কোনো ধারণা পায়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যার কারণ ও হত্যাকারী সম্পর্কে গতকাল বুধবারও কোনো ধারণা পায়নি পুলিশ। এদিকে সৌদি আরব সরকার এ হত্যাকাণ্ডের নিবিড় তদন্তের অনুরোধ জানিয়েছে। তবে এ ঘটনা দুই দেশের সম্পর্কে নেতিবাচক কোনো প্রভাব ফেলবে না বলেও জানিয়েছে দেশটি।সৌদি নাগরিক খালাফের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন গতকাল পেয়েছে গুলশান থানার পুলিশ। তদন্তের অগ্রগতি জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর বলেন, ‘বলার মতো কিছু নেই।’র‌্যাব-১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান দুপুরে ঘটনাস্থলে প্রথম আলোকে বলেন, সৌদি দূতাবাস প্রথমে ঘটনাটিকে ছিনতাই বা এ ধরনের অপরাধমূলক কোনো কাজ মনে করেছিল। তবে হত্যাকাণ্ডের সম্ভাব্য কোনো কারণকেই উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে বা দেশে-বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কেউ এটা করেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে। তিনি প্রতি রাতে হাঁটতে কোনো পার্ক বা অন্য বিনোদনকেন্দ্রে যেতেন কি না, সে সম্পর্কেও খোঁজ নেওয়া হচ্ছে। তিনি জানান, তাঁরা সৌদি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।ঘটনাস্থলে যে গাড়ি ও ব্যক্তিকে দেখা গেছে, সেই গাড়ি ও ব্যক্তির বর্ণনা নিয়ে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ ও র‌্যাব। নিরাপত্তাবেষ্টিত ওই এলাকা থেকে হত্যাকারী কীভাবে পালিয়ে গেল, তাও খতিয়ে দেখা হচ্ছে। খালাফের গাড়িচালক ও গৃহকর্মীর সঙ্গে কথা বলেছে পুলিশ ও র‌্যাব। স্থানীয় কয়েকজন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।গতকাল বিকেলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ ঘটনাস্থলে যান।তদন্ত তদারককারী কর্মকর্তা পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ দুপুরে বলেন, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। হত্যাকারী বা হত্যার কোনো সূত্র এখনো মেলেনি। ময়নাতদন্ত প্রতিবেদনে গুলিবিদ্ধ হয়ে খালাফের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।একজন লোক ও একটি গাড়ি: খালাফ গুলিবিদ্ধ হওয়ার পর সবার আগে ঘটনাস্থলে গিয়েছিলেন পানির কলের মিস্ত্রি মো. আনোয়ার। গতকাল দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, রাত সোয়া একটার দিকে ঠাস করে একটা শব্দ। তিনি ভেবেছিলেন গাড়ির চাকা ফেটেছে। এরপর ‘উহ্’ শব্দ শুনে তিনি দৌড়ে গিয়ে দেখেন, এক ব্যক্তি রাস্তার পাশে চিত হয়ে পড়ে আছেন। পাশে একটা সাদা গাড়ি, গাড়ির পাশে একজন লোক দাঁড়ানো। তিনি ওই লোকটির চেহারা দেখতে পাননি। তিনি যাওয়া মাত্রই ওই ব্যক্তি গাড়ির চালকের আসনে বসে দ্রুত গাড়ি চালিয়ে চলে যায়। গাড়িতে আর কেউ ছিল কি না তা তিনি দেখেননি। পড়ে থাকা ব্যক্তি কেবল হাত নাড়ছিলেন, কথা বলছিলেন না।গত সোমবার রাতে আনোয়ার কাজ করছিলেন ১৯/বি নম্বর বাড়িতে। ওই বাড়ির সীমানা দেয়ালসংলগ্ন রাস্তা থেকে উদ্ধার করা হয় খালাফ আলীর গুলিবিদ্ধ দেহ। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে পুলিশ এলে তিনিসহ কয়েকজন খালাফের দেহ পুলিশের গাড়িতে তুলে দেন।ফ্ল্যাটে তল্লাশি: গতকাল বিকেলে খালাফের ভাড়া করা ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে পাওয়া একটি মুঠোফোন পরীক্ষা করা হচ্ছে। পুলিশের একটি সূত্র জানায়, মুঠোফোনে খালাফের সঙ্গে বাংলাদেশি কারও যোগাযোগের আলামত পাওয়া যায়নি। তিনি সোমবার রাত নয়টা পর্যন্ত সৌদি আরবে কথা বলেছিলেন। তাঁর আর কোনো মুঠোফোন ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।নিহত খালাফ যে বাড়িতে থাকতেন ওই বাড়ির নিরাপত্তাকর্মী তাপস রেমা গতকাল বলেন, তিনি খালাফের কাছে কোনো বাংলাদেশিকে আসতে দেখেননি। বাড়ির অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের সঙ্গেও তিনি মিশতেন না। তাঁর কাছে শুধু তাঁর সৌদি বন্ধুরাই আসতেন। মাঝেমধ্যে বৃহস্পতিবার তাঁরা পার্টি করতেন। খালাফ কোথাও হাঁটতে যেতেন তা তিনি জানেন না।ঘটনাস্থলে রক্ত নেই: পুলিশ কর্মকর্তারা বলেন, যেখান থেকে খালাফকে উদ্ধার করা হয়, সেখানে রক্তের কোনো দাগ নেই। পুলিশের সহকারী কমিশনার শাহনেওয়াজ খালেদ বলেন, একজন গুলিবিদ্ধ হলো অথচ এক ফোঁটা রক্তও পড়ল না, বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।গুলশান থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ মাসুদ সোমবার রাতে ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন। তিনি বলেন, চিকিৎসকেরা তাঁকে বলেছেন, খালাফের প্রচুর অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। তাঁর পেট ফুলে গিয়েছিল।খালাফ হত্যার ঘটনায় গতকাল বিকেলে গুলশান থানার এসআই মোশাররফ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।নিবিড় তদন্তের অনুরোধ সৌদি সরকারের: সৌদি আরবের রাষ্ট্রাচারবিষয়ক উপমন্ত্রী আলাদ্দিন এ আল আশকারি ঢাকায় সে দেশের দূতাবাসের প্রশাসনিক সহকারী খালাফ আল আলী হত্যাকাণ্ড-পরবর্তী পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের সঙ্গে আলোচনা করেন। উপমন্ত্রী ঘটনাটির নিবিড় তদন্তের অনুরোধ জানান।এ ব্যাপারে জানতে চাইলে শহীদুল ইসলাম গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘খালাফ হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষের কাছে সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছি। পাশাপাশি ওই হত্যাকাণ্ডের যথাযথ কারণ খুঁজে বের করতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো আলাদ্দিন আশকারিকে জানাই।’রাষ্ট্রদূত জানান, সৌদি রাষ্ট্রাচারবিষয়ক উপমন্ত্রী বাংলাদেশের এ ভূমিকার প্রশংসা করেন। এ সময় উপমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন যে এ ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। উপমন্ত্রী বলেছেন, ‘আমরা বুঝি যে এ রকম ঘটনা ঘটতে পারে। তবে জরুরি হচ্ছে নিবিড় তদন্ত করে দেখা। বাংলাদেশের নিরাপত্তা সংস্থার ওপর সৌদি কর্তৃপক্ষের আস্থা রয়েছে। কাজেই হত্যাকাণ্ডের সঠিক কারণ খুঁজে বের করা যাবে বলে আমাদের আশাবাদ রয়েছে।’