কোনো উদ্দেশ্য নিয়ে টিআইবির প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ১৪৯ সাংসদের ৯৭ শতাংশই নেতিবাচক কর্মকাণ্ডে যুক্ত—ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এ-সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার পেছনে কোনো কৌশল বা উদ্দেশ্য থাকতে পারে।আজ সোমবার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘দুই-একজন সাংসদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে। তবে সব সাংসদের বিরুদ্ধে ঢালাওভাবে অভিযোগের যৌক্তিকতা আছে বলে মনে করি না। ঢালাওভাবে বিষোদগার করা ঠিক নয়।’ আওয়ামী লীগের এই নেতা টিআইবির ওই প্রতিবেদনের সঙ্গে অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতায় আনার যোগসাজশের অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘অনেকেরই নির্বাচিত সরকার থেকে অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা দিতে ঝোঁক আছে। রাজনীতিবিদদের চরিত্র হনন করে নির্বাচিত সরকারের পরিবর্তে অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা দিতে তারা এ ধরনের ঢালাও অভিযোগ করে থাকতে পারে। তবে আমরা বিশ্বাস করি, বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় বা চতুর্থ শক্তির উত্থানের সুযোগ নেই।’কক্সবাজারের রামুসহ বিভিন্ন স্থানে বৌদ্ধসম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় বিএনপির করা তদন্ত প্রতিবেদনের ওপর প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপির তদন্ত প্রতিবেদনকে দুরভিসন্ধিমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য বলে আওয়ামী লীগ তা প্রত্যাখ্যান করে। রামুর ঘটনা নিয়ে গতকাল রোববার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বিবৃতিকে হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির নেতা মওদুদ আহমদের বক্তব্যের নিন্দা জানানো হয়। মওদুদ আহমদকে নীতিহীন ও ‘ডিগবাজি মওদুদ’ উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এই ব্যক্তি সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে হেরে যান। দলবদল করে একই মেয়াদে বিএনপির প্রতীক নিয়ে উপনির্বাচনে জিতে আসেন। এক ব্যক্তির দুটি দল থেকে দুটি ভিন্ন প্রতীকে নির্বাচন করার ইতিহাস পাওয়া যাবে না।’ এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপি যদি গণতান্ত্রিক পন্থায় নির্বাচন মেনে নেয়, তাহলে যেকোনো সময় আলোচনা হতে পারে। দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সব ধর্মের মানুষ আওয়ামী লীগকে তাদের আশ্রয়স্থল মনে করে। এই সম্পর্কে চিড় ধরানোর জন্যই বিএনপি-জামায়াত সম্প্রদায়িক গোষ্ঠী এ হামলা করছে।’ সামনের দিনগুলোতে আর হামলা হবে না বলে তিনি আশ্বস্ত করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, তথ্য ও প্রচার সম্পাদক আফজাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।