সংবিধান সংশোধন কমিটির চিঠি পর্যালোচনা
কোনো সিদ্ধান্ত ছাড়াই নেতাদের সঙ্গে খালেদার বৈঠক শেষ
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির পাঠানো চিঠি পর্যালোচনা করতে দলের স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে রাত ১০ টার দিকে এ বৈঠক শুরু হয়ে ১১ টার দিকে শেষ হয়। দলীয় সূত্র জানায়, এ বৈঠক থেকে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির পাঠানো চিঠি পর্যালোচনা শেষে ওই কমিটিতে মতামত দেওয়া না দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা হয়েছে। কোনো সিদ্ধান্ত হয়নি।খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমে, তরিকুল ইসলাম, জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান টি এইচ খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।সংসদীয় বিশেষ কমিটি আগামী সোমবার সকাল ১১টায় সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের সময়সূচি নির্ধারণ করেছে। এজন্য খালেদা জিয়াকে গতকাল বুধবার চিঠিও পাঠানো হয়।