কোনো মেয়র প্রার্থী এককভাবে জনসভা করতে পারবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের কেউ এককভাবে জনসভা করতে পারবেন না। তাঁরা রাজধানীর চারটি এলাকায় এক মঞ্চে জনসভা করবেন এবং নগরবাসীর কাছে তাঁদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরবেন। এসব জনসভা হবে নির্বাচন কমিশনের উদ্যোগে। তবে মেয়র পদপ্রার্থীরা থানায় থানায় পথসভা করতে পারবেন।নির্বাচন কমিশনের সূত্র জানায়, কমিশনের করা সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা বিধিমালার খসড়ায় এসব রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন গতকাল রোববার এই খসড়া নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। আজ সোমবারও এ নিয়ে কমিশন বৈঠক করবে বলে জানা গেছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯-এর আলোকে এই বিধিমালা প্রণয়ন করা হচ্ছে।সূত্র জানায়, আগামী মার্চ মাসের মাঝামাঝি ডিসিসির নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি। ইতিমধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার খসড়া ভোটার তালিকা করা হয়েছে। ৩ জানুয়ারি প্রকাশিত এই খসড়া তালিকা অনুসারে ঢাকা সিটি করপোরেশন এলাকায় বর্তমানে ভোটার সংখ্যা ৩৭ লাখ ৫৫ হাজার। আগামী ৩ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০০৭ সালের ১৪ মে ডিসিসির বর্তমান মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়েছে।নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন গতকাল সাংবাদিকদের বলেন, ফেব্রুয়ারিতে ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। কমিশন নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত।সূত্র জানায়, খসড়া বিধিমালায় আছে, মেয়র প্রার্থীরা বাড়ি বাড়ি ভোটার স্লিপ পাঠাতে পারবেন না। তবে কাউন্সিলর পদের প্রার্থীরা তা পারবেন। মেয়র প্রার্থীরা প্রতি থানায় একটি করে এবং কাউন্সিলর প্রার্থীরা ওয়ার্ডে একটি নির্বাচনী ক্যাম্প করতে পারবেন। এর আগে মেয়র প্রার্থীরা প্রতি ওয়ার্ডে একটি ক্যাম্প করতে পারতেন। খসড়ায় আছে, পোস্টারে প্রার্থী ও প্রতীকের ছবি ছাড়া আর কারও ছবি বা নাম ব্যবহার করা যাবে না। এ ছাড়া প্রচারে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বা ছবিও ব্যবহার করা যাবে না। পোস্টারে মুদ্রণকারীর নাম-ঠিকানা এবং মুদ্রণের সংখ্যা থাকতে হবে। গণমাধ্যমে স্লট ভাড়া করে প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন না। কেব্ল নেটওয়ার্কের মাধ্যমে এ ধরনের প্রচারও নির্বাচনী বিধির লঙ্ঘন বলে গণ্য হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো ধরনের মিছিল করে যাওয়া যাবে না।নির্বাচন কমিশনার সাখাওয়াত এ প্রসঙ্গে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো ‘শো ডাউন’ করা যাবে না। পাঁচজনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা তৈরির কাজ চলছে। নির্বাচনে কমিশনের নির্দিষ্ট ব্যয়সীমার মধ্যে যাতে একজন প্রার্থী নির্বাচন করতে পারেন, সে অনুসারেই এ বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। ডিসিসি নির্বাচনে এবার একজন মেয়র প্রার্থী ৫০ লাখ টাকা এবং কাউন্সিলর প্রার্থী এলাকায় ভোটার অনুপাতে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা ব্যয় করতে পারবেন।