কোনো পরিবর্তন ছাড়াই তিস্তা চুক্তি স্বাক্ষর: রিজভী
ভারতের সঙ্গে বহুল আলোচিত তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী। তিনি বলেন, ‘খুব শিগগিরই তিস্তা চুক্তি স্বাক্ষর হবে এবং স্বাক্ষরের জন্য সর্বশেষ যে অবস্থায় ছিল, চুক্তিটি সেই অবস্থায় স্বাক্ষর হবে। তবে চুক্তি স্বাক্ষরের কোনো সময়সীমা তিনি উল্লেখ করেননি।আজ সোমবার হোটেল রূপসী বাংলায় ফ্রান্স-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিআইএফ) এক সভায় গওহর রিজভী এসব কথা বলেন।বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বর্ণনা দিয়ে রিজভী বলেন, এই সম্পর্ক ঐতিহাসিকভাবে দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঐতিহাসিক মোড় নিয়েছে দাবি করে তিনি বলেন, দুই প্রতিবেশীদের মধ্যে বন্ধনে উভয়েই লাভবান হয়েছে।গওহর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে সেপ্টেম্বরে দিল্লি সফরের সময় উভয় দেশের সমস্যা সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন। এরই পরিপ্রেক্ষিতে সীমানা সমস্যা, ছিটমহল বিনিময়, তিনবিঘা করিডর এবং ট্রানজিটের বিষয়টি মীমাংসা হয়েছে।তিস্তার পানি বণ্টন সম্পর্কে এই উপদেষ্টা বলেন, ‘যখন ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে ছিলেন, তখন পশ্চিমবঙ্গে নির্বাচন চলছিল। নির্বাচন শেষ হয়েছে এখন আমরা চুক্তি স্বাক্ষরে প্রস্তুত।’তিস্তার পানি চুক্তি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকারের বিষয়। এ ব্যাপারে বাংলাদেশ কোনো হস্তক্ষেপ করবে না বলে জানান গওহর রিজভি। ইউএনবি।