালে আমরা মোটা দাগে তিনটি উপাত্ত সম্ভার পেতে যাচ্ছি। প্রথমটি হলো—বাংলাদেশের পপুলেশন সেন্সাস রিপোর্ট, দ্বিতীয়টি ম্যাটারনাল মর্টালিটি সার্ভে রিপোর্ট এবং তৃতীয়টি বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে রিপোর্ট। এই রিপোর্টগুলো প্রকাশিত হওয়ার পরই আমরা জনসংখ্যাসম্পর্কিত বহু হালনাগাদ তথ্য পাব। তবে ওই রিপোর্টের যে তথ্যটি সবচেয়ে অগ্রহণযোগ্য সেটি হলো, মাতৃমৃত্যুহার, যা ওই রিপোর্টে বলা হয়েছে ৫৭০। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে জানি যে বাংলাদেশের মাতৃমৃত্যুহার ৩২০। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘ শিশু তহবিল বলছে ৩৪৮। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়েছে ২৯০। এ প্রাক্কলনগুলোর তুলনায় রিপোর্টে উল্লিখিত সংখ্যাটি অনেক বেশি অস্বাভাবিক।যাই হোক, জনসংখ্যার আকার, বিন্যাস ও পরিবর্তনের গতিপ্রকৃতির সঙ্গে সংশ্লিষ্ট সমস্যাগুলো নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক দুটো পর্যায়েই রাজনীতি হয়ে থাকে। কখনো জাতীয় সরকার ও রাজনৈতিক দর্শন পরিবর্তনের ফলে বিভিন্ন নীতিমালার পরিবর্তন হয়, আবার কখনো আন্তর্জাতিক উন্নয়ননীতি পরিবর্তনের ফলে দাতাগোষ্ঠী বা উন্নয়নের সহযোগী প্রতিষ্ঠানের অগ্রাধিকারের পরিবর্তন ঘটে। সে যে রাজনীতির প্রাধান্যই থাকুক না কেন, জনসংখ্যার প্রসঙ্গটি সব সময়ই আমাদের সামনে জনসংখ্যা নিয়ন্ত্রণের মোড়কে উপস্থাপিত হয়েছে। জনসংখ্যার বিষয়টিকে কখনো উন্নয়ন প্রত্যয় হিসেবে বিবেচনা করা হয়নি। স্বাভাবিকভাবেই জনসংখ্যার প্রসঙ্গটি পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে আসেনি। আর যতক্ষণ এটি না আসছে, ততক্ষণ জনসংখ্যা প্রত্যয়টির প্রকৃত গতিশীলতার একটি ঋণাত্মক চিত্রই আমাদের সামনে উপস্থাপিত হবে।ইউএনএফপিএ কর্তৃক প্রকাশিত রিপোর্ট উন্মোচনের পর বাংলাদেশ সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী তাঁর ভাষণে যে বক্তব্য রেখেছেন, সে বক্তব্যে দুটি বিষয়ের উল্লেখ খুবই প্রণিধানযোগ্য। প্রথমটি হলো, খাদ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে। দ্বিতীয়টি হলো, উন্নয়ন কর্মকাণ্ডে দাতাগোষ্ঠীর সহযোগিতা প্রসঙ্গে। তিনি বলেছেন, এ বছর বাম্পার ফলন হওয়া সত্ত্বেও চালের দাম কেন বেড়েছে তা তাঁর কাছে স্পষ্ট ছিল না। কিন্তু এ রিপোর্টে উল্লিখিত উপাত্ত দেখে তিনি বুঝতে পেরেছেন যে এ বছর বাম্পার ফলনের পাশাপাশি ২২ লাখ মানুষ যুক্ত হয়েছে। এই অতিরিক্ত ২২ লাখ মানুষের জন্য আগাম কোনো ব্যবস্থা তো করে রাখা হয়নি। দ্বিতীয় প্রসঙ্গটি হলো, অন্যান্য বিষয়ের মতো জনসংখ্যা পরিকল্পনার বিষয়েও দাতাগোষ্ঠীর সহযোগিতার পরিমাণ কমে গেছে। বিষয়টি অনুধাবন করতে পারার জন্য খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।খাদ্যমূল্য বৃদ্ধির আরেকটি কারণ হলো বিশ্ববাজারে খাদ্যের মূল্যবৃদ্ধি। এর সঙ্গে আমরা এও জানি যে খাদ্য রপ্তানিকারক দেশের সংখ্যাও কমছে। অতএব আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা এবং জনসংখ্যার বৃদ্ধি, দুটো মিলে একসঙ্গে একটি যৌগিক সমস্যা তৈরি করে, যার প্রভাব অন্যান্য সেক্টরের সমস্যাগুলোকেও জটিল করে তোলে। যেমন একটি শিশুর জন্ম হলে তার সঙ্গে সংশ্লিষ্ট অনেক কিছুর নতুন প্রয়োজনীয়তা তৈরি হয়। শিশুটির জন্মের পর থেকে ডাক্তার, নার্স, ক্লিনিক/হাসপাতাল, খাদ্য, বস্ত্র, বাসস্থান, যানবাহন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কমিউনিটি সেন্টার, কর্মসংস্থান, রাস্তাঘাট ইত্যাদির প্রয়োজন হয়ে পড়ে। এসব প্রয়োজন বিদ্যমান অবকাঠামোয় সংকুলান হয় না। তাই নতুন করে এগুলোর জন্য পরিকল্পনা গ্রহণ করতে হয়। দেশের সরকার সে বিষয়ে সচেতন রয়েছে এবং সেসব বিষয়ে ব্যবস্থা গ্রহণেও সচেষ্ট রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তা করতে গিয়ে বাংলাদেশের মতো একটি ছোট ভূখণ্ডের জনপদেও যে দ্রুত বিস্তৃতি ঘটছে, তা ঘটছে কৃষি জমি, বন, খাল-বিল, নদী-নালা ইত্যাদি সংকোচনের বিনিময়ে। যদি কৃষিজমির সংকোচন অতি দ্রুত ঘটতে থাকে, তবে দেশের খাদ্য উৎপাদনও কমতে থাকবে।বিজ্ঞানের বিভিন্ন কৃৎ-কৌশল ব্যবহারের মধ্য দিয়ে বহুগুণে খাদ্য উৎপাদন সম্ভব এবং তা দিয়ে একটি বৃহৎ জনগোষ্ঠী প্রতিপালন করাও সম্ভব। কিন্তু খাদ্য উৎপাদনের বিষয়টিকে বিচ্ছিন্নভাবে চিন্তা করলে প্রকৃত সমস্যাটি অনুধাবন করা সম্ভব হবে না। যদি ফসল উৎপাদনের জন্য কৃষি জমির ঘাটতি দেখা দেয়, সে ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের সুযোগ সীমিত হয়ে পড়ে। অন্যদিকে, যদি ভোক্তার সংখ্যা বাড়তে থাকে, তাহলে সমস্যাটি আরও জটিল আকার ধারণ করে। বাংলাদেশের মতো ছোট একটি ভূখণ্ডে খাদ্য উৎপাদনের প্রকৃত সম্ভাবনা ও এর কতটুকু ব্যবহার করা সম্ভব হবে তা খুব সতর্কতার সঙ্গে ভাবতে হবে। এ প্রসঙ্গে কেউ যুক্তি তুলতে পারেন যে এটি একটি ম্যালথাসীয় ভবিষ্যদ্বাণী, যা ঐতিহাসিকভাবে ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে ভুল প্রমাণিত হয়েছে তখনই, যখন বিজ্ঞান-প্রযুক্তি ও শিল্প বিকাশের মাধ্যমে একদিকে খাদ্য উৎপাদনের মাত্রা বৃদ্ধি ও জীবন ধারণের মান উন্নয়ন এবং অন্যদিকে, মানুষের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ছোট পরিবার গঠনের ফলে সংকটটি দূরীভূত হয়েছে। বাংলাদেশেও আমরা এ ধরনের একটি বিকাশ প্রত্যাশা করতে পারি। আর যতক্ষণ তা না হচ্ছে, ততক্ষণ জনসংখ্যা প্রবৃদ্ধির এ অসহনীয় চাপকে মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।একটি বৃহৎ জনগোষ্ঠীকে সব সময় সমস্যা হিসেবে মনে করার কোনো যুক্তিসংগত কারণ নেই। জনসংখ্যা একটি জাতির জন্য শক্তি ও সম্পদ হিসেবেও বিবেচিত হতে পারে। ঐতিহাসিকভাবেই আমরা দেখেছি যে মোট জনসংখ্যার ৫৬ শতাংশ বাঙালি হওয়ার ফলে সেটি আমাদের সব রাজনৈতিক আন্দোলন সংগ্রামে একট শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করেছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জনসংখ্যার আকারটি প্রধান নিয়ামক উপাদান হিসেবে কাজ করেছে। বাংলাদেশের জনসংখ্যা-কাঠামোয় যে পরিমাণ যুবশক্তি রয়েছে তা আমাদের মানবসম্পদের একটি শক্ত ভিত্তি। কিন্তু এই যুবসমাজের অধিকাংশই নির্ভরশীল ও অদক্ষ।প্রয়োজনের তুলনায় কর্মসংস্থানের ব্যাপক ঘাটতি থাকার ফলে গ্রামীণ অর্থনীতি ধীরে ধীরে এমন একটি অবস্থার দিকে যাচ্ছে, যাতে করে গ্রামীণ মানুষ বাধ্য হচ্ছে শহরের দিকে ধাবিত হতে। বাংলাদেশে ছোট শহরগুলো সেই প্রয়োজনীয়তা মেটাতে পারছে না বলে মানুষের স্থানান্তরের লক্ষ্যস্থল হয়ে পড়ছে রাজধানী শহর ঢাকা। কিন্তু ঢাকা একটি মেগাসিটি হিসেবে সেই অতিরিক্ত জনসংখ্যাকে ধারণ করতে পারছে না। ফলে শহুরে জীবন হয়ে পড়ছে পর্যুদস্ত। বাড়ছে বস্তিবাসী মানুষের সংখ্যা। বাংলাদেশের প্রধান শহরগুলোতে বস্তিবাসী মানুষের সংখ্যা প্রায় ৩৫ শতাংশ, আর ঢাকা শহরে তা প্রায় ৪০ শতাংশ। এর ফলে শহরের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ছে এবং শহরে বাড়ছে দারিদ্র্য। সারা দেশে শহরায়ণের হার যেখানে ৩.৭ শতাংশ, সেখানে বস্তিবৃদ্ধির হার ৭ শতাংশ। এ পরিসংখ্যান একটি ভীতির সঞ্চার করে বটে। অথচ শহরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কোনো পরিবার পরিকল্পনা কর্মসূচি নেই। রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরশন ও মিউনিসিপালিটির তত্ত্বাবধানে এনজিও দ্বারা পরিচালিত কিছু প্রকল্প কর্মসূচি। এসব কর্মসূচির খবর অনেক মানুষই জানেন না।আগামী ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের শহুরে জনসংখ্যার পরিমাণ দাঁড়াবে ৪৮ শতাংশ। এটি একদিক থেকে মনে হতে পারে উন্নয়নের একটি ধনাত্মক সূচক। কিন্তু ওপরের পরিসংখ্যানগুলো যে দিকনির্দেশ করে তা একটি ঋণাত্মক ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। বাংলাদেশের জনসংখ্যার যে গতিশীলতা তা একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও এ মুহূর্তে এটি একটি অশনিসংকেতের বার্তা বহন করে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের একটি লক্ষ্যমাত্রা হলো মাতৃমৃত্যুহার কমিয়ে আনা। আমরা আগেই উল্লেখ করেছি যে বাংলাদেশে বর্তমানে মাতৃমৃত্যুর হার হলো ৩.২। এই মাতৃমৃত্যুহারের সংখ্যার মানটি ছোট দেখালেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এটি অনেক বেশি। যদিও সরকার মাতৃমৃত্যুর হার রোধের লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। সেই ব্যবস্থাগুলোর কার্যকর ফলাফল পাওয়ার জন্য অন্যান্য সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনবৈজ্ঞানিক চলকগুলোকেও বিবেচনায় আনতে হবে। যেমন নারীর বিয়ের গড় বয়স। বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে ২০০৭ অনুযায়ী, বাংলাদেশে নারীর বিয়ের গড় বয়স ১৫.৩। গত দশ বছরে এই বিয়ের বয়স বৃদ্ধি পেয়েছে মাত্র এক বছর। অথচ নারীর আইনগত বিয়ের বয়সটি হলো ১৮ বছর। আর আমাদের সাংস্কৃতিক আচরণ অনুযায়ী বিয়ের পরপরই নারীকে সন্তান জন্ম দিয়ে প্রমাণ করতে হয় যে তিনি নারী। সেখানেই শেষ নয়। তাঁকে ঘন ঘন সন্তান জন্ম দিতে হয়। উপরন্তু নারীর পূর্ণ অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এখনো নিশ্চিত করা যায়নি। যদি অল্প বয়সে নারীর বিয়ে হয়, বিয়ের পরপরই নারীকে সন্তান জন্ম দিতে হয়, ঘন ঘন সন্তান জন্ম দিতে হয় এবং নারীর অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে মাতৃমৃত্যুহার রোধের অন্যান্য যে ক্লিনিক্যাল ব্যবস্থাপত্র রয়েছে তা প্রত্যাশিত ফলাফল দেবে না।বাংলাদেশের জনসংখ্যার বয়সকাঠামো অনুযায়ী আগের তুলনায় অধিক সংখ্যক নারী প্রতিবছর প্রজনন বয়সে (১৫-৪৯) প্রবেশ করেছে। ২০০১ সালে প্রজনন বয়সে নারীর মোট পরিমাণ ছিল তিন কোটি ১৮ লাখ, ২০১০-এ হয়েছে চার কোটি আট লাখ এবং ২০২১ সালে তা গিয়ে দাঁড়াবে প্রায় চার কোটি ৮০ লাখ। বয়সভিত্তিক জন্মশীলতার হার আগের তুলনায় কমে এলেও ১৯ বছরের কম বয়সী নারীরা (কিশোরী মা) মোট প্রজননহারে বেশি পরিমাণে অবদান রাখছে। ১৯৯১ সালে কিশোরী মায়েদের বয়সভিত্তিক জন্মশীলতার হার ১৭৯ থেকে ২০০৭-এ ১২৬-এ নেমে এলেও মোট প্রজননহারে কিশোরী মায়েদের অবদানের পরিমাণ একই সময়কালে ২০.৮ থেকে বেড়ে ২৩.৩ শতাংশ হয়েছে। এ মাত্রা বাড়তে থাকলে প্রতিস্থাপনযোগ্য মাত্রা অর্জনে বিলম্ব ঘটবে এবং জনসংখ্যার স্থিতিশীলতা আসতে যথেষ্ট বিলম্ব হবে। জনসংখ্যার এই অন্তর্নিহিত গতিশীলতা দ্রুত নিয়ন্ত্রণে আনতে না পারলে উন্নয়নের অনেক প্রচেষ্টাই হুমকির সম্মুখীন হবে।বাংলাদেশের জনসংখ্যার উদ্বেগজনক পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় কী? এ ক্ষেত্রে বিভিন্ন মত রয়েছে। কেউ বলবেন, জনসংখ্যা হলো সম্পদ। তাই একে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কাজে লাগাতে হবে। কেউ বলবেন, জনসংখ্যা প্রবৃদ্ধির লাগামহীন হারকে দ্রুত নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। কেউ বলবেন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে। যে যা-ই বলুন না কেন, সর্বাগ্রে যেটি করা প্রয়োজন তা হলো জনসংখ্যার বিষয়টিকে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে এটিকে উন্নয়নের একটি প্রত্যয় হিসেবে ভাবা। উন্নয়নের প্রতিটি সেক্টরের কেন্দ্রবিন্দুতে জনসংখ্যার আকার, বিন্যাস, এর গতিপ্রকৃতি এবং পরিবর্তনের গতিশীলতাটিকে মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করতে হবে। সেই পরিকল্পনার অংশ হিসেবে একযোগে জনসংখ্যার ব্যবস্থাপনা, মানবসম্পদ উন্নয়ন ও পরিবার পরিকল্পনার প্রতি সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। এই প্রাধান্যটি একটি সাধারণ পরিকল্পনার মধ্য দিয়ে গ্রহণ করলে হবে না, তা বিভিন্ন এলাকা, জনগোষ্ঠী ও বয়োগোষ্ঠীর চাহিদা মোতাবেক সুনির্দিষ্ট হতে হবে এবং তা করতে হবে একটি মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচের মাধ্যমে। সব জনবৈজ্ঞানিক রাজনীতির মারপ্যাঁচ থেকে বেরিয়ে এসে প্রয়োজনে জনসংখ্যা ব্যবস্থাপনা ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক একটি নতুন মন্ত্রণালয় গঠন করতে হবে।সাধারণভাবে, সর্বস্তরের মানুষের মধ্যে একটি ধারণার জন্ম হয়েছে যে বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি বোধ হয় বন্ধ হয়ে গেছে। ধারণাটি সত্য নয়। যেটি সত্য তা হলো এই কর্মকাণ্ডগুলো দৃশ্যমানতা হারিয়েছে। এর ব্যাপক প্রচারণা কমে গেছে। এর প্রাতিষ্ঠানিক কাঠামো দুর্বল হয়েছে। এ কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় লোকবল কমেছে। এর মাথাপিছু রিসোর্স অ্যালোকেশন কমেছে। সর্বোপরি যে গতিতে এই কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়িত হতো, তার গতি স্তিমিত হয়ে এসেছে। এর সবকিছুর প্রতিফলন লক্ষ করা যায় অপূর্ণ চাহিদা, পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার ও এর সরবরাহ, পদ্ধতি ব্যবহার বন্ধ করে দেওয়া, যথাযথ পদ্ধতির মিশ্রণ ইত্যাদি সংক্রান্ত সূচকের মানের মাধ্যমে। কেউ যুক্তি তুলতে পারেন যে পরিবার পরিকল্পনা কর্মসূচির মাধ্যমে জনসংখ্যা প্রবৃদ্ধির হার কমিয়ে আনতে আমরা অনেকটাই সফল হয়েছি। যেখানে ১৯৭৫ সালে একজন নারী তার পুরো প্রজনন বয়সে গড়ে ৬.৩টি সন্তান জন্ম দিতেন, সেখানে ২০০৭ সালে এসে জন্ম দিয়েছে গড়ে ২.৭টি সন্তান। এমনকি বিভিন্ন এলাকায় আমরা জাতীয় লক্ষ্যমাত্রা (২.২) হয় অর্জন করে ফেলেছি বা তার কাছাকাছি চলে এসেছি। নিঃসন্দেহে এগুলো সফলতার চিহ্ন। কিন্তু অন্যান্য কিছু সূচকের মান সে সফলতাকে আড়াল করে দেয়। যদি অপূর্ণ চাহিদার বর্তমান হার (১৭%) এখনই মিটিয়ে ফেলা যায়, তাহলে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের বর্তমান হার ৫৬ শতাংশ থেকে গিয়ে দাঁড়াবে ৭৩ শতাংশে। যদি বিদ্যমান অপরিকল্পিত সন্তান জন্মদানের হার শূন্য মাত্রায় নামিয়ে আনা যায়, তবে আমাদের মোট প্রজননহার ২.৭ থেকে গিয়ে দাঁড়াবে ১.৯-এ। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার বন্ধ করে দেওয়ার হার প্রায় ৫৬ শতাংশ, যা পদ্ধতি ব্যবহারের হারের কার্যকারিতা অনেক কমিয়ে দেয়। কারণ এই ৫৬ শতাংশ ব্যবহার বন্ধকারী আর কোনো নতুন পদ্ধতিতে ফিরে যাচ্ছেন না। এসব বিষয় আমাদের অজানা কিছু নয়। কিন্তু এগুলোর লক্ষণ তেমন দৃশ্যমান নয়। কোথায় যেন আটকে গেছি আমরা। এক ধরনের অবসাদগ্রস্ততায়/আত্মতুষ্টিতে পেয়ে বসেছে কি আমাদের? না কি আমরা বাস্তবতাকে আড়াল করে জনবৈজ্ঞানিক রাজনীতির গোলকধাঁধায় আটকে পড়েছি?বাংলাদেশের বর্তমান জনসংখ্যার পরিমাণ এবং এর অন্যান্য বৈশিষ্ট্যের সূচকগুলো যে চিত্র প্রদর্শন করে তা ভেতর থেকে জাতীয় নিরাপত্তার জন্য একটি হুমকি তৈরি করতে পারে। কারণ যখন বিদ্যমান সম্পদ ও সুযোগ-সুবিধার সঙ্গে জনসংখ্যার আকার ও বিন্যাস খুব বেশ অসংগতিপূর্ণ হয়ে পড়ে তখন সামাজিক, নৈতিক, রাজনৈতিক, পরিবেশগত ও পারিবারিক সংঘাত-সন্ত্রাস সৃষ্টির ফলে গণতন্ত্রের চর্চা বিঘ্নিত হয়ে পড়ে। এ অবস্থায় যদি বাংলাদেশে কোনো জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়ে পড়ে তবে জনসংখ্যার জরুরি অবস্থা ঘোষণাই হয়ে পড়বে অনিবার্য। জনসংখ্যার এই জরুরি অবস্থা মোকাবিলায় তখন শুধু পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকাণ্ড যথেষ্ট হবে না। প্রধানমন্ত্রী জনসংখ্যার সঙ্গে সম্পর্কিত উপসর্গগুলো সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল রয়েছেন এবং জাতীয় জনসংখ্যা পরিষদের সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগও নিয়েছেন। আমরা আশা করব, অচিরেই এসব উদ্যোগ বাস্তবায়নের নির্দেশনা দেবেন তিনি। ড. এ কে এম নূর-উন-নবী: অধ্যাপক, পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়