কোনো ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বন্ধ করতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘কোনো ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বন্ধ করতে পারবে না। কারণ, এটি আমাদের নির্বাচনী অঙ্গীকার।’ আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের তুলনায় ভালো দাবি করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী স্বাধীনভাবে কাজ করছে। সন্ত্রাস-চাঁদাবাজি-টেন্ডারবাজি রোধে সফলভাবে তারা কাজ করছে। কিন্তু একটি মহল সুপরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ফায়দা হাসিল করতে চায়।’বিরোধী দলকে ইঙ্গিত করে সাহারা খাতুন বলেন, ‘ককটেল তৈরি করে তারা নিজেদের ওপর নিজেরা বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে। অথচ বেগম খালেদা জিয়ার ওপর হামলার জন্য আমাদের সাংসদকে দায়ী করে সংবাদ সম্মেলন করে তারা। এভাবে একের পর এক ষড়যন্ত্র তৈরি করে অস্থিতিশীলতা তৈরি করতে চায় বিরোধী দল। কিন্তু কোনো ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবে না।’এর আগে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘কোনো কোনো ব্যক্তির যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে নেতিবাচক মনোভাব রয়েছে। কিন্তু বর্তমান সরকার বিশ্ব জনমত সঙ্গে নিয়েই মানবতাবিরোধী এই যুদ্ধাপরাধীদের বিচার করবে। এ বিচার প্রক্রিয়া খুব শিগগির শুরু হবে। যুদ্ধাপরাধীদের বিচার হবেই।’বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি কোনো রাজনীতি নয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। প্রতিপক্ষকে নির্মূলের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।’বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেন, ‘দেশে সামরিক শাসন শুরু করেছিলেন আওয়ামী লীগের বিকল্প নেতা খন্দকার মোশতাক। শহীদ জিয়াউর রহমান সামরিক শাসন জারি করেননি।’পঞ্চম সংশোধনী বাতিলে আদালতের রায়ের বিষয়ে ফারুক বলেন, ‘বর্তমান সরকার হাইকোর্টের ওপরে বন্দুক রেখে বিচার করতে চায়। বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।’প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিরোধী দলের চিফ হুইপ বলেন, ‘১৯৮১ সালের ১৭ মে তিনি স্বদেশে এলেন। ৩০ মে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। কারা টিএসসিতে ষড়যন্ত্র করেছে তা আমরা জানি।’বর্তমানে দেশের অবস্থা ‘ভয়ঙ্কর’ উল্লেখ করে জয়নাল আবদিন বলেন, ‘বিরোধী দলের ওপর চরম জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। আজ টেন্ডারবাজি, ছিনতাই ও দখলবাজদের দৌরাত্ম্যে মানুষ অতিষ্ঠ।’তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে মামলা দেওয়ার সমালোচনা করে জয়নাল আবদিন ফারুক বলেন, ‘রিমান্ডে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে মামলা সাজানো হচ্ছে। পবনকে নিয়েও মামলা সাজানো হলে আমরা বলব, এ সরকারই শেষ সরকার নয় আরও সরকার আছে।’ তিনি বলেন, ‘ভিওআইপির কারণে ৩০ কোটি টাকা সরকার রাজস্ব হারিয়েছে। প্রধানমন্ত্রীর ছেলে সরাসরি এর সঙ্গে জড়িত বলে শোনা যাচ্ছে।’সরকারি দলের চিফ হুইপ আবদুস শহীদ বলেন, ‘কোনো সৈনিকের ঘোষণায় স্বাধীনতার যুদ্ধ শুরু হয়নি। ঘোষণা দেওয়া আর পাঠ করা এক নয়। বঙ্গবন্ধুর পক্ষে উনি ঘোষণাটি পাঠ করেছিলেন।’