নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শেষ পর্যন্ত দলীয়ভাবে কোনো প্রার্থীকে সমর্থন না দেওয়ার কৌশল নিয়েছে সরকারি দল আওয়ামী লীগ। কেন্দ্রীয়ভাবে কারও পক্ষে দলীয় প্রচারও থাকবে না।আওয়ামী লীগের শীর্ষস্থানীয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তবে দলের কেউই প্রকাশ্যে এ বিষয়ে কিছু বলতে সম্মত হননি। এমনকি দুই প্রার্থীও—শামীম ওসমান ও সেলিনা হায়াত আইভী—‘কেন্দ্রের নির্দেশ থাকায়’ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।জানতে চাইলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘দলের দুজন নেতা প্রার্থী থাকায় একজনকে সমর্থন দেওয়া কঠিন। তবে এখনো আমরা আশাবাদী যে একজনকে সমর্থন দিতে পারব। আশাহত হতে চাইছি না। আশা নিয়েই থাকতে চাই।’দলের সূত্রগুলো জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাবনাময় দুই মেয়র পদপ্রার্থীর অনড় অবস্থানের কারণে আওয়ামী লীগের শীর্ষপর্যায় কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের শীর্ষস্থানীয় নেতারা উভয় প্রার্থীকে নিয়ে বৈঠক করেও একক প্রার্থী বাছাই করতে সক্ষম হননি। শেষ পর্যন্ত প্রার্থীদের নিজেদেরই সিদ্ধান্ত নিয়ে জানাতে বলেছে দল। তবে তাঁরা কেউ এখনো নির্বাচন থেকে সরে দাঁড়াতে রাজি হননি।সূত্র জানায়, শুরুতে শামীম ওসমানকেই সমর্থন দেওয়ার চিন্তাভাবনা ছিল আওয়ামী লীগের শীর্ষপর্যায়ের। এ ক্ষেত্রে আইভীকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য এবং পরবর্তী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু আইভী সাংসদ হওয়ার চেয়ে মেয়র পদের জন্য অনড় থাকেন। শামীমও মেয়র ছাড়া অন্য কোনো পদে নির্বাচন করতে রাজি হননি।দলের শীর্ষস্থানীয় সূত্রগুলো জানায়, আইভীর পক্ষে নারায়ণগঞ্জের দলীয় সংসদ সদস্যদের অবস্থান এবং নারায়ণগঞ্জের সর্বস্তরে তাঁর জনপ্রিয়তার বিষয়টি সামনে আসায় প্রার্থী-সমর্থন নিয়ে আওয়ামী লীগের নেতারা দ্বিধায় পড়ে যান। দলের প্রধান শেখ হাসিনা নানা পর্যায়ে খোঁজখবর নিয়ে আশ্বস্ত হন, আইভীর প্রতি সাধারণ ভোটারদের সমর্থন বেশি। এ পরিস্থিতিতে শীর্ষস্থানীয় নেতারা দুজনের কাউকে সমর্থন না দিতে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন।আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একাধিক নেতার মতে, রাজনৈতিক কারণেও কাউকে সমর্থন না দেওয়ার এই দলীয় কৌশল নেয় ক্ষমতাসীন দল। প্রথমত, এটা স্থানীয় নির্বাচন এবং আইনত নির্দলীয়। দ্বিতীয়ত, শামীমকে সমর্থন দেওয়া হলে নির্বাচন সুষ্ঠু হলেও তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। শামীমের বিরুদ্ধে জোরজবরদস্তির অভিযোগ আসতে পারে। এতে বিরোধী দল নির্বাচন নিয়ে রাজনীতি করার সুযোগ নেবে। এরই মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিএনপি উত্তাপ ছড়ানোর চেষ্টা করছে।আওয়ামী লীগের নেতাদের আরও বিশ্লেষণ হলো, বিএনপি-সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার অতটা জনপ্রিয় নন। ফলে শামীম ও আইভীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। সুতরাং যে-ই মেয়র নির্বাচিত হন, তিনি আওয়ামী লীগেই থাকবেন।নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন নীতিনির্ধারক প্রথম আলোকে বলেন, এটা স্থানীয় নির্বাচন। মানুষ যোগ্য প্রার্থীকেই ভোট দেবে। এতে রাজনৈতিকভাবে দলের হারানোর কিছু নেই। তাই আপাতত কাউকে দলীয় সমর্থন না দেওয়াই সমীচীন।