জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধ করা বিএনপি সমর্থন করে না। তিনি গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন। একই বিষয়ে মির্জা ফখরুল এক বিবৃতিতে বলেন, বিএনপি মনে করে, রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল আইনি প্রক্রিয়া বা আদালত কর্তৃক নির্ধারিত হওয়া সংগত নয়।ঢাকা মহানগর বিএনপির নেতা জসিম উদ্দিনকে হত্যার প্রতিবাদে গতকাল দলের ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটি এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। তাতে মির্জা ফখরুল বলেন, ‘রায়ের ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটি একটি বিচারিক ব্যাপার। এ নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়। তবে কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধ করা বিএনপি সমর্থন করে না।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, আগামী নির্বাচনে সরকার তাদের পরাজয় বুঝতে পেরেছে। এ জন্য এখন একদলীয় নির্বাচন করার চেষ্টা করছে। কোনো উপায় না দেখে তারা রাজনৈতিক দল নিষিদ্ধ করার কাজ শুরু করেছে।হাইকোর্ট গত বৃহস্পতিবার জামায়াতের নিবন্ধন অবৈধ বলে রায় দেন। এর ফলে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের অন্যতম শরিক জামায়াত আগামী নির্বাচনে দলীয় নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে নির্বাচন করতে পারবে না। রায় ঘোষণার পর ওই দিন বিএনপির কোনো পর্যায়ের নেতাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। এদিকে গতকাল দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের একটি বিবৃতি পড়ে শোনান। ওই বিবৃতিতে বলা হয়, বিএনপি মনে করে, কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল আইনি প্রক্রিয়া বা আদালত কর্তৃক নির্ধারিত হওয়া সংগত নয়। রাজনৈতিক সংগঠনের অস্তিত্ব নির্ভর করে জনগণের ইচ্ছার ওপর। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি সম্মান প্রদর্শনকারী যেকোনো রাজনৈতিক দল বা ব্যক্তি সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা ও রাজনৈতিক অভিমত ব্যক্ত করতে পারেন। বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নির্বাচন কমিশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন মহামান্য হাইকোর্ট। এ বিষয়ে জামায়াত সুপ্রিম কোর্টে আপিল করেছে। বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই এ বিষয়ে বিএনপির কোনো বক্তব্য নেই।বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে ভয়াবহ দুঃশাসন চালিয়ে বহুদলীয় গণতন্ত্রকে সংকুচিত করেছে। গণতন্ত্রের ডালপালা ছেঁটে ফেলে এরা এখন শিকড়ে আঘাত করছে। গুম, অপহরণ, গুপ্তহত্যা এবং গণহত্যার পর তারা এখন সম্পূর্ণভাবে বিরোধী দলকে উচ্ছেদ করতে চাচ্ছে। বিএনপির মহাসচিব উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারি নীলনকশায় রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে সীমিত বা রদ করা বাকশালি অপশাসনের দিকেই এগিয়ে যাওয়া। সরকারের এ অশুভ পরিকল্পনা সংবিধানের মৌলিক মানবাধিকার পরিপন্থী।