কোনটা ছেড়ে কোনটা নেবো!
চাকরি পাওয়াটা বেশ কঠিন এক কাজ।এ বিষয়ে কোনো সন্দেহ নেই।আবার অনেকের ক্ষেত্রে এমন ঘটনাও ঘটে, চাকরিতে ঢোকার পর বা বছরখানেক চাকরি করার পর একসঙ্গে একটা, দুইটা বা তারও বেশিচাকরির সুযোগ চলেআসে। নানা জায়গা থেকে কাজের সুযোগ আসায় মাঝেমধ্যে দিশেহারা হয়ে পড়েন অনেকে। কী করবেন, বুঝে উঠতে পারেন না।‘একটি ভুল সিদ্ধান্তের জন্য থমকে যেতে পারে ভবিষ্যতের পথচলা। অনেক সময় উন্নতির শীর্ষে পৌঁছানো যায় না। এ জন্য প্রথমেই প্রয়োজন নিজের সঙ্গে বোঝাপড়া, নিজেকে চেনা, তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে।’ বললেন গ্রো অ্যান্ড এক্সেলের প্রধান নির্বাহী ও মুখ্য পরামর্শক এম জুলফিকার হোসেন। তিনি আরও বলেন, একসঙ্গে অনেক কাজের সুযোগ আসতে পারে। আপনাকে ঠিক করতে হবে কী করতে চান। পদমর্যাদার দিক বিবেচনার পাশাপাশি অন্যান্য বিষয়ও ভাবতে হবে। তবে তা কর্মজীবনের মাঝে না কি শুরুতে, সেটি বিবেচ্য। যদি অভিজ্ঞতাসম্পন্ন কর্মজীবনের মাঝে এমন হয়, তখন আপনি আপনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন। যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তার তুলনায় সেসব প্রতিষ্ঠানের গুণগত মান কম না বেশিতা ভাবতে হবে। এরপর পদমর্যাদা, বেতন—এসব বিষয় গুরুত্ব পাবে।শুধু বেতন বেশি হলেই হবে না, আপনার পদমর্যাদা বাড়ল কি না সেটাও খেয়াল রাখতে হবে। কেননা, নতুন জায়গায় গিয়ে যদি আপনি পেশাজীবনে উন্নতি করার সুযোগ না পান, তাহলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন না। সেই প্রতিষ্ঠানের কাজের পরিবেশ, কর্মীর ব্যবহার কেমন, তা আগেই জেনে নিন। এরপর যুক্তি দিয়ে নিজেকে বোঝান, কোনটি আপনার দরকার। অনেক সময় দেখা যায়, কর্মরতপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কাজ করছেন। কিন্তু সেই অফিসের নিয়মানুযায়ী হয়তো উচ্চপদস্থ কর্মী হওয়া সম্ভব নয়। অর্থাৎ পদোন্নতি হলেও আপনি যে জায়গায় পৌঁছাতে চান, সেটি সম্ভব নয়। একই পদে বা একই জায়গায় আপনাকে আটকে থাকতে হচ্ছে, তখন বদলের চিন্তা করতে পারেন। তবে ভালোভাবে খোঁজখবর নিন, সেখানকার উচ্চপদস্থ কর্মকর্তারা কেমন, তাঁদের ব্যবহার, কাজের ধরন, ব্যাপ্তিকাল, কী কী সুযোগ-সুবিধা পাবেন, সেটি সম্পর্কে জেনে নিতে হবে। বর্তমান প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করে নিন, সেখানকার আনুষঙ্গিক সুযোগ-সুবিধা কেমন। আরও একটি বড় দিক হচ্ছে, যে প্রতিষ্ঠানে যাবেন, সেখানে আপনাকে সবাই মযার্দা দেবে কি না। সবকিছু বিবেচনা করেই আসলে চাকরি বদলের সিদ্ধান্ত নেওয়া উচিত।এম জুলফিকার হোসেন আরও বলেন, ‘জীবনের শুরু বা শেষ, যা-ই হোক না কেন, পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করে নিতে হবে। তাহলে পথচলা সহজ হবে। লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা মোতাবেক এগিয়ে যেতে পারবেন। চাকরি বদলের সিদ্ধান্ত আপনার স্বপ্ন পূরণে কতখানি সহায়ক, বোঝার চেষ্টা করুন। এমন হতে পারে, কোনো বিষয়ের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত আছেন। বর্তমানে না হলেও আগামী পাঁচ-দশ বছরে আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন, তাহলে অন্য কোথাও না যাওয়াই ভালো।’গানচিল মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা অংশীদার ও প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল মনে করেন, কর্মজীবনের শুরুতে খেয়াল রাখতে হবে, কোথায় গেলে কাজ শিখতে পারবেন। নিজের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সফট স্কিল কীভাবে বাড়বে। বিশেষ করে এখনকার করপোরেট দুনিয়ায় এটি খুবই জরুরি। কর্মজীবনের শুরুটা যদি স্বনামধন্য প্রতিষ্ঠানে হয়, তাহলে কাজ শেখার সুযোগ পাবেন। নানা ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। যা অনেকের থেকে এগিয়ে দেবে। সেখানে বেতন, যদি কমও হয়, তাহলেও কাজ করা উচিত। তাঁদের আচার-আচরণ, কাজ করার ধরন জানলে আপনি এটি ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন। এর বাইরে জেনে নিন, কাজের সুযোগ আসা প্রতিষ্ঠানের মধ্যে কোনটির প্রবৃদ্ধি, রাজস্ব আয় এবং বাজার কাঠামো কতখানি উন্নত। তিন দিক থেকে যে প্রতিষ্ঠানটি এগিয়ে থাকবে, সেখানে যেতে পারেন। তবে দীর্ঘদিন ধরে যে প্রতিষ্ঠানে আছেন, সেখানকার তৈরি হওয়া ব্যক্তিত্ব, অবস্থান নতুন প্রতিষ্ঠানে গিয়ে নতুনভাবে তৈরি করতে হবে। সেটিও বিবেচনা করে দেখবেন। বেতনকাঠামো, কাজের পরিবেশ, এর ভবিষ্যৎ উন্নতি কতটুকু হবে তা নিয়ে কখনো আপস করা উচিত নয়। বারবার চাকরি বদল করলে স্থিরতা আসে না। যা পেশাজীবনের জন্য সুখকর নয়। নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। একই কাজ নিয়ে একাগ্রতা থাকলে উন্নতি দ্রত করা যায়। দক্ষতা তৈরি হয়। কোনো বিশেষ দিকে অভিজ্ঞ হলে ভিন্ন ক্ষেত্রে পরীক্ষণ না চালানোই ভালো। যথাযথ প্রশিক্ষণ পাবেন এমন প্রতিষ্ঠানেই যাওয়া উচিত। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্প ক্যাটালিস্টের সেখানের জ্যেষ্ঠ যোগাযোগ কর্মকর্তা ও পরামর্শক তাসকিনা হকও তাঁর ব্যক্তিজীবনে এমন সমস্যায় পড়েছিলেন। কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘অন্তত তিন বছরের আগে কোনো চাকরি বদল করা উচিত নয়। আমি যোগাযোগ কর্মকর্তা হিসেবে কাজ শুরু করেছিলাম। এরপর অন্য একটি চাকরিতে অন্য ক্ষেত্রে যোগদান করি। তখন মনে হয়েছিল, সম্পূর্ণভাবে কাজটা করতে পারছি না। পরে এই প্রতিষ্ঠানে আবার যোগাযোগ কর্মকর্তা হিসেবে যোগ দিই। তবে একই জায়গায় আটকে না থেকে, কাজের পরিবেশ থাকলে চাকরি বদল না করা ভালো।’