ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ নিয়ে কয়েকটি সংবাদপত্রে আমার নামে মিথ্যাচার করেছে। ড্যাপ বাতিল আমি চাইনি। দেশের কোনো সভ্য নাগরিক ড্যাপ বাতিল চাইতে পারে না।’আজ রোববার রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে মোজাম্মেল হক এ কথা বলেন। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় ড্যাপ নিয়ে দেওয়া বক্তব্য বিকৃত ও অসত্যভাবে কয়েকটি পত্রিকায় প্রকাশিত হওয়ার অভিযোগ করেন তিনি। মোজাম্মেল হক বলেন, ‘৩৬ বছর আমি স্থানীয় সরকারের প্রতিনিধি ছিলাম। পরিকল্পিতভাবে নগরায়ণের জন্যই সারা জীবন কাজ করেছি।’ তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণের জন্য ড্যাপের মতো প্রস্তাব অপরিহার্য। তবে এর নকশায় কিছু এলাকাকে কল্পনাপ্রসূতভাবে দেখানো হয়েছে। এটি আরও দেখেশুনে করা প্রয়োজন, এ কথাই আমি ওই সভায় বলেছি। তিনি বলেন, রাজউকের সাত হাজার বাড়ি ভাঙার নোটিশের খবরের সমালোচনা করেছিলেন তিনি। কারণ সামনেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। ওই নির্বাচনে এর প্রভাব পড়তে পারে, সে কারণেই এ কথা বলেছেন।মোজাম্মেল হক বলেন. ‘যুদ্ধাপরাধের বিচার ঠেকাতেই ড্যাপের নামে বিশৃঙ্খলা করা হচ্ছে, এমন কথা আমি বলিনি। বলেছি, এর একটির সঙ্গে আরেকটির যোগসাজশ থাকতে পারে।’এ সময় সংসদে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘মাননীয় সদস্য কোনো পত্রিকা এ ব্যাপারে অসত্য লিখলে বিস্তারিত প্রতিবাদ দিতে পারেন।’রাতে প্রথম আলোর পক্ষ থেকে মোজাম্মেল হকের কাছে জানতে চাওয়া হয়, কোন কোন পত্রিকা আপনার নামে মিথ্যাচার করেছে? তিনি বলেন, কালের কণ্ঠ, যুগান্তর ও বাংলাদেশ প্রতিদিন।