কোনো সিনেমার গল্প নয়
অভাবের তাড়নায় নিজের রক্ত বিক্রি করে সন্তানের দুধের টাকা জোগাড় করেছিলেন শারমিন আক্তার। কিন্তু আর পারছিলেন না। বাধ্য হয়ে সন্তানকে দত্তক দেন তিনি। কিন্তু সন্তানের মায়া তাড়া করে ফিরছিল তাঁকে। আবার ফিরিয়েও আনতে পারছিলেন না। তাই আরেক দম্পতির শিশুসন্তান চুরি করে আত্মগোপন করেন তিনি। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম হুসাইন মুহাম্মদ ফজলুল বারীর আদালতে শারমিনের দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে উঠে আসে এই করুণ কাহিনি।আদালত সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চান্দগাঁও থানার হামিদ চর এলাকার একটি বাসায় সাবলেট হিসেবে ওঠেন শারমিন। গত বছরের ১৩ ডিসেম্বর ওই বাসার আরেক দম্পতির তিন বছর বয়সের ছেলে হূদয় চৌধুরীকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে চুরি করে নিয়ে যান তিনি। এ ঘটনায় হূদয়ের মা রেখা বেগম ওই দিন রাতে চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও ১৯ ডিসেম্বর মামলা করেন।আদালত সূত্র জানায়, পুলিশ শারমিনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে। পরে সন্দ্বীপে অভিযান চালিয়ে হূদয়কে উদ্ধার করা হয়। গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে শারমিন পুরো ঘটনার বর্ণনা দেন। জবানবন্দি নেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম।জবানবন্দিতে শারমিন বলেন, ‘একই পোশাকশিল্প কারখানায় কাজ করার সুবাদে প্রায় পাঁচ বছর আগে সন্দ্বীপের ছেলে সাগরকে ভালোবেসে বিয়ে করি আমি। প্রায় সাড়ে তিন বছর আগে ১০ জুন আমাদের একটি ছেলেসন্তান হয়। কিন্তু আমার স্বামী বাচ্চা নিতে চাইছিলেন না। আমার স্বামী, শ্বশুর-শাশুড়ি টাকার জন্য চাপ দিতেন। চাকরিতে মনোযোগ দিতে বলতেন। আমি ওই সময় খুব অভাবে পড়েছিলাম। একদিন নিজের রক্ত বিক্রি করে বাচ্চার দুধ কিনেছিলাম। কিন্তু অভাব-অনটনে আর পারছিলাম না। উপায় না পেয়ে বাচ্চার তিন মাস বয়সে নিঃসন্তান মিনারুল ইসলাম-কুলসুম দম্পতিকে আমি বাচ্চা দত্তক দিই।’শারমিন বলেন, ‘মিনারুল পেশায় চিকিৎসক। আমি ছেলের নাম রেখেছিলাম ওবায়দুল মোস্তফা ওরফে মাহিন। তাঁরা নাম পাল্টে রাখেন আকিল। ওই সময় তাঁরা খুশি হয়ে আমাকে ছয় হাজার টাকা দেন।’শারমিন আদালতে বলেন, ‘আমি ২০০৬ সালে এসএসসি (মাধ্যমিক) পাস করি নারায়ণগঞ্জ আমলাপাড়া বালিকা বিদ্যালয় থেকে। উচ্চমাধ্যমিকে ফেল করলে মা-বাবা রাগারাগি করেন। আমি পালিয়ে চট্টগ্রামে চলে আসি এবং পোশাক তৈরির কারখানায় চাকরি নিই। ওই কারখানার সুদর্শন ছেলে সাগরকে ভালোবেসে বিয়ে করি। টাকা কামালে স্বামী আমাকে ভালোবাসতেন। টাকা না থাকলে স্বামী পছন্দ করতেন না। মারধর করতেন।’জবানবন্দিতে শারমিন বলেন, ‘বাচ্চার জন্মের পর দু-তিন মাস চাকরি করেছি। মিনারুল-কুলসুম দম্পতির কাছে বাচ্চা দত্তক দিয়ে মনের দুঃখে নারায়ণগঞ্জে মায়ের বাড়িতে চলে যাই। আমার স্বামী ফোনে যোগাযোগ করেন। পরে স্বামীর কথায় চট্টগ্রামে ফিরে আরেকটি কারখানায় আমরা দুজনে চাকরি নিই। স্বামীসহ কালুরঘাটের নূর কলোনিতে একসঙ্গে থাকতাম। আমরা ফোন করলে মিনারুল বেশির ভাগ সময় ফোন ধরতেন না। মাঝেমধ্যে ফোন ধরলেও কেবল বলতেন, আমার বাচ্চা ভালো আছে। বাচ্চা দেখতে চাইলে তাঁরা গড়িমসি করতেন। ঠিকানা দেননি। আগের ঠিকানায় তাঁরা থাকেন না।’রেখার শিশু চুরির ঘটনা বর্ণনা দিয়ে শারমিন আদালতে বলেন, ‘আমি রেখার বাসায় সাবলেট ছিলাম পাঁচ-ছয় দিন। আমার শ্বশুর-শাশুড়ি বাচ্চা দেখতে চেয়েছিলেন। মিনারুল আমার বাচ্চা না দেওয়ায় ও সংসার টিকিয়ে রাখতে স্বামীর সহযোগিতায় হূদয়কে কোলে করে সন্দ্বীপে নিয়ে যাই। এই শিশুকে পাচার করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমার ছেলে না পেয়ে হূদয়কে নিয়েছি। হূদয়কে আমার ছেলের নামে মাহিন বলেই ডাকতাম। ওর জন্য অনেক খরচ করেছি। আমি ও আমার স্বামী ছেলেকে সন্দ্বীপে শ্বশুর-শাশুড়ির কাছে রেখে নারায়ণগঞ্জ চলে যাই। সেখানে অন্য একটি চাকরিতে যোগ দিই। আমার সন্তানকে ফেরত চাই।’