কোনো ছাত্র সংগঠন বা রাজনীতি করিনি: আবদুল মতীন
একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্তে গঠিত সংস্থার প্রধান আবদুল মতীন বলেছেন, ‘ছাত্রজীবন থেকে আজ পর্যন্ত আমি কোনো ছাত্র সংগঠন কিংবা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। আমি নিরপেক্ষভাবে কাজ করে আসছি।’ আবদুল মতীন মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রসংঘের কর্মী ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আবদুল মতীন আজ রোববার বেলা সাড়ে ১১টায় ট্রাইব্যুনালের নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন। মতীন বলেন, ‘আমি বিএম কলেজ থেকে ১৯৬০ সালে মেট্রিক ও ১৯৬২ সালে আইএ পাস করি। ১৯৬৩ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএম কলেজ ছাত্র সংসদের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করি। ইসলামী ছাত্রসংঘ বা অন্য কোনো দল থেকে মনোনয়ন নিইনি। নেওয়ার প্রশ্নই ওঠে না। কারণ, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। ১৯৬৩ সালে বরিশালে ইসলামী ছাত্রসংঘ নামে কোনো সংগঠনই ছিল না। তাই এ পার্টি থেকে মনোনয়ন নেওয়ার প্রশ্নও আসে না।’ মতীন আরও বলেন, ‘১৯৬৪ সালে বিএ পাস করে পরের বছর ঢাকা সিটি আইন কলেজে ভর্তি হই। সেখানেও আমি কোনো ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। সারা চাকরি জীবনে আমার সততা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি।’পদত্যাগ করবেন কি না জানতে চাইলে মতীন বলেন, ‘সরকার নিয়োগ দিয়েছে। চাইলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি রাজাকার ছিলাম না, মুক্তিযুদ্ধের প্রতি অনুগত ছিলাম।’ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গত শুক্রবার মিডিয়া হাউস ভিশন ২৪ আয়োজিত ‘ইসলাম, আইন ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধাপরাধীদের বিচার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলাউদ্দিন আহমেদ ওই অভিযোগ করেন। আলাউদ্দিন আহমেদ সংশয় প্রকাশ করে বলেন, আবদুল মতীন ইসলামী ছাত্রসংঘের একটি কলেজ শাখার সভাপতি পদে মনোনীত প্রার্থী ছিলেন। তাঁর মতো একজন ব্যক্তিকে তদন্ত কমিটির প্রধান করায় বিচারের অবস্থা কী দাঁড়াবে, তা নিয়ে গভীরভাবে ভাবতে হবে। তিনি বলেন, ‘মতীনের বিরুদ্ধে অনাস্থা এনে তদন্ত সংস্থার একজন সদস্য কাজে যোগ দেননি। তাঁকে বোঝানোর চেষ্টা চলছে।’একাত্তরে মানবতার বিরুদ্ধে কৃত অপরাধের বিচারের জন্য গত ২৫ মার্চ সরকার ট্রাইব্যুনাল গঠন করে। ওই ট্রাইব্যুনালের জন্য গঠিত সাত সদস্যের তদন্ত সংস্থার প্রধান করা হয় সাবেক অতিরিক্ত সচিব আবদুল মতীনকে।