প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ভোটের দিন কোনো কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া গেলে তাত্ক্ষণিকভাবে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। তিনি নির্বাচনী আচরণবিধি ভঙের বিষয়ে ম্যাজিস্ট্রেটদের সরাসরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।সিইসি আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন। চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে সিটি করপোরেশনের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, মহানগর পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আসাদুজ্জামান মিয়া, র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো. সাজ্জাদ হোসাইন, বিডিআরের সেক্টর কমান্ডার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শামসুল হুদা বলেন, ‘চট্টগ্রাম সিটি নির্বাচনে আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে তাত্ক্ষণিক ব্যবস্থা নিতে হবে। বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে আমি সেটা আশা করছি। ভোটকেন্দ্রে গণ্ডগোলের খবর আমরা নীরব পর্যবেক্ষকের (সাইলেন্ট অবজারভারস) কাছ থেকে পেয়ে যাব। এ ব্যাপারে পর্যবেক্ষকদের নির্দেশনা দেওয়া আছে।’ ভোলার উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই নির্বাচনে যিনি বিজয়ী হয়েছেন, তিনি ঠিকভাবে হয়েছেন। তবে ভোলার নির্বাচনে আমাদের সমম্বয়ের অভাব ছিল। পরে আমরা সব ম্যাজিস্ট্রেটকে ডেকে তাঁদের মতামত নিয়েছি। ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা ও তা প্রয়োগ সম্পর্কে আমরা আগে ধারণা দিতে পারিনি, যে কারণে সমম্বয়ের অভাব হয়। চট্টগ্রাম সিটি নির্বাচনে ওই ত্রুটি যেন আর না হয়, সে ব্যাপারে আমরা কাজ শুরু করেছি।’বৈঠকে কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের করণীয় সম্পর্কে পরামর্শ চাইলে সিইসি করণীয় সম্পর্কে পাঁচটি নির্দেশনা পড়ে শোনান এবং তা কার্যকর করার নির্দেশ দেন। তিনি বলেন, আচরণবিধি ভঙ্গ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দুই বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। বিচারিক ম্যাজিস্ট্রেটরা সাত বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবেন। সূত্র জানায়, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমম্বয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।