কোনো আন্দোলনই সরকারকে পিছু হটাতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কোনো আন্দোলনই মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার থেকে সরকারকে পিছু হটাতে পারবে না। যারা আমাদের শিক্ষককে হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, অগ্নিসংযোগ করেছে—এই বাংলার মাটিতে তাদের বিচার হবেই।’গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যাঁদের কাছে পড়েছি, টিউটোরিয়াল দিয়েছি, তাঁদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই শিক্ষকদের খুনের বিচার করা আমাদের দায়িত্ব।’ শেখ হাসিনা বলেন, ‘বিরোধী দল সরকারের বিরুদ্ধে কথা বলবে ও আন্দোলন করবে, এটা স্বাভাবিক। আমরাও এ পর্যায়ে আসতে সেটাই করেছি। সুতরাং আমরা জানি, কীভাবে এসব আন্দোলনের মধ্যে এগিয়ে যেতে হয়। তবে কেউ যদি মনে করে, আন্দোলন করে বিচার বানচাল করা যাবে, তাহলে সেটা হবে ভুল।’শেখ হাসিনা বলেন, একটি স্বার্থান্বেষী মহল এই বিচার ভণ্ডুলের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বিশেষ করে ২০০৭ সালে সেনাবাহিনী-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘অনির্বাচিতদের শাসনের বিরুদ্ধে আপনাদের প্রতিরোধ গড়ে তোলা ছাড়া দেশে গণতন্ত্র ফিরে আসত কি না, সে ব্যাপারে আমার সন্দেহ রয়েছে।’আর্থসামাজিক অগ্রগতি টেকসই করার লক্ষ্যে যুবসমাজকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা উদ্ভাবনী শক্তি কাজে লাগাও। এতে নিজেরা প্রতিষ্ঠিত হবে। দেশ দ্রুত এগিয়ে যাবে। সুন্দর সমাজ গড়া সহজ হবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই। মন্ত্রী হিসেবে যে বেতন-ভাতা পাচ্ছি, তার একটি অংশ বিশ্ববিদ্যালয়কে দেব।’প্রধানমন্ত্রী বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে আসেন। প্রথমেই তিনি কবি সুফিয়া কামাল হলের উদ্বোধন করেন। এরপর চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আবাসিক ভবন ‘বঙ্গবন্ধু টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রোকেয়া হলের ৭ মার্চ ভবন, ফার্মেসি ভবনের ভিত্তিপ্রস্তর ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন এবং উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণাকেন্দ্র ভবনের উদ্বোধন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমাদ, সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন ।এদিকে ক্যাম্পাসে প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ-মিছিল নিয়ে নীলক্ষেত এলাকা দিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় ঢোকার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে সেখানেই তাঁরা সংক্ষিপ্ত সামাবেশ করেন ।