কোনো ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ষড়যন্ত্র, ভাঙচুর অগ্নিসংযোগ ও বোমা ফাটিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো যাবে না। সরকার দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করবে। আজ বুধবার দুপুরে খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল মঙ্গলবার নবনির্মিত মাটিরাঙ্গা থানাভবন ও আজ সকালে মহালছড়ি থানাভবন উদ্বোধন করেন।মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছিল। মহাজোট সরকার ক্ষমতায় আসার পরপরই যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু করেছে। গঠন করা হয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। ঠিক সে মুহূর্তে দেশের একটি মহল যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে হরতাল, বাসে আগুন, ভাঙচুর ও বোমা ফাটিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।মন্ত্রী তাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘যতই ষড়যন্ত্র করা হোক, যুদ্ধাপরাধীদের বিচার হবেই।’ একই সঙ্গে এ সরকারই পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়ন করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে শরণার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, শান্তিচুক্তির অধিকাংশ বিষয় বাস্তবায়িত হয়েছে। আর সামান্য কিছু অংশের বাস্তবায়ন বাকি রয়েছে। শান্তিচুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য জেলা পরিষদের আইন সংশোধন করা হয়েছে। শরণার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। চুক্তির যে অংশ বাস্তবায়ন এখনো বাকি রয়েছে, তা আইনি জটিলতার কারণে দেরি হচ্ছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী, খাগড়াছড়ি সেনা রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার লে. কর্নেল এ বি এম নওরোজ ইমতিয়াজ, জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া, পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক, আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডার আবুল কালাম আজাদসহ জেলার ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা ও আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।