কোনো ভদ্র মহিলার মুখের ভাষা এমন হতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের সমালোচনা করে বলেছেন, ২৯ মার্চ পর্যন্ত চলা সংসদ অধিবেশনে যোগ না দিলে বিরোধী দলের সদস্যদের সদস্য পদ থাকত না। সদস্য পদ ও বেতন-ভাতার জন্য তাঁরা সংসদে এসেছিলেন। সংসদে তাঁদের আচরণ লজ্জাজনক মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, কোনো ভদ্র মহিলার মুখ থেকে এমন ভাষা বের হতে পারে না।আজ শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের মতবিনিময় ছিল। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিরোধী দলের সাংসদদের আচরণের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘একজন সাংসদ চেয়ার ছেড়ে উঠে এসেছেন আমাদের এক সাংসদের দিকে। আরেকজন স্পিকারকে পেছনে ফেলে হাত উঁচিয়ে এসেছেন।’ বিরোধী দল সবকিছুতে শক্তি প্রয়োগ করতে চায় বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা থাকুক বিএনপি তা চায় না। তারা দেশে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ কায়েম করতে চায়। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। কিন্তু বিরোধীদলীয় নেতা বলছেন, তাঁরা যুদ্ধাপরাধী না।’ দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর আমলে ১১ হাজারের মতো যুদ্ধাপরাধী কারাগারে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, জিয়াউর রহমান তাদের ছেড়ে দিয়েছিলেন এবং তাদের বিচারের পথ বন্ধ করে দিয়েছিলেন। বিরোধীদলীয় নেতাও একই কাজ করছেন। গত ১৮ ডিসেম্বর ঢাকা শহরে সহিংসতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচারের কাজ বন্ধ করাই ছিল এর মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি স্বাধীন দেশে ভূখণ্ড রক্ষা বা এর জন্য কোনো কাজ করেনি। ’৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে স্থলসীমা নির্ধারণের কাজ শুরু করে বলে তিনি জানান। তিনি বলেন, তারা সমুদ্রসীমা নির্ধারণের কোনো উদ্যোগ নেয়নি। সেই উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। কারণ, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন ও সার্বভৌম দেশের কী প্রয়োজন উড়ে এসে জুড়ে বসারা সেটা বুঝবে না মন্তব্য করে তিনি বলেন, ‘মনের টানে, দেশের টানে কাজ করি।’ ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমার বিরোধে জয়ী হতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।আজকের এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, মাহাবুব উল আলম হানিফ, দীপু মনি প্রমুখ। নারায়ণগঞ্জের নেতাদের মধ্যে শামীম ওসমান, সেলিনা হায়াত আইভী প্রমুখ উপস্থিত ছিলেন।